আলো দেখালেন মুশফিক-নাসির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকের একটি আত্মবিশ্বাসী শট। অধিনায়কের ইনিংসটিই ছিল আত্মবিশ্বাস-জাগানিয়া। প্রস্তুতি ম্যাচে রানের দেখা পেয়েছেন মুশফিক। এই শট পরশুর, কাল ছুঁয়েছেন সেঞ্চুরি। নাসির হোসেনের সঙ্গে সপ্তম উইকেটে ১৯১ রানও যোগ করেছেন অধিনায়ক l ক্রিকইনফো
মুশফিকের একটি আত্মবিশ্বাসী শট। অধিনায়কের ইনিংসটিই ছিল আত্মবিশ্বাস-জাগানিয়া। প্রস্তুতি ম্যাচে রানের দেখা পেয়েছেন মুশফিক। এই শট পরশুর, কাল ছুঁয়েছেন সেঞ্চুরি। নাসির হোসেনের সঙ্গে সপ্তম উইকেটে ১৯১ রানও যোগ করেছেন অধিনায়ক l ক্রিকইনফো

এটা প্রস্তুতি ম্যাচই তো? নাকি কোনো ঘোষণা ছাড়াই সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে শুরু হয়ে গেল প্রথম টেস্ট!
পরশু দিনের শেষে মাঠ থেকে ফিরছিলেন মুশফিকুর রহিম আর নাসির হোসেন। ডাগ আউটে বসে থাকারা হাততালি দিতে দিতে এগোলেন মাঠের দিকে। দুই অপরাজিত ব্যাটসম্যানের পিঠ চাপড়ে দিলেন। একজন তো নাসিরের হাত থেকে ব্যাটটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতেও লাগলেন। কী দিয়ে এত ভালো ব্যাটিং করে এলেন নাসির! ভালো একটা দিন শেষে খেলোয়াড়দের এমন প্রতিক্রিয়া আসল টেস্টেই দেখা যাওয়ার কথা। প্রস্তুতি ম্যাচ বলেই ব্যাপারটা বেশি চোখে লাগল।
চোখে লাগল, তবে লাগা উচিত নয়। ওয়ানডে সিরিজের আগে হওয়া এক দিনের প্রস্তুতি ম্যাচটা বাদ দিলে ওয়েস্ট ইন্ডিজে এসে কেবল ব্যর্থতার দাগই এঁকে যাচ্ছে বাংলাদেশ দল। প্রথম ওয়ানডেতে ৩৪ রানে ৫ উইকেট তুলে নিয়েও ম্যাচ ফসকে যাওয়া, দ্বিতীয় ওয়ানডেতে নিজেরাই ৭০ রানে অলআউট হয়ে যাওয়া, ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া—সব মিলিয়ে আটলান্টিক পাড়ে বাংলাদেশ দলের সময়টা কাটছে বড় নিরানন্দে।
এর মধ্যে আশার সঞ্জীবনী হয়ে এল মুশফিক-নাসিরের গত পরশুর জুটিটা। প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস যত বাজে দলই হোক, তাদের বোলিং যত দুর্বলই হোক, তলানিতে ঠেকে যাওয়া আত্মবিশ্বাসটাকে টেনে তুলতে, নিজেদের নতুন করে ফিরে পেতে বড় টনিক হতে পারে তাদের কীর্তি। আর ১৮৬ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর ১৪৪ রানের অবিচ্ছিন্ন জুটি যেকোনো পর্যায়ের ক্রিকেটেই অভিনন্দন পাওয়ার যোগ্য। সতীর্থরা যে এগিয়ে গিয়ে মুশফিক-নাসিরকে এগিয়ে আনলেন, তা তো আর এমনি এমনি নয়।
