আল আমিনের 'ফেরা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলে এখনো ফেরেননি। তবে ‘এ’ দলে ডাক পাওয়াটাও আল আমিনের জন্য একরকমই ‘ফেরা’ই। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বিশ্বকাপ থেকে দেশে ফেরত পাঠানোর পর গত মাস ছয়েক কোনো খেলাতেই তাঁকে বিবেচনায় আনেননি নির্বাচকেরা। অবশেষে এই পেসারের নামটা দেখা গেল ভারত সফরের জন্য কাল ঘোষিত ১৫ সদস্যের বাংলাদেশ ‘এ’ দলে।
বিশ্বকাপের পর পাকিস্তান, ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলেছে বাংলাদেশ। প্রতিটি সিরিজেই আল আমিন ছিলেন ব্রাত্য। একধরনের অলিখিত নিষেধাজ্ঞা যেন ভর করেছিল তাঁর ওপর। সেটা যে এখন কেটে গেছে, তা কাল ‘এ’ দলে নিজের নাম দেখেই প্রথম বুঝতে পারলেন। আল আমিনের কণ্ঠে তাই স্বস্তি, ‘কোনো জায়গা থেকে বাদ পড়ার পরই আসলে ওই জায়গার মর্ম বোঝা যায়। এটা ছিল আমার জন্য বড় একটা শিক্ষা। খুব ভালো লাগছে যে নির্বাচকেরা আবার আমার দিকে তাকিয়েছেন। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ। চেষ্টা করব আস্থার প্রতিদান দিতে।’
দলের বাইরে থাকা অবস্থায় ফিটনেস ধরে রাখার ওপরই বেশি মনোযোগী ছিলেন। তবে কোচ চন্ডিকা হাথুরুসিংহের পরামর্শে কিছু কাজ করেছেন বোলিং নিয়েও। আল আমিনই জানালেন, ‘কোচ বলেছিলেন, রানআপ একটু কমিয়ে বল করলে বলে আরও জোর পাব, সুইংও ভালো হবে। প্র্যাকটিসে তার কথামতো কাজ করে ফল পেয়েছি। আশা করি, ভারত সফরেও এটা কাজে দেবে।’