আল আমিনের বদলে শফিউল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কখনো কারও দলে সুযোগ পাওয়াটা ‘চমক’ হয়। কখনো কারও বাদ পড়াটা। আফগানিস্তান সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য কাল ঘোষিত ১৩ জনের দলে দুই রকম ‘চমক’ই আছে। তবে ওয়ানডে দলে নতুন মুখ হিসেবে ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের অন্তর্ভুক্তির চেয়েও বড় ‘চমক’ পেসার আল আমিন হোসেনের বাদ পড়া।
কাল পর্যন্ত বোলিং অ্যাকশন পরীক্ষার ফলাফল আসেনি বলে দলে রাখা হয়নি তাসকিন আহমেদকে। তবে অ্যাকশন ছাড়পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে তাসকিন দলে ঢুকে যাবেন। সে জন্যই ১৪ জনের পরিবর্তে ১৩ জনের দল। আজ বিকেলের মধ্যে তাসকিন ও আরাফাত সানির পরীক্ষার চূড়ান্ত ফল এসে যাবে বলে বোর্ড সূত্রে নিশ্চিত হওয়া গেছে। তাসকিন ছাড়পত্র না পেলে ১৪তম সদস্য হিসেবে দলে আসতে পারেন আবু হায়দার, আল আমিন ও শুভাশিস রায়ের মধ্যে যেকোনো একজন পেসার।
কিন্তু আল আমিন সম্ভাব্যদের দলে থাকবেন কেন? ১৩ জনের দলেই কেন নেই? মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দল ঘোষণার সংবাদ সম্মেলনে এ নিয়ে রীতিমতো প্রশ্নের ঝড় সামলাতে হয়েছে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীনকে। আল আমিনকে দলে রাখার অনেক কারণই যে ছিল—
l ১৬ ম্যাচে ২৫ উইকেট নিয়ে সর্বশেষ প্রিমিয়ার লিগে ছিলেন শীর্ষ পাঁচে।
l টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো বোলিং করেছেন। গত বছর জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজেও খারাপ করেননি। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ২২ রানে ২ উইকেট নিয়ে পেয়েছিলেন বাংলাদেশ দলের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
l আফগানিস্তান সিরিজের ক্যাম্পের দুটি বিপ টেস্টেই দ্বিতীয় সর্বোচ্চ পয়েন্ট তাঁর।
অথচ অদ্ভুত এবং অস্পষ্ট কিছু যুক্তিতে আল আমিন বাদ! সর্বশেষ বিপ টেস্টে ১২.৬ পয়েন্ট পাওয়ার পরও বলা হচ্ছে তাঁর নাকি ফিটনেসে সমস্যা। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন ফিল্ডিংকেও একটা কারণ হিসেবে দেখালেন। কিন্তু একজন সফল বোলারকে দলে রাখার মূল মানদণ্ড শুধুই ফিল্ডিং হয়ে যাওয়াটা হাস্যকর। ফিল্ডিংয়ে আল আমিনের দুর্বলতা জাতীয় দলের জন্য এতটাই অগ্রহণযোগ্য হলে কীভাবে তিনি ১৪টি ওয়ানডে, ২৫টি টি-টোয়েন্টি এবং ৬টি টেস্ট‍ খেলে ফেললেন?
দল নির্বাচনের বর্তমান নিয়মে আল আমিনকে বাদ দেওয়ার দায় শুধু নির্বাচক কমিটির নয়। দল গঠনে ক্রিকেট পরিচালনা প্রধান, কোচ এবং ম্যানেজারের মাধ্যমে অধিনায়কেরও মতামত রাখার সুযোগ আছে এখন। দুই নির্বাচক হাবিবুল বাশার ও সাজ্জাদ আহমেদকে দুই পাশে রেখে মিনহাজুলও বারবার মনে করিয়ে দিলেন, ‘ম্যানেজমেন্টে’র সঙ্গে সব ব্যাপারেই আলোচনা হয়েছে। সবার মতামতের ভিত্তিতেই আল আমিনকে বাইরে রেখে ডাকা হয়েছে শফিউল ইসলামকে। শফিউল সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছে প্রায় দুই বছর আগে।
সাকিব আল হাসানের সঙ্গে দ্বিতীয় বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম হবেন নাকি মোশাররফ হোসেন, সেটাও বড় প্রশ্ন হয়ে ঝুলছিল। শেষ পর্যন্ত তাইজুলই সুযোগ পেয়েছেন। অভিষেকেই হ্যাটট্রিক করার পর আর একটি মাত্র ওয়ানডেই খেলার সুযোগ পেয়েছেন। এবার নেটে চন্ডিকা হাথুরুসিংহের দৃষ্টি কেড়ে ওয়ানডে দলে ফিরলেন দেড় বছর পর।
এ বছরের জানুয়ারিতে জিম্বাবুয়ের বিপক্ষে খুলনায় টি-টোয়েন্টি অভিষেক হয়েছে মোসাদ্দেক হোসেনের। ২০ বছর বয়সী এই ব্যাটসম্যান এবার সুযোগ পেলেন ওয়ানডে দলেও। বয়সভিত্তিক ক্রিকেটের পর ঘরোয়া ক্রিকেটেও ধারাবাহিক পারফরমার এই তরুণ। গত প্রিমিয়ার লিগে ৭৭.৭৫ গড়ে ১৬ ম্যাচে করেছেন ৬২২ রান, ফিফটি ৫টি। বড় দৈর্ঘ্যের ম্যাচে রেকর্ড আরও ভালো। মিনহাজুল তাঁর মধ্যে বড় কিছুরই আভাস পাচ্ছেন, ‘কিছু কিছু ক্রিকেটার আছে যাদের প্রতিভা আগে থেকেই বোঝা যায়। গত দুই বছরে সে দারুণ খেলেছে। আমরা মনে করি সে প্রস্তুত হয়ে উঠেছে।’
প্রথমদুইওয়ানডেরদল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও রুবেল হোসেন।