আরেকটি টেস্ট খেলতে ২২ বছরের অপেক্ষা!

শারজায় পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্টটি খেলতে নামার আগে আবেগ ছুঁয়ে গিয়েছিল সামিত প্যাটেলকে। ছোঁয়ারই কথা, জাতীয় দলে ফেরার আশা হয়তো ছেড়েই দিয়েছিলেন এক রকম। তিন বছর ধরে যে ডাক পড়েনি দলে! শারজা টেস্ট খেলে প্যাটেল যখন ফিরলেন, সেই টেস্টে আবার বিদায় নিয়ে নিলেন শোয়েব মালিক। যে মালিক আবার এই সিরিজের আগে টেস্ট খেলেননি টানা পাঁচ বছর।
এত দিন ধরে টেস্ট খেলতে না-পারা নিশ্চয়ই যন্ত্রণার। এমন তালিকায় প্যাটেল-মালিকের মতো আরও কতজনই না আছেন। তবে তাঁরা সবাই এই ভেবে সান্ত্বনা পেতে পারেন, ‘যাক, আমি তো আর জন ট্রাইকস নই।’ আরেকটি টেস্ট খেলতে যে ২২টি বছর অপেক্ষা করতে হয়েছিল ট্রাইকসকে!
এই অফ স্পিনারের টেস্ট অভিষেক ১৯৭০ সালে। দক্ষিণ আফ্রিকা দলের হয়ে খেলেছিলেন ৩টি টেস্ট। এর পরই বর্ণবাদের কারণে আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয়ে যায় দক্ষিণ আফ্রিকা। বছরের পর বছর কাটতে থাকে। টেস্ট ক্যারিয়ার শেষ বলেই ধরে নেন ট্রাইকস। সেটি পুনর্জীবন পেল জিম্বাবুয়ে টেস্ট মর্যাদা পাওয়ায়। জন্ম মিসরে, তবে রোডেশিয়াতেই বেড়ে ওঠা। দক্ষিণ আফ্রিকার পক্ষে খেলেছিলেন সেই সূত্রেই, রোডেশিয়া তখন দক্ষিণ আফ্রিকার অংশ। ১৯৯২ সালে জিম্বাবুয়ের টেস্ট অভিষেকের সময় ট্রাইকসের বয়স পেরিয়ে গেছে ৪৫। কিন্তু তখনো তিনি দেশের সেরা স্পিনার। ২২ বছর ২২২ দিন বিরতি দিয়ে আবারও তাই টেস্ট খেলতে নামলেন ট্রাইকস। ভারতের একমাত্র ইনিংসে ৫ উইকেট নিয়ে স্মরণীয় করে রাখলেন সেই ফেরাটাও।
দুই টেস্টের মাঝখানে সবচেয়ে বড় বিরতির এই রেকর্ডে পরের নামটি জর্জ গান। ১৯১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিডনি টেস্টে দুই ইনিংসেই ফিফটি পেয়েছিলেন এই ইংলিশ। কিন্তু তারপরও দল থেকে বাদ পড়েন। এরপরে আর ডাক পাননি প্রায় দেড় যুগ। ১৭ বছর ৩১৬ দিন পরে যখন আবার ডাক পেলেন, তত দিনে তাঁর বয়স হয়ে গেছে ৫০! তালিকায় তিনে থাকা ইউনিস আহমেদকে ১৯৬৯ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে লাহোর টেস্ট খেলার পর আবারও পাকিস্তানের টেস্ট ক্যাপ পরার আগে অপেক্ষায় থাকতে হয়েছিল ১৭ বছর ১১১ দিন। সেটিও অদ্ভুতভাবে। ১৯৮৭ সালে ইমরান খানের পাকিস্তান এলো ভারত সফরে। সেখানে এসে ইমরানের মনে হলো, দলে একজন বাঁহাতি ব্যাটসম্যান থাকলে ভালো হতো। পাকিস্তান ক্রিকেটে তখন ইমরানের কথাই ‘আইন’। নিজেই সিদ্ধান্ত নিয়ে ইংলিশ কাউন্টি খেলতে থাকা ইউনিস আহমেদকে তাই ডেকে পাঠালেন ইমরান। সেই সিরিজের দুই টেস্ট খেলেই অবশ্য ইউনিসের ক্যারিয়ারের সমাপ্তি।
এ তো গেল সময়ের হিসাব। তবে দুই টেস্টের মাঝখানে টেস্ট সংখ্যা বিবেচনা করলে তালিকার শীর্ষে থাকবেন ইংলিশ মার্টিন বিকনেল। এই পেসারের ক্যারিয়ারের দ্বিতীয় ও তৃতীয় টেস্টের মধ্যে সময়ের ব্যবধান দশ বছর। এই সময়ে ইংল্যান্ড কতটি টেস্ট খেলেছে জানেন? ১১৪টি! তালিকায় এর পরই রয়েছেন ফ্লয়েড রেইফার (১০৯ টেস্ট), ইউনিস আহমেদ (১০৪) এবং ডেরেক শ্যাকলটন (১০৩)।
এর মধ্যে রেইফারের নামটি পরিচিত লাগার কথা। ২০০৯ সালে টাকাপয়সা নিয়ে বোর্ডের সঙ্গে বিবাদে ক্রিস গেইলরা ধর্মঘটে যাওয়ায় বাংলাদেশের বিপক্ষে দলকে নেতৃত্ব দিতে রেইফারকে ফিরিয়ে আনে ওয়েস্ট ইন্ডিজ বোর্ড। ওই সিরিজের পরই আবার হারিয়ে গেছেন তিনি। তবে একটা ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন, আবার টেস্ট খেলতে এক শ ম্যাচের দীর্ঘ অপেক্ষায় থাকতে হবে না রেইফারকে। তাঁর ক্যারিয়ারই যে শেষ!