আলীর মতো ফিরবেন আমির!

কিংবদন্তি বক্সার মোহাম্মদ আলীর মতোই ফিরবেন পাকিস্তান পেসার মোহাম্মদ আমির! তুলনাটা একটু বিস্ময়কর হলেও এমনটাই বলছেন ফিক্সিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া সালমান বাট।
ভিয়েতনাম যুদ্ধে সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকৃতি জানিয়ে ‘ড্রাফট ইভেশনে’র দায়ে ১৯৬৭ সালে কেড়ে নেওয়া হয় মোহাম্মদ আলীর শিরোপা। বক্সিং লাইসেন্স বাতিল করার পাশাপাশি তাঁকে জরিমানাসহ সাড়ে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। বক্সিং রিংয়ে আলী ফেরেন ১৯৭০ সালে, পরাজিত করেন জেরি কুয়েরেকে। সাময়িক নিষিদ্ধ হলেও প্রয়াত বক্সার কিংবদন্তির জন্য সেটি নিশ্চয়ই কলঙ্কের ছিল না।
আমিরের বিষয়টি ভিন্ন। ২০১০ সালের লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের দায়ে বাঁহাতি পেসারের গায়ে লেগেছিল কলঙ্কের কালি। এরপর তাঁর ক্রিকেট ক্যারিয়ার থেকে হারিয়ে গেছে পাঁচটি বছর। কলঙ্কিত অধ্যায় পেছনে ফেলে আমিরের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায় শুরু হচ্ছে লর্ডসেই। ইংল্যান্ডের সঙ্গে পাকিস্তানের প্রথম টেস্ট শুরু হবে ১৪ জুলাই। বাট মনে করেন আলীর মতো প্রত্যাবর্তন ঘটবে আমিরের, ক্রিকেটের বড় দৈর্ঘ্যে বীরদর্পে ফিরবেন তিনি, ‘সীমিত ওভারের ক্রিকেটে (নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরে) ভালো করেছে। সে আরও ভালো করতে পারে। দীর্ঘদিন বসে থাকায় যে কারওর ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে একেকজনের ক্ষেত্রে সেটি একেকরকম। যদি কেউ সাফল্যের জন্য ক্ষুধার্ত ও লক্ষ্যে অবিচল থাকে, যেমনটা আলী করেছিলেন নিষিদ্ধ থাকা সময়ে, তাহলে যে কেউ সফল হতে পারে।’
আমিরকে নিয়ে আশাবাদী বাটও গত পাঁচ বছর নিষিদ্ধ ছিলেন স্পট ফিক্সিংয়ের দায়ে। তরুণ বাঁহাতি পেসারের গায়ে কলঙ্কের কালি লাগার পেছনে তাঁর দায়ও কম নয়। লর্ডস টেস্টে পাকিস্তান দলের অধিনায়ক ছিলেন বাটই। নিষেধাজ্ঞা কাটিয়ে আসা ৩১ বছর বয়সী বাটও প্রহর গুনছেন ক্রিকেটে ফেরার, ‘কঠোর পরিশ্রম করছি। যেকোনো ধরনের ক্রিকেটে ভালো করার চেষ্টা করছি। দলে ফিরতে এই একটা রাস্তাই খোলা।’
আমিরের মতো বাটের ফেরাটা অবশ্য সহজ হবে না। প্রধান নির্বাচক ইনজামাম-উল-হক গত মাসেই বলে দিয়েছেন, প্রথম শ্রেণির ক্রিকেটে ভালো করতে পারলে তবেই বাট ও আরেক নিষিদ্ধ বোলার আসিফকে বিবেচনা করা হতে পারে। সূত্র: এনডিটিভি।