আল আমিনের মুক্তি

হরতালের কারণে পরীক্ষা পিছিয়ে গেছে। বিসিবি থেকে যেহেতু ছুটি নেওয়াই আছে, সুযোগ পেয়ে আল আমিন হোসেন চলে গেলেন ঝিনাইদহে মায়ের কাছে। কাল দুপুরে বাড়ির কাছের মসজিদে নামাজ পড়ে সবে বের হয়েছেন, ফোন পেলেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খানের কাছ থেকে। ও প্রান্ত থেকে যা শুনলেন, ফোন রাখার পর নিজের অজান্তেই গাল বেয়ে গড়িয়ে পড়ল চোখের পানি। আনন্দাশ্রু!
বাড়ি ফিরে জড়িয়ে ধরলেন মাকে। মনে জমে থাকা গুমোট মেঘ বৃষ্টি হয়ে ঝরল মা-ছেলের চোখ বেয়ে। দম বন্ধ করা কয়েকটি দিনের পর আবেগের বাঁধভাঙা জোয়ার। সুখের কান্না! প্রশ্নবিদ্ধ হয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছিলেন। কাল এসেছে ফলাফল—আল আমিনের বোলিং অ্যাকশন বৈধ। ক্যারিয়ার থমকে যাওয়ার শঙ্কা জমাট বাঁধছিল মনে, সেই কালো মেঘ মুহূর্তেই দূর হয়ে আল আমিনের মন এখন হেমন্তের নীল-সাদা আকাশ।
কাল সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসি জানিয়েছে, ‘আল আমিনের বোলিং বিশদ বিশ্লেষণের পর দেখা গেছে, তাঁর কনুই সোজা করার মাত্রা আইসিসির বেঁধে দেওয়া ১৫ ডিগ্রি সীমার মধ্যেই আছে।’ গত সেপ্টেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম টেস্টে প্রশ্নবিদ্ধ হয়েছিল আল আমিনের অ্যাকশন। পরে ২০ অক্টোবর চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা হয়।
তাৎক্ষণিক আবেগ সামলে পরে থিতু হয়েছেন। আনন্দের চেয়েও বেশি তখন স্বস্তি, ‘কী যে ভালো লাগছে! মনে হচ্ছে যেন পাহাড় নেমে গেল মন থেকে। অনেক হালকা লাগছে। নিষিদ্ধ হলে ক্যারিয়ার অনিশ্চয়তায় পড়ে যেত। একটা কলঙ্কও লেগে যেত গায়ে।’
পরীক্ষা দেওয়ার দুই সপ্তাহের মধ্যে ফলাফল জানানোর কথা। গত কয়েকটা দিন তাই আল আমিনের কাটছিল চরম উৎকণ্ঠায়, ‘২ নভেম্বর দুই সপ্তাহ হয়েছে। আমি গত কয়েক দিন দৈনিক তিন-চারবার করে ফোন দিয়েছি ক্রিকেট বোর্ডে যে কোনো খবর এল কি না। প্রচণ্ড টেনশনে ছিলাম।’
বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার সাম্প্রতিক স্রোতে আল আমিন ছিলেন একমাত্র পেসার। পরীক্ষার পর গত কিছুদিনে মুক্তি পাওয়া প্রথম বোলারও তিনি। সেন্ট ভিনসেন্ট টেস্টে আম্পায়াররা আল আমিনের যেসব বল নিয়ে প্রশ্ন তুলেছিলেন, সব কটি ছিল ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের শেষ দিকে। অ্যাকশন প্রশ্নবিদ্ধ হওয়ার পর আল আমিন বলেছিলেন, ক্লান্তির কারণে অ্যাকশনের কোনো সমস্যা হয়ে থাকতে পারে। আল আমিনের শরীরের ‘হাইপার মোবিলিটি’ বা অতিমাত্রার নমনীয়তার ব্যাপারটিও বিবেচনায় নেওয়ার কথা অ্যাকশন পরীক্ষায়।
কারণ যেটিই হোক, অ্যাকশন বৈধ হওয়াটাই এখন স্বস্তির খবর। যদিও চট্টগ্রামে বাংলাদেশ-জিম্বাবুয়ে পরের টেস্টেও অবশ্য দেখা যাবে না আল আমিনকে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লোকপ্রশাসনে পড়ছেন, সম্মান চূড়ান্ত পরীক্ষার জন্য এই টেস্টের পরের শেষ টেস্টেও থাকবেন ছুটিতে। দলে রাখা হলে ওয়ানডে সিরিজ দিয়ে আবার ফিরবেন মাঠে।