আরেকটি দারুণ জয় নিউজিল্যান্ডের

মাত্র ছয় রানের জন্য সেঞ্চুরি পাননি মাহেলা জয়াবর্ধনে। কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে এসেছে ভালো একটা ইনিংস। তিলকরত্নে দিলশানও নেলসনের মাঠ কাঁপিয়েছেন আপন মহিমায়। কিন্তু তিন সিনিয়র জ্বলে ওঠার পর স্কোরবোর্ডে তিন শ রানের বেশিই দেখছিল শ্রীলঙ্কা। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় সংগ্রহটা তিন শ না ছুঁয়ে তা থেমে গেল ২৭৬ রানেই। দিন শেষে কিউই ব্যাটসম্যানদের দারুণ ব্যাটিংয়ে ৪ উইকেটের পরাজয়ে সংগ্রহটাকে অপ্রতুলই মনে হলো লঙ্কানদের।
২৭৬ রানের সংগ্রহটা একটা সময় কিন্তু যথেষ্টই মনে হচ্ছিল শ্রীলঙ্কার। রান তাড়া করতে নেমে, এক শর আগেই ৩ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। কিন্তু চতুর্থ ও পঞ্চম উইকেট জুটিতে যথাক্রমে গ্র্যান্ট এলিয়ট ও কুরি অ্যান্ডারসনের সঙ্গে দুটি দারুণ জুটি গড়েই ম্যাচটা নিজেদের করে নেন। এলিয়টের সঙ্গে চতুর্থ উইকেট-জুটিটা ছিল ৮৮ রানের। অ্যান্ডারসন আর উইলিয়ামসন মিলে পঞ্চম উইকেটে যোগ করেছেন ৭৯ রান। দুটি দারুণ জুটির রূপকার কেন উইলিয়ামসন থেমেছেন ১০৩ রানে। এলিয়টের ৪৪ আর অ্যান্ডারসনের ৪৭ এগারো বল বাকি রেখেই জয়ের বন্দরে নিয়ে যায় কিউইদের।
এর আগে টসে জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুটা কিন্তু মোটেও ভালো ছিল না। মাত্র ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে লঙ্কানদের উদ্ধার করেন ওই তিন সিনিয়র-মাহেলা জয়াবর্ধনে, কুমার সাঙ্গাকারা ও তিলকরত্নে দিলশান। দিলশান করেন ৪৪, মাহেলা ৯৪ রানে অ্যান্ডারসনের বলে লুক রনচির হাতে ধরা পড়েন। সাঙ্গাকারা ৭৬ রানে ফেরেন অ্যাডাম মিলনের বলে। মিলনে পরপর দুই বলে সাঙ্গাকারা ও অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুসকে ফিরিয়েই মূলত বাজিমাতটা করেন। মিলনেও ওই স্পেলটি না হলে খুব স্বাভাবিকভাবেই লঙ্কানদের সংগ্রহটা চলে যেত ধরাছোঁয়ার বাইরেই।
নিউজিল্যান্ডের পক্ষে টিম সাউদি ৫৯ রানে তুলে নেন ৩ উইকেট। মিলনে মাত্র সাত ওভার বল করে ২৮ রানে নেন ২ উইকেট। এ ছাড়া ম্যাকক্লেনাঘানের দখলে গেছে ২ উইকেট।
২৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডও শুরুতে ছিল বিপদে। ৬৩ রানে ৩ উইকেট হারিয়ে ২৭৬ রানটা অনেক দূরেরই মনে হচ্ছিল কিউইদের। কিন্তু উইলিয়ামসন-এলিয়ট-অ্যান্ডারসন ত্রয়ীর অনবদ্য ব্যাটিংয়ে শেষ হাসিটা হেসেছে তারাই। লঙ্কান বোলারদের মধ্যে কুলাসেকেরা, ম্যাথুস, হেরাথ, পেরেরা, মেন্ডিস একটি করে উইকেট নিলেও দলের পরাজয় রোধ করতে পারেননি। এই জয়ে সাত ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। সূত্র: এএফপি।