আরেকটু ইতিবাচক হতে পারত বাংলাদেশ

নাজমুল আবেদীনফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ ও শ্রীলঙ্কার সিরিজ নিয়ে নিয়মিত প্রথম আলোতে বিশ্লেষণ থাকছে ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীনের সৌজন্যে। মুশফিকের কীর্তি, তামিম-লিটনের দারুণ ব্যাটিংয়ের পর টেস্টের চতুর্থ দিন শেষে তাঁর বিশ্লেষণ বলছে, বাংলাদেশ আরেকটু ইতিবাচক হতে পারত।

দুই দিনই বাংলাদেশের ব্যাটিংয়ে একই চিত্র দেখলাম। প্রথম সেশনে পুরো দাপট, পরের সেশনে ৩ উইকেট হারিয়ে খেই হারানো।

আজ তো দ্বিতীয় সেশনের প্রথম ২ বলে ২ উইকেট নেই। না হলে আরেকটু আক্রমণাত্মক হতে পারতাম। লিটন ও মুশফিকের জুটি আরও কিছুক্ষণ থাকলে কিংবা তারপর তামিম বা সাকিবের সঙ্গে মুশফিকের জুটি বড় হলে আরেকটু দ্রুত রান তোলার চিন্তা করতে পারতাম। লিটন ও তামিমের দ্রুত বিদায়ের কারণে সেটি সম্ভব হলো না।

এরপরই হয়তো দলের কৌশল বদলে রক্ষণাত্মক হয়ে গেছে, না হলে শ্রীলঙ্কা সুযোগ পেত। হয়তো বাংলাদেশ দল এমন একটা অবস্থানেই আসতে চেয়েছিল, যেখানে হারার সম্ভাবনা থাকবে না। প্রথম ইনিংসের ব্যাটিংয়ের উদ্দেশ্য এমনই মনে হয়েছে।

লম্বা সময় ধরে মুশফিক-লিটনের জুটি হলেও রান তোলার গতি তেমন ছিল না। রক্ষণাত্মক মানসিকতার কারণে দ্রুত রান তোলার সুযোগ নিতে পারেনি তারা। এ কৌশলে অবশ্য ভুল কিছু নেই। লাঞ্চের পরপর লিটন-তামিমের দ্রুত আউট হয়ে যাওয়াতে শঙ্কাটা সত্যি হয়েছে বলা যায়।

আবার অনেক সময় ম্যাচ হেরে গেলেও কেউ শতক করলে অনেক কৃতিত্ব দিই, উৎসব করি। অথচ ওই ইনিংস কোনো কাজে আসে না। অথচ দ্রুত খেলতে গিয়েও যদি ৮০-৯০ রানে আউট হয়ে যাই, তাহলে দ্রুত রান তোলার চাহিদাটা মেটানো যায়।
ক্রিকেট কোচ ও বিশ্লেষক নাজমুল আবেদীন

তবে আমরা আরেকটু ইতিবাচক হতে পারতাম। যতটুকু সময় ও সুযোগ পেয়েছি, যেভাবে জুটি হয়েছে, ক্রিজে থিতু ব্যাটসম্যান পাওয়া গেছে, তাতে ৪০-৫০ রান বেশি করে শ্রীলঙ্কাকে আরও চাপে ফেলা যেত। লিডটা ১১০-১২০ হলে শ্রীলঙ্কা কোণঠাসা থাকত। একটা বিপরীতমুখী ব্যাপার খেয়াল করি বাংলাদেশের ব্যাটিং ও বোলিংয়ে।

বোলিংয়ে কিন্তু আমরা বেশ আক্রমণাত্মক, তখন জেতার ভাবনাই থাকে বলে মনে হয়। কিন্তু ব্যাটিংয়ের সময় আরেকটু দ্রুত রান তুলে যে শ্রীলঙ্কাকে একেবারেই ম্যাচ থেকে ছিটকে দেওয়া সম্ভব—সে ঝুঁকিটি নিইনি। অবশ্যই এর পেছনেও যুক্তি আছে, হিতে বিপরীত হতে পারত।

আমাদের সবার মধ্যে একটা প্রবণতা আছে—খেলোয়াড় হোক বা দল অথবা আমরা যারা খেলা অনুসরণ করি। আমাদের মাইলফলক বা শতকের প্রতি একটা দুর্বলতা আছে। এ জন্য আমরা অনেকটাই ছাড় দিই।

এ কারণেই অনেক সময় দেখি, ম্যাচের প্রয়োজনের সঙ্গে ব্যক্তিগত অর্জনের ব্যাপারটা মেলে না। শতক সামনে থাকলে ধীরগতিতে, সময় নিয়ে খেলি। ম্যাচে যে দাপট ধরে রাখতে চাই, সেটি পারি না। আমার মনে হয়, মাঝেমধ্যে ২০০ বল খেলে শতক করার চেয়ে ১৫০ বল খেলে ৮০-৮৫ রান করাটা বেশি জরুরি।

