আরেকবার হারলেন ধোনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা কি একটা প্রতিশোধ? ওই যে ভারত বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে বাংলাদেশকে যেভাবে হারিয়ে দিল, সেটির প্রতিশোধ! আর মহেন্দ্র সিং ধোনি যে মুস্তাফিজুর রহমান নামের নতুন ছেলেটাকে ক্রিজের ওপর প্রচণ্ড ধাক্কাটা মারলেন, সেটা কীভাবে দেখছে বিসিবি? ধোনি কি কাজটা ঠিক করলেন?
বাংলাদেশ-ভারত প্রথম ওয়ানডেটা শুধু ফলাফলেই সীমিত নেই। বাংলাদেশের দারুণ জয়ের ক্রিকেটীয় তাৎপর্য ছাপিয়ে তাতে খোঁজার চেষ্টা অন্য কিছু। ধোনি এবং ধোনির দলের সবাইকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়ে তাদের ‘অক্রিকেটীয় আচরণের’ বিচার করাটাই বড় হয়ে উঠছে দৈনিক টাইমস অব ইন্ডিয়া, আনন্দবাজার পত্রিকা, টিভি চ্যানেল এনডিটিভিসহ প্রধান সব ভারতীয় সংবাদমাধ্যমের কাছে। টিম হোটেলের লবির আড্ডা থেকে বিসিবি সভাপতির সংক্ষিপ্ত সংবাদ ব্রিফিং—সর্বত্রই একই আলোচনা। একই জিজ্ঞাসা।
বাইরে থেকে মনে হতে পারে মাশরাফি বিন মুর্তজার দলকে এসব একদমই স্পর্শ করছে না। পরশু ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে মাশরাফি নিজেও তাই বোঝাতে চেয়েছেন। মুস্তাফিজ তো একরকম স্বীকারই করে নিলেন, ধোনির সঙ্গে সংঘর্ষে ভুলটা তাঁরই। যদিও দলের ভেতরের খবর, সংবাদ সম্মেলনে মুস্তাফিজের আত্মসমর্পণে বিস্মিত তাঁর সতীর্থরা। খেলা শেষে ড্রেসিংরুমের পরিবেশে যেখানে মিশে ছিল ধোনি-বিদ্বেষ, সেখানে মুস্তাফিজ কী করে অমন একটা কথা বলে আসেন সাংবাদিকদের সামনে! শেষ পর্যন্ত অবশ্য এর উপসংহারও তৈরি করে নিয়েছেন তাঁরাই। ‘জাতীয় দলে নতুন তো, ও হয়তো নার্ভাস হয়েই বলে দিয়েছে কথাটা’—মন্তব্য বাংলাদেশ দলের এক সিনিয়র ক্রিকেটারের।
ক্রিকেটীয় বিধান অনুযায়ী কাল অন্যায়ের শাস্তি পেয়েছেন ভারত অধিনায়ক। সকালে টিম হোটেলে হওয়া শুনানির পর ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করেছেন ধোনিকে। ৫০ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয়েছে মুস্তাফিজকেও। তবে জানা গেছে, শুনানিতে নিজেকে নির্দোষ দাবি করে উত্তেজিত হয়ে উঠেছিলেন ধোনি। কিন্তু লাভ হয়নি। যুক্তিতর্ক শেষে মূল দোষী সাব্যস্ত হয়েছেন তিনিই।
ভারত-বধের উদ্যাপন যা করার সেটা পরশু রাতে মাঠেই করে নিয়েছে বাংলাদেশ দল। তাও সীমিত আকারে। গভীর রাতে হোটেলে ফিরে ক্লান্ত শরীর নিয়ে যে যাঁর রুমে চলে গেলেন। কাল ছুটি থাকায় অনেকেই গেছেন বাসায়, কিংবা বের হয়েছেন ব্যক্তিগত কাজে। দুপুরের পর গাঢ় নীল পাঞ্জাবি পরা সাকিব আল হাসানকে দেখা গেল হোটেল থেকে বের হচ্ছেন। কাছেই কোথায় যেন গেলেন নাসির হোসেন। তাসকিন আহমেদও বের হলেন বিকেলে। তার আগে সহকারী কোচ রুয়ান কালপাগেকে নিয়ে হোটেল ছাড়লেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। আশ্চর্য ব্যাপার হলো, এঁদের কারও মধ্যেই দেখা যায়নি বাড়তি কোনো উচ্ছ্বাস। বিরাট কিছু ঘটিয়ে ফেলার তৃপ্তি। নাসির বরং বললেন, ‘উৎসব করার কিছু ছিল না। এ রকম ম্যাচ আমরা আগেও জিতেছি। রাতে হোটেলে ফিরে যে যাঁর মতো ঘুমিয়ে পড়েছিলাম...এই তো।’
বাংলাদেশ দলের সারা দিনের কার্যক্রমের মধ্যে ছিল টিম মিটিং, বোলারদের নিয়ে কোচদের আলাদা আরেকটি মিটিং এবং বিকেলে বিসিবি সভাপতি নাজমুল হাসানের সঙ্গে হোটেলেই কোচ-খেলোয়াড়দের সাক্ষাৎ। সভাপতি জানিয়েছেন, খেলোয়াড়েরা তাঁর সঙ্গে দেখা করতে চেয়েছিলেন পরশু রাতেই। কিন্তু তিনি সময় দিতে পারেননি। কাল দুপুরে তাই নিজেই চলে আসেন হোটেলে। তা সেই সাক্ষাতে কী আলোচনা হলো? বিসিবি সভাপতির কথা অনুযায়ী সেটা অভিনন্দন বিনিময়ে সীমাবদ্ধ থাকলেও একটি সূত্র দিল বাড়তি তথ্য।
বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজের সাফল্যের জন্য সরকারের উচ্চপর্যায় থেকে শুরু করে বিসিবি পর্যন্ত অনেক টাকার পুরস্কার ঘোষণা কেরছিল খেলোয়াড়দের জন্য, যার একটি টাকাও এখনো পাননি কেউ। সভাপতিকে কাছে পেয়ে খেলোয়াড়েরা নাকি সেই টাকা দেওয়ারই দাবি জানিয়েছেন কাল। নাজমুল হাসানও আশ্বাস দিয়েছেন, দক্ষিণ আফ্রিকা সিরিজের আগেই পুরস্কারের টাকা তাঁদের হাতে তুলে দেবেন।
খেলোয়াড়দের সঙ্গে দেখা করার পর টিম হোটেলের বাইরের সংবাদ ব্রিফিংয়ে যখন বিশ্বকাপ আর ধোনির প্রসঙ্গ উঠল, ছোট দেশের বোর্ড সভাপতি হিসেবে কূটনীতিরই আশ্রয় নিলেন নাজমুল হাসান, ‘এখানে প্রতিশোধের কিছু নেই। অস্বীকার করার উপায় নেই, ভারত আমাদের অনেক সাহায্য করেছে। বিসিসিআইয়ের বর্তমান সভাপতি জগমোহন ডালমিয়াও আমাদের অনেক সাহায্য করেছেন। আমাদের উন্নতির পেছনে তাঁর বিরাট অবদান আছে। কাজেই প্রতিশোধের কোনো প্রশ্নই ওঠে না।’ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিয়ে আলাদা করে বললেন, ‘বিশ্বকাপের খেলা নিয়ে আমরা প্রতিবাদ করেছি। কিন্তু ওই সিদ্ধান্তগুলো তো ভারত বা বাংলাদেশ নেয়নি, এটা তো আম্পায়ারদের ব্যাপার।’
তবে প্রথম ওয়ানডেতে ধোনির কাণ্ডে একটু যেন বিরক্ত নাজমুল হাসান। তাঁর কথাতেই আছে সেই ইঙ্গিত, ‘ম্যাচ রেফারি তাঁর সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন। তবে এগুলো আমরা কখনোই পছন্দ করি না। আমরা খেলি বন্ধুত্বের জন্য। কেউ যদি আগের কিছু মাথায় রেখে থাকে তাহলেই এ ধরনের ঘটনা ঘটতে পারে। আমাদের মাথায় কিছু নেই।’
প্রথম ওয়ানডের বিজয় উৎসব না করেও তাই আরেকবার বিজয়ী বাংলাদেশ। এবং আরও একবার হেরে গেলেন মহেন্দ্র সিং ধোনি।