আরেকটি মাইলফলকের সামনে সাকিব

গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে শেষ হয়ে যাওয়ার পর টেলিভিশন সাক্ষাৎকারে বাংলাদেশ কোচের কণ্ঠে বিস্ময়, ‘সাকিব ৫ উইকেট পাওয়ায় ভালো লাগছে। কিন্তু ওয়ানডেতে এটা ওর প্রথম ৫ উইকেট শুনে একটু অবাক হয়েছি। ভেবেছিলাম ওর হয়তো এ রকম অনেক ৫ উইকেট আছে।’
চন্ডিকা হাথুরুসিংহের মতো বিভ্রমটা অনেকেরই ছিল। টেস্ট ক্রিকেটে যে বোলার চৌদ্দবার ৫ উইকেট পেয়েছেন; আছে এক টেস্টে ১০ উইকেট পাওয়ার গৌরব, যিনি শিগগিরই হতে যাচ্ছেন ওয়ানডেতে দেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারি, তাঁরই কিনা ওয়ানডেতে নেই একটিও ৫ উইকেট-কীর্তি!
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের অতৃপ্তি ছিল আসলে ওই একটাই। সেটাও দূর হয়ে গেল শনিবার রাতে। জিম্বাবুয়ের বিপক্ষে ৪৭ রানে ৫ উইকেট নিয়ে তিনি নতুন করে লিখলেন তাঁর বোলিং রেকর্ডটা। এর আগে ছয়বার ৪ উইকেট পেলেও পরের ধাপটাতে আর যেন যেতেই পারছিলেন না সাকিব। অবশেষে সে অপূর্ণতা দূর করতে পেরে স্বাভাবিকভাবেই খুশি তিনি, ‘এর আগেও অনেকগুলো ইনিংসে এ রকম সুযোগ এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারিনি। এবার সফল হতে পেরে খুব ভালো লাগছে।’
কালকের ৫ উইকেট নতুন এক মাইল ফলকেরও হাতছানি দিচ্ছে সাকিবকে। ১৫৩ ম্যাচে ২০৭ উইকেট নিয়ে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ওয়ানডে উইকেটের মালিক এখনো পর্যন্ত আবদুর রাজ্জাক। ১৫৭ ওয়ানডে খেলে সাকিব রাজ্জাকের অর্জনের চেয়ে দাঁড়িয়ে আছেন মাত্র ১ উইকেট দূর। আগামীকাল সোমবার মিরপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই পাচ্ছেন রাজ্জাককে ছাড়িয়ে যাওয়ার সুযোগ। তবে সাফল্যের মুকুটে যে আরেকটি পালক যোগ হতে যাচ্ছে সেটাকে স্বাভাবিকভাবেই নিচ্ছেন এই বাঁহাতি স্পিনার, ‘যে কাজটা আমি সব সময় করার চেষ্টা করি, অর্থাৎ ভালো জায়গায় বল ফেলা...সেটাই করে যাচ্ছি এখনো।’ গতকাল ২ উইকেট নিয়ে বাংলাদেশ দলের পক্ষে দুইশর বেশি উইকেট আছে এখন ১৫৬টি ওয়ানডে খেলা মাশরাফি বিন মুর্তজারও (২০১)। আর টেস্টে তো সাকিব আগে থেকেই সবার ওপরে। ৪২ টেস্টে ১৪৭ উইকেট।
বল হাতে সফল হলেও প্রথম ওয়ানডেতে নিষ্প্রভ ছিল সাকিবের ব্যাট। আউট হয়ে গেছেন ১৬ রান করে। সেজন্য অতৃপ্তি থাকলেও অনেক দিন পর খেলতে নামাকে এর একটা কারণ মনে করছেন তিনি। বেশি আফসোস বরং দলের রান তিনশ না হওয়াতেই, ‘আমরা আমাদের সেরা ব্যাটিং করতে পারলে হয়তো আরও ২০-২৫ রান বেশি হতো।’ তবে নিজেদের বোলিং শক্তির ওপর আস্থাটা ছিল, ‘আমাদের যে বোলিং আক্রমণ অনুযায়ী ২৭৩ রানও খারাপ ছিল না।’