আরেকটি 'জয়ের' অপেক্ষায় সৌম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চোটের কারণে খেলার বাইরে ছিলেন বলেই সুযোগ হয়েছিল ১৩ নভেম্বর প্রথম আলোর পাঠক উৎ​সবে আসার। ক্রীড়া বিভাগের স্টল ‘খেলাঘর’-এর দেয়ালে মূর্ত হয়ে ওঠা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ছবি দেখছিলেন সৌম্য সরকার l প্রথম আলো
চোটের কারণে খেলার বাইরে ছিলেন বলেই সুযোগ হয়েছিল ১৩ নভেম্বর প্রথম আলোর পাঠক উৎ​সবে আসার। ক্রীড়া বিভাগের স্টল ‘খেলাঘর’-এর দেয়ালে মূর্ত হয়ে ওঠা বাংলাদেশের ক্রীড়াঙ্গনের ছবি দেখছিলেন সৌম্য সরকার l প্রথম আলো

অনুশীলন শেষে ফেরার পথে সঙ্গে আসা বন্ধু শুভর একের পর এক ছবি তুলছিলেন সৌম্য সরকার। মেঘাচ্ছন্ন হেমন্তের ধূসর দুপুরে অনেক চেষ্টা করেও ছবি হচ্ছিল না ঠিকঠাক। অগত্যা বিরস বদনে বন্ধুর অনুযোগ, ‘নাহ্, বুঝছি তোর আজ মুড নেই। যতই ছবি তুলিস, ভালো হবে না।’ শুধু এদিনই নয়, সৌম্যর মনটা বোধ হয় ভালো নেই অনেক দিন ধরেই। জিম্বাবুয়ে সিরিজ শেষ, বিপিএল শুরু হতেও কটা দিন বাকি। কেমন এক শূন্যতা চারদিকে। সেই শূন্যতা কি ছুঁয়ে যাচ্ছে সৌম্যকেও?
কাল বেলা ১১টার দিকে স্টেডিয়ামে এসেই বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে চলে গেলেন ইনডোরে। জিম্বাবুয়ে সিরিজের আগে আকস্মিকভাবে পাঁজরের চোটে ছিটকে পড়ার পর সৌম্যর এখনকার লড়াই দ্রুত সেরে ওঠা। প্রায় দুই সপ্তাহ পর প্রথম ব্যাট করলেন কাল। জানালেন, আগের চেয়ে ভালো বোধ করছেন এখন। আজ দেখা করবেন বিসিবির চিকিৎসকের সঙ্গে। এরপরই জানতে পারবেন, কবে নামতে পারবেন মাঠে, ‘আগের চেয়ে অবস্থা ভালো। চোট থেকে ধীরে ধীরে সেরে উঠছি। দুই সপ্তাহ পর আজ (কাল) প্রথম ব্যাট করলাম। কাল (আজ) চিকিৎসকের সঙ্গে দেখা করে জানতে পারব, কবে মাঠে নামতে পারব।’
প্রত্যাশা অনুযায়ী চোট কাটিয়ে সৌম্যর মাঠে ফিরতে পারার কথা ২৪ নভেম্বর। কিন্তু অবস্থার উন্নতিটা প্রত্যাশার চেয়ে বেশি হওয়ায় এখন হয়তো দু-তিন দিন আগেই নেমে যেতে পারবেন। সে ক্ষেত্রে বিপিএলের শুরু থেকেই থাকতে পারবেন মাঠে। তবে এই টুর্নামেন্টে সৌম্য বল করবেন কি না, কৌতূহলের বিষয় সেটাই। ঝুঁকিমুক্ত থাকতে বোলিং থেকে নাকি আপাতত দূরেই থাকতে চাচ্ছেন তিনি।
বছরজুড়ে দারুণ ছন্দে থাকা সৌম্যর জন্য ধাক্কাটা হঠাৎ করেই এসেছে। সেপ্টেম্বরে ‘এ’ দলের হয়ে ভারত সফরে রান পাননি। রান পাননি ঘরোয়া ক্রিকেটে; এমনকি অক্টোবরে ‘এ’ দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরেও। জিম্বাবুয়ে সিরিজের আগে আততায়ীর মতো হানা দিল চোট। যাঁর মুখে বছরজুড়ে শুধু হাসিই দেখা গেছে, সেই সৌম্যর মধ্যেই ভর করেছে অদ্ভুত এক বিষণ্নতা।
জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি দেখেছিলেন গ্যালারিতে বসে। গত বছর ডিসেম্বরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর ‘দর্শক’ হওয়ার অভিজ্ঞতা এই প্রথম। দলে এখন জায়গা ধরে রাখা নিয়ে যে সুস্থ প্রতিযোগিতা, একবার ছিটকে পড়া মানেই কপালে চিন্তার ভাঁজ। দলে যে-ই আসছেন, সুযোগ কাজে লাগাচ্ছেন। সৌম্যর জায়গায় দলে ফেরা ইমরুল কায়েসের পারফরম্যান্স সেটার সর্বশেষ উদাহরণ।
দলে জায়গা ধরে রাখা নিয়ে তাই একটু হলেও চিন্তিত সৌম্য, ‘চিন্তা তো থাকেই। তবে দলের জন্য এটা খুবই ভালো। সুযোগ পেলে সবাই সেটা কাজে লাগাচ্ছে। নিজের ভেতরও তাড়না অনুভব করি, দলে এলে আরও ভালো পারফর্ম করতে হবে। নিজের জায়গা ধরে রাখতে হবে। সব সময় এমন প্রতিদ্বন্দ্বিতা দলের জন্য ভালো, ব্যক্তিগতভাবেও ভালো।’
সৌম্য এখন সে প্রতিদ্বন্দ্বিতায় আরেকবার জেতার অপেক্ষায়।