সেঞ্চুরির পর মুশফিক
শামসুল হক

ম্যাচের পরিস্থিতিতে অনেক সময় দলের দ্রুত রান দরকার হয়। তখন শতকের কথা না ভেবে দলের প্রয়োজনের দিকে যাব কি না, সেটি ভাবা দরকার। আবার অনেক সময় ম্যাচ হেরে গেলেও কেউ শতক করলে অনেক কৃতিত্ব দিই, উৎসব করি। অথচ ওই ইনিংস কোনো কাজে আসে না। অথচ দ্রুত খেলতে গিয়েও যদি ৮০-৯০ রানে আউট হয়ে যাই, তাহলে দ্রুত রান তোলার চাহিদাটা মেটানো যায়।

আজ অনেকেই যেমন বলবে, লিটন শতকটা করতে পারল না। কিন্তু সেটি গুরুত্বপূর্ণ নয়। মুশফিকের সঙ্গে জুটিতে তার অবদানটা গুরুত্বপূর্ণ। অথচ আমরা মাইলফলক নিয়ে খুব বেশি হা–হুতাশ করি।

লিটনের ব্যাটিংটা অবশ্য একেবারে যেটা বলে ‘অ্যান্টিক্লাইমেটিক’। প্রথম সেশনে এত ভালো খেলে বিরতির পর ঠিক প্রথম বলেই এমন শট খেলা! অত সুন্দর ইনিংসের অমন শেষ! যেখানে বোলারের কোনো কৃতিত্বই নেই। শুধু ইনিংস বড় করা নয়, ওই পর্যায়টা পার হলে আরেকটু আক্রমণাত্মক খেলার সুযোগ পেত। দলের কৌশলও বদলাত, স্ট্রোকপ্লে দেখতে পেতাম, দল আরেকটু শক্তিশালী জায়গায় যেতে পারত।

মুশফিকের ৫ হাজার রানের অর্জনটা দারুণ, এটি বলতেই হবে। আমাদের প্রথম ব্যাটসম্যান হিসেবে এমন কীর্তি, টেস্টে অনেক বড় একটা অর্জন। ওকে অভিনন্দন।

হ্যাঁ, দলের স্ট্র্যাটেজির কারণেই হয়তো ধীরে খেলেছে। আর একবার খোলসে ঢুকে গেলে বের হওয়াটাও মুশকিল। তবে মুশফিকের এ ইনিংস একটা জিনিস প্রমাণ করেছে। এমন উইকেটে এত আত্মবিশ্বাসের সঙ্গে রক্ষণাত্মক খেলাটাও কঠিন, যেটি ও করেছে। এটি প্রমাণ করে, ওর নিজের ওপর অনেক আস্থা আছে। এ কারণেই এত আত্মবিশ্বাসী হয়ে খেলতে পেরেছে, রক্ষণে আস্থা রাখতে পেরেছে।

শতক না পেলেও মুশফিকের সঙ্গে দারুণ জুটি গড়া লিটন দারুণ ব্যাটিং করেছেন
ছবি: শামসুল হক

তবে আমার মনে হয়, এর চেয়ে আরেকটু বেশি স্ট্রাইক রেটে খেলার মতো ব্যাটসম্যান সে। সেটা যা–ই হোক, ম্যাচের পরিস্থিতিতে লিটনের সঙ্গে ওর জুটিটাই শুধু ম্যাচ বাঁচানো নয়, ম্যাচ জেতানোর মতো একটা অবস্থায় নিয়ে গেছে। এগুলো গুরুত্বপূর্ণ।

ম্যাচে যে পরিস্থিতি, তাতে শ্রীলঙ্কাই একটু পিছিয়ে থাকবে। বিশেষ করে তাইজুল তীক্ষ্ণ টার্নে শেষ যে উইকেট নিল, কাল মোটামুটি এমন টার্ন পাওয়া গেলে শ্রীলঙ্কার লম্বা সময় ধরে খেলা কঠিন হবে। সেটি রান তোলা কিংবা টিকে থাকার ক্ষেত্রে। সেদিকে মনোযোগ দিলে ম্যাচে ফল আসতে পারে এবং সেটি বাংলাদেশের পক্ষে আসবে।

আক্রমণাত্মক লাইন-লেংথেই বোলিং করেছি আজ। ওদের বাঁহাতি ব্যাটসম্যান আছে, ফুটহোল ব্যবহার করার সুযোগ আছে। এখন বোধ হয় বলে দেওয়া যায়, এ ম্যাচে বাংলাদেশ হয় ড্র করবে অথবা জিতবে। তিনজন স্পিনার প্রথম ইনিংসে ভালো করেছে, দ্বিতীয় ইনিংসে আরও ভালো করবে আশা করা যায়।

জেতার যে সম্ভাবনা আছে, সেটি কাজে লাগানো উচিত। এই টেস্ট জিততে পারলে সামনের টেস্টটা আরও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারব।