আর্থারকে কথা কম বলার পরামর্শ লতিফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আর্থারকে সতর্ক করে দিলেন লতিফ। ফাইল ছবি।
আর্থারকে সতর্ক করে দিলেন লতিফ। ফাইল ছবি।

দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার কোচ ছিলেন। পাকিস্তান দলের দায়িত্ব পেয়েছেন কদিন আগে। এখনো কাজ শুরু করেননি, তার আগেই ‘দলে বিশৃঙ্খল ও স্বার্থপর ক্রিকেটারদের কাছে ঘেঁষতে দেবেন না’ ঘোষণা দিয়ে আলোচনায় মিকি আর্থার। তাঁর এই কঠোর অবস্থান নীরব করতালিই পাচ্ছে সবার কাছে। তবে ব্যতিক্রম একজন—রশিদ লতিফ। এখনই এত কথা না বলে বরং আগে চ্যালেঞ্জের দিকে মনোযোগ দিতে নতুন কোচকে সতর্ক করলেন পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক।
লতিফের কেন এই সতর্কবাণী, তা না বোঝার কারণ নেই। পাকিস্তানের কোচ হওয়া যেকোনো কোচের কাছেই কঠিন এক কাজ। আর্থারের জন্য তো আরও কঠিন। কেননা, পাকিস্তান ক্রিকেট এখন এক ক্রান্তিকাল চলছে। ঠিক এমন সময় দায়িত্ব পেলেন আর্থার, কোচ হিসেবে যিনি কড়া হেডমাস্টারের মতো। তাঁর ওই ‘কড়া হেড মাস্টারের’ ভূমিকাটা সবচেয়ে বেশি প্রয়োজন পাকিস্তান দলেই। পাকিস্তানের খেলোয়াড়েরা শৃঙ্খলা ভাঙার অভিযোগে খবরের শিরোনামে আসেন প্রায়ই। লতিফও তাই সাবধান করে দিলেন ৪৮ বছর বয়সী কোচকে।
পাকিস্তানের দৈনিক ডনের খবর, একটি সংবাদ সংস্থাকে লতিফ বলেছেন, ‘আর্থার অনেক অভিজ্ঞ একজন কোচ। তবে কথা বলার ক্ষেত্রে একটু সময় নেওয়া ভালো। আগে পাকিস্তানে এসে তাঁর উচিত চ্যালেঞ্জগুলো ভালোভাবে বুঝে নেওয়া।’ এমনটা বলার ব্যাখ্যাও দিলেন লতিফ, ‘আর্থারকে ঘিরে সমর্থকদের প্রত্যাশা এমনিতেই অনেক বেশি। সেটি আর না বাড়ানোই উচিত। কারণ, পরিস্থিতির উন্নতি করতে না পারলে পাকিস্তানের সমর্থক ও কর্তৃপক্ষ তাঁকে ছাড় দেবে না।’

‘পরিস্থিতির উন্নতি’ মানে দলের পারফরম্যান্স ঊর্ধ্বমুখী করা। কিন্তু জুলাইয়ে ইংল্যান্ড, এরপর ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফর—আর্থারের কাজটা সহজও হবে না মোটেও। তার ওপর পাকিস্তানের কোচ হিসেবে সবার প্রথম পছন্দ ছিলেন না এই দক্ষিণ আফ্রিকান। লতিফও তা মনে করিয়ে দিলেন, ‘সমর্থক, সমালোচক বা সংবাদমাধ্যমের প্রথম পছন্দের কোচ ছিলেন না আর্থার। তাই তাঁকে অনেক কঠোর পরিশ্রম করতে হবে। এখানে শুধু ফলই গুরুত্বপূর্ণ, অন্য কিছু নয়।’ সূত্র: ডন।