আল আমিনে সূচনা চেন্নাইয়ের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ দল যখন ব্যস্ত থাকবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের শেষ মুহূর্তের প্রস্তুতিতে, তখন চেন্নাইতে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন দেশের সর্বশেষ সিরিজের সেরা বোলার। আইসিসি বলে দিয়েছিল ২০ থেকে ২৪ অক্টোবরের মধ্যে সুবিধাজনক একটি সময় বেছে নিতে। ভারতীয় ভিসা প্রাপ্তির জটিলাতার কথা ভেবে বিসিবি বেছে নিয়েছে সম্ভাব্য সময়ের শেষ দিনটি। বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্ট শুরুর আগের দিন, ২৪ অক্টোবর অ্যাকশন পরীক্ষা হবে আল আমিন হোসেনের। বাংলাদেশের পেসারকে দিয়েই বোলিং পরীক্ষায় যাত্রা শুরু হবে চেন্নাই শ্রীরামাচন্দ্র বিশ্ববিদ্যালয় ল্যাবের। গতকাল আইসিসির আনুষ্ঠানিক অনুমোদন পেয়েছে ল্যাবটি।
গত ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম টেস্টে প্রশ্নবিদ্ধ হয় আল আমিনের বোলিং অ্যাকশন। প্রথমে আইসিসি বলে দিয়েছিল, ৩ অক্টোবর লিস্টারশায়ারের ন্যাশনাল ক্রিকেট পারফরম্যান্স সেন্টারে হবে পরীক্ষা। তাতে বাদ সাধে আল আমিনের সাইড স্ট্রেইন। ১৮ অক্টোবরের আগে ফিট হবে না পুরোপুরি। এ জন্যই পরে পিছিয়ে দেওয়া হয়েছে তারিখ। বদলে গেছে ভেন্যুও। পরীক্ষা-যাত্রায় আল আমিন সঙ্গীও পাচ্ছেন একজন। এর আগে সোহাগ গাজীর বোলিং অ্যাকশনের পরীক্ষার সময় কার্ডিফে বিসিবি থেকে কেউ সঙ্গী হয়নি বলে সমালোচনা হয়েছিল অনেক। এবার আল আমিনের সঙ্গে যাচ্ছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট ম্যানেজার নাজমুল আবেদীন।
চেন্নাইয়ের সঙ্গে কাল আইসিসি অনুমোদন দিয়েছে ব্রিসবেনের ন্যাশনাল ক্রিকেট সেন্টারের ল্যাবকেও। মজার ব্যাপার হলো, আনুষ্ঠানিক অনুমোদনের আগেই বেশ কজন বোলারের অ্যাকশন পরীক্ষা করা হয়েছে এখানে। ব্রিসবেনে পরীক্ষা দিয়েই অবৈধ প্রমাণিত হয়ে নিষিদ্ধ হয়েছেন সাঈদ আজমল।