টেস্টে কী হবে কে জানে, তবে আপাতত সবার আশা ওয়েস্ট ইন্ডিজ সফরে অন্ধকারে হারিয়ে যাওয়া বাংলাদেশ দলকে পথ দেখাবে মুশফিক-নাসিরের ওই ব্যাটিং। প্রথম দিন অবিচ্ছিন্ন থাকার পর কাল দুজনের জুটিটি যখন ভাঙল, ততক্ষণে সেটি ১৯১ রানের। মুশফিক যখন ইনিংস ঘোষণা করলেন ততক্ষণে তাঁর তো বটেই, সেঞ্চুরি হয়ে গেছে নাসিরেরও।
ওয়ার্নার পার্কের উইকেট ব্যাটিংবান্ধব। মুশফিক-নাসিরের আগে পরশু ইমরুল কায়েস, পরে শুভাগত হোম চৌধুরী সেটা দেখিয়ে যদিও পারেননি মুশফিক-নাসিরের মতো বড় ইনিংস খেলতে। দিনের শেষে শুভাগত যেমন বলছিলেন, ‘উইকেটটা ব্যাটিংয়ের জন্য খুবই ভালো। আমি স্বস্তি বোধ করেছি। যতটুকু পেরেছি সোজা ব্যাটে খেলতে চেষ্টা করেছি, উইকেটে থাকার চেষ্টা করেছি। তবে আরও কিছুক্ষণ থাকা উচিত ছিল।’
ইমরুল-শুভাগত দুজনই গত মে-জুনে ‘এ’ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফর করে গেছেন। ইমরুল আগেই বলেছেন, সেই অভিজ্ঞতা অন্তত কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে সাহায্য করেছে এবার। তবে পরশু একটু আফসোসই ঝরল তাঁর কথায়, ‘শুরুর দিকে পেসারদের বল পড়ে স্লো হয়ে যাচ্ছিল। অনেক চেষ্টা করেছি অন্তত ফিফটিটা করতে। কিন্তু হলো না।’ তবে শুভাগত বললেন, ‘“এ” দলের হয়ে আমি দুবার ওয়েস্ট ইন্ডিজে এসেছি। সর্বশেষ এসে এক দিনের ক্রিকেটে দুইটা ফিফটি করেছি। চার দিনের ম্যাচে লাঞ্চের আগে ৬ উইকেট পড়ে যাওয়ার পরও ৩৯ রান করে ম্যাচ ড্র করাতে সাহায্য করেছি। সেই অভিজ্ঞতা আজ (পরশু) সাহায্য করেছে।’ শুভাগত এই ইনিংসে ঠিক কত রান করেছেন, সেটা অবশ্য অমীমাংসিত। অফিসিয়াল স্কোর কার্ড অনুযায়ী রানটা ৪৮ হলেও বাংলাদেশ দলের কম্পিউটার বিশ্লেষকের হিসাবে ৫৭!
২০১১ সালের আগস্টে জিম্বাবুয়ে সফরে ওয়ানডে অভিষেক। প্রথম দুই ম্যাচে ৩২ আর অপরাজিত ৩৫ রান করে দেখানো সম্ভাবনাটা হারিয়ে গেল তার পরই। অবশ্য তাতে শুভাগতর ভূমিকা কমই আছে। এরপর খেলেছেনই আর দুটি ম্যাচ, যার মধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে করেছেন ৩ রান। আর ওই বছরেরই অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জেতা ম্যাচটিতে তাঁকে ব্যাটই করতে হয়নি। তবু কী কারণে যেন শুভাগতর কথা আর ওয়ানডেতে মনে পড়েনি নির্বাচকদের। এবার অবশেষে সুযোগ পেলেন ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে। শুভাগতও আগের চেয়ে বেশি আশাবাদী, ‘সুযোগ পেলে সব ধরনের ক্রিকেটেই নিজেকে প্রমাণ করতে চাই। আগে হয়তো খারাপ খেলেছি বলে হয়নি। আশা করি এবার হবে।’
মুশফিক-নাসির আলোর মশাল জ্বেলেছেন। শুধু শুভাগত কেন, ভালো কিছুর আত্মবিশ্বাস ফিরে আসতে পারে সবার মধ্যেই।