আরেকটি 'ম্যাচ ফিক্সিং অভিযোগ', ওয়াকারের অস্বীকার

ইংল্যান্ড-পাকিস্তানের মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচটি নিয়েই যত সমস্যা। গত মঙ্গলবার শারজায় অনুষ্ঠিত এই ম্যাচ পাকিস্তানি খেলোয়াড়দের হাবভাব দেখে নাকি ম্যাচটাকে ‘পাতানো’ মনে হয়েছে ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের কাছে। আইসিসির দুর্নীতি-বিরোধী ইউনিটও (আকসু) নাকি এই ম্যাচটিকে সন্দেহের চোখে দেখছে। এই ম্যাচে তিন পাকিস্তানি ব্যাটসম্যানের রান আউটে কাটা পড়া, ফ্ল্যাট ব্যাটিং উইকেটে দলের ২০৮ রানে অলআউট হওয়া কিংবা রান তাড়া করতে নেমে একপর্যায়ে ৯৩ / ৪ হয়ে যাওয়ার পরেও খুব সহজেই ইংল্যান্ডের ম্যাচটি জিতে যাওয়াই মেলে দিয়েছে সন্দেহের ডালপালা। সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভনও এক টুইটে এ ব্যাপারে যাবতীয় সন্দেহকে দিয়েছেন ভিন্নমাত্রা।
পাকিস্তান কোচ ওয়াকার ইউনিস অবশ্য ম্যাচ পাতানোর এই অভিযোগ উড়িয়েই দিয়েছেন। তিনি মঙ্গলবারের ম্যাচে দলের পরাজয় কিংবা পরাজয়ের ধরনকে দুর্ভাগ্যজনক বললেও জোর গলাতেই বলেছেন, এ ব্যাপারে তিনি দলের কোনো খেলোয়াড়কে বিন্দুমাত্রও সন্দেহ করেন না, ‘এই অভিযোগটা আমি নানা জায়গাতে শুনছি। তবে আমি আমার দলের খেলোয়াড়দের ব্যাপারে খুবই পরিষ্কার এবং নিশ্চিন্ত।’
যেকোনো খেলাতেই জয়-পরাজয়কে সম্পূরক মনে করেন ওয়াকার। কিন্তু নিজের দলের কোনো খেলোয়াড়ের প্রতি তাঁর সন্দেহ নেই বলেই জানিয়েছেন তিনি, ‘খেলায় জয়ও যেমন আছে। পরাজয়ও থাকবে। মঙ্গলবারের পরাজয়টাকে আমি দুঃখজনক মনে করি। কিন্তু আমার দলের কোনো খেলোয়াড় দুর্নীতির সঙ্গে জড়িত থাকতে পারে, এটা আমি বিশ্বাস করি না।’
সাবেক ইংলিশ অধিনায়ক তাঁর টুইটারে এই ম্যাচটি সম্পর্কে যা লিখেছিলেন তা ম্যাচ পাতানোর সন্দেহকেই আরও উসকে দেয়। আলোচনা-সমালোচনা ও বিতর্কের ঝড় ওঠায় তিনি অবশ্য তাঁর টুইট বার্তাটি পরে মুছে দিয়েছিলেন। ভন লিখেছিলেন, তিনটি রান আউট আর পাকিস্তানিরা বেশ কিছু বাজে শট খেলল.... এমনটা আগে দেখিনি। তারা নিশ্চয়ই সবাইকে বোকা মনে করে। ক্রিকেট খেলাটা আমরা অনেক সন্দেহ নিয়ে দেখি। আমি এই ব্যাপারটিই চরম অপছন্দ করি। এটা তো হওয়ার কথা নয়!’
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি শাহরিয়ার খান ভনের এই টুইটের সমালোচনা করেছেন বেশ কড়াভাবেই, ‘যদিও সে পরে টুইটটি মুছে দিয়েছিল, কিন্তু তা যা ক্ষতি করার করে ফেলেছে। ব্যাপারটা নিয়ে আমাদের প্রতিক্রিয়া ব্যক্ত করা তো উচিতই, পুরো বিষয়টিকেই আইসিসিকে জানানো উচিত।’
ম্যাচ পাতানোর কেলেঙ্কারিতে পাকিস্তানি ক্রিকেটারদের জড়িয়ে পড়া নতুন কিছু নয়। ১৯৯৫ সালেই দুই অস্ট্রেলীয় ক্রিকেটার মার্ক ওয়াহ ও শেন ওয়ার্ন সে সময়কার পাকিস্তান অধিনায়ক সেলিম মালিককে অভিযুক্ত করেছিলেন। তাঁদের অভিযোগ ছিল, মালিক নাকি খারাপ খেলার জন্য তাদের ঘুষের প্রস্তাব দিয়েছিলেন। মার্ক ওয়াহ আর শেন ওয়ার্নের অভিযোগ পাকিস্তান সরকারকে ব্যাপারটি নিয়ে তদন্ত করতে বাধ্য করেছিল। ২০০০ সালে সেলিম মালিককে ম্যাচ পাতানোর দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ক্রিকেট থেকে আজীবন নিষিদ্ধ করা হয়। পাকিস্তান সরকারের তদন্তে তখন জরিমানা করা হয়েছিল ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনিস ও মুশতাক আহমেদকে। ২০১০ সালে স্পট ফিক্সিং-কাণ্ডে নিজেদের জড়িয়ে ক্রিকেট থেকে বহিষ্কৃত হন মোহাম্মদ আমির, সালমান বাট ও মোহাম্মদ আসিফ। বিভিন্ন মেয়াদে তাদের কারাভোগও করতে হয়েছে। স্পট ফিক্সিংয়ের কারণে আজীবন নিষেধাজ্ঞা ভোগ করছেন লেগ স্পিনার দানিশ কানেরিয়া। সূত্র: এএফপি।