আলোচনায় মাশরাফির সেই ১৭তম ওভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাশরাফিকেও নিশ্চয়ই আত্মবিশ্বাস জোগাবে তাঁর ওই দুই ওভার।
মাশরাফিকেও নিশ্চয়ই আত্মবিশ্বাস জোগাবে তাঁর ওই দুই ওভার।

ইনিংসের ১৭তম ওভারটি করতে নিজেই বল হাতে তুলে নিলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশের সমর্থকদের মধ্যে তখন টান টান উত্তেজনা। অধিনায়ক কী পারবেন খেলার গতিপথ বদলে দিতে! নাকি রান দিয়ে ফেলেন!

এমন স্নায়ুক্ষয়ী সময়ে নিজের কাঁধে দায়িত্ব তুলে নেওয়াই তো নেতৃত্বের সবচেয়ে বড় গুণ। বাংলাদেশ দলের অধিনায়কও ব্যতিক্রম নন। নিখুঁত লাইনে বল করে রীতিমতো বেঁধে রাখলেন ডাচ ব্যাটসম্যানদের। যাঁরা আগের ওভারগুলোতেই রানের ফুলঝুড়ি ছড়িয়েছেন, তাঁরাই যেন স্তব্ধ হয়ে গেলেন মাশরাফির ওই ওভারে। রান দিলেন মাত্র ৩। হল্যান্ড অধিনায়ক তো ম্যাচ শেষে স্বীকারই করেছেন, মাশরাফির এই ওভারটিই ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছিল।

এর আগে মাশরাফির ১৫তম ওভারটিতে ৭ রান হলেও মাশরাফি দিয়েছেন ১ রান, বাকিগুলো ছিল বাই। ১৭তম ওভারটি নিজেই করবেন, নাকি আল আমিন অথবা আরাফাত সানিকে আনবেন, এ নিয়ে তাঁর মধ্যে একটু দ্বিধা কাজ করেছিল। কিন্তু শেষ পর্যন্ত বল হাতে নিলেন নিজেই। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সেটিই বলেছেন, ‘পুরো ব্যাপারটা আগে থেকে পরিকল্পনা করে করা হয়নি। প্রথমে ভেবেছিলাম আল আমিন বা স্পিনার দিয়ে ওই ওভারটি করাব। কিন্তু শেষ পর্যন্ত আমিই করলাম। আগের ওভারটিতেও আমি কম রান দিয়েছিলাম। ওটাই আমাকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। টি-টোয়েন্টি ক্রিকেটের মোদ্দা কথাই হচ্ছে ছন্দ। আমি ছন্দে ছিলাম।’

নিজের বোলিং একপাশে রেখে হল্যান্ডের বিপক্ষে জিতেই বেশি খুশি মাশরাফি, ‘যেকোনো জয়ই আনন্দের। এই জয়টা অবশ্যই পরের ম্যাচে আমাদের আত্মবিশ্বাস জোগাবে।’
মাশরাফিকেও নিশ্চয়ই আত্মবিশ্বাস জোগাবে তাঁর ওই দুই ওভার।