আরেকটি উৎসবের দিন?
শেষ ম্যাচের ‘চাপ’ এখন যেন প্রতি সিরিজেই ছায়াসঙ্গী। কখনো শেষ ম্যাচ আসে ‘বাংলাওয়াশে’র প্রত্যাশা নিয়ে। কখনো শেষ ম্যাচ দেখায় সিরিজ জয়ের স্বপ্ন।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ আরও একটি শেষ ম্যাচ আসছে অভূতপূর্ব রোমাঞ্চের হাতছানি নিয়ে। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বলে শেষ ম্যাচটা হয়ে গেছে অলিখিত ফাইনাল, বাংলাদেশকে দেখাচ্ছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম সিরিজ জয়ের স্বপ্ন।
দুটি কারণে দক্ষিণ আফ্রিকা সিরিজের তিন ম্যাচে অন্তত একটা জয় দরকার ছিল বাংলাদেশের। প্রথমত, পাকিস্তান ও ভারত সিরিজে পাওয়া সাফল্যের ধারাটা যে উপমহাদেশের বাইরের মহাপেশাদার দলের বিপক্ষেও ধরে রাখা সম্ভব, সেটা প্রমাণ করা। দ্বিতীয়ত, চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিশ্চিত করা। দ্বিতীয় ম্যাচে জিতে দুটি লক্ষ্যই পূরণ হয়ে গেছে বলা যায়। তবে বাংলাদেশ দল যে তাতেই ‘সব পাওয়া হয়ে গেছে’ বলে ভাবছে না, তা বোঝা গেছে ম্যাচ শেষে মাশরাফি বিন মুর্তজার কথায়। চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে এত আলোচনায় অধিনায়ক বরং একটু বিরক্তই। তাঁর একমাত্র চাওয়া, সাফল্যের রেলগাড়িটা ছুটুক আরও দুর্বার গতিতে।
ভালো খেলার পরও সেই রেলগাড়ি আজ একটু থামলেও বাংলাদেশের ক্রিকেটের খুব ক্ষতি হবে না। মাশরাফির কথা মেনে আপাতত চ্যাম্পিয়নস ট্রফির প্রসঙ্গ যদি বাদও দেন, জয়ের মধ্যে থাকার পরীক্ষায় তো তারা দ্বিতীয় ওয়ানডেতেই উত্তীর্ণ। তবে হারানোর অনেক কিছু আছে দক্ষিণ আফ্রিকার। তিন বছর ধরেই দলটা আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ ধারাবাহিক। হাশিম আমলার নেতৃত্বে বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ হেরে গেলে সে অহংকারে ধাক্কা লাগবেই। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে লেগ স্পিনার ইমরান তাহির অবশ্য দাবি করে গেলেন, স্নায়ুচাপের এই সময়টাতেও দক্ষিণ আফ্রিকানদের কপালে চিন্তার বলিরেখা নেই।
দক্ষিণ আফ্রিকার ‘চোকার’ পরিচিতির সঙ্গে কথাটা যায় না। বড় পরীক্ষায় তাদের ভেঙে পড়ার উদাহরণ তো আর আজকের নয়! বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দক্ষিণ আফ্রিকার মতো দলের জন্য সে রকম বড় পরীক্ষা না হতে পারে, তবে সিরিজ নির্ধারক ম্যাচ তো অবশ্যই তা। দক্ষিণ আফ্রিকার জন্য সমস্যা সৃষ্টি করতে পারে প্রচণ্ড গরমও। কাল ৩২ ডিগ্রি সেলসিয়াসে সবার ঘেমেনেয়ে একাকার অবস্থা। আবহাওয়ার পূর্বাভাস আবার বলছে, আজ চট্টগ্রামে বৃষ্টিরও সম্ভাবনা আছে।
বৃষ্টির চোখ রাঙানি উপেক্ষা করে খেলাটা ঠিকঠাকভাবে হলে দুই শ রানের বেশি হলে সেটাকেই যথেষ্ট মনে করেন ইমরান তাহির। পরে আবার নির্দিষ্ট করে বলেছেন, আড়াই শ রান নিরাপদ। বাংলাদেশ সহ-অধিনায়ক সাকিব আল হাসানও মানছেন, ২৫০ রান দুই দলের জন্যই চাপ হবে।
বাংলাদেশের জন্য চাপ অবশ্য সিরিজ নির্ধারণী শেষ ম্যাচের ইতিহাসও। জিতলে সিরিজ জয়, হারলে সিরিজ হার—এমন ৯টি ম্যাচ খেলে বাংলাদেশের জয় মাত্র তিনটিতে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ সহ-অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য এই রেকর্ডকে পাত্তাই দিলেন না। তাঁর চোখে বরং উঁকি দিচ্ছে বড় কিছুর স্বপ্ন, ‘আমরা যেহেতু গত ম্যাচটা জিতেছি, আমাদের সামনে এখন অনেক বড় কিছু পাওয়ার হাতছানি। অবশ্যই সবাই চেষ্টা করবে ম্যাচটা জিততে। নিজেদের মাঠে যে ভালো সময়টা চলছে, সেটা যেন ধরে রাখতে পারি।’
সেই ‘ভালো সময়’, তার ওপর সিরিজ নির্ধারণী ম্যাচ। টিকিট নিয়ে কাল চট্টগ্রামজুড়ে যে হাহাকারের কথা শোনা গেল, তাতে গ্যালারি পরিপূর্ণই থাকার কথা। ‘কোথাও টিকিট নেই’ জানিয়ে স্থানীয় আয়োজকদের একজন জানালেন, ম্যাচের দিন স্টেডিয়ামের বুথেও টিকিট বিক্রি হবে না।
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কাল বাংলাদেশ দলের অনুশীলন দেখতে এলে অবশ্য কিঞ্চিত চিন্তিত হয়ে পড়তেন চট্টগ্রামের দর্শকেরা। দলের সবাই যখন গা গরমের ফুটবল খেলছিল, ঘরের ছেলে তামিম ইকবাল তখন ছাতার নিচে চেয়ারে বসে, সঙ্গে কোচ চন্ডিকা হাথুরুসিংহে আর এক জোড়া ক্রাচ। না, ক্রাচ জোড়া তামিমের ছিল না। খেলোয়াড়ি জীবন থেকেই ডান পায়ের গোড়ালিতে একটা ব্যথা বয়ে বেড়াচ্ছেন হাথুরুসিংহে। সেটাই আবার মাথাচাড়া দিয়ে ওঠায় কয়েক দিন ধরে ক্রাচে ভর দিয়ে হাঁটছেন কোচ। আর তামিম ফুটবল খেলেননি পায়ে সামান্য ব্যথা থাকায়। তবে সেটা তাঁর খেলার পথে কোনো বাধা হচ্ছে না। সংশয় কেটে গেছে আগের ম্যাচে লিটনের পাওয়া হাতের ব্যথা নিয়েও। ‘জয়ী দল পরিবর্তন করতে নেই’ নীতি অনুসরণ করেই কি না বাংলাদেশ সম্ভবত মাঠে নামছে দ্বিতীয় ম্যাচের একাদশ নিয়েই।