আলোচনায় যখন শুধুই মুস্তাফিজ

কদিন আগে মুস্তাফিজুর রহমানকে যখন জিজ্ঞেস করা হলো, ‘আবার প্রতিপক্ষ ভারত, বিশেষ কোনো পরিকল্পনা আছে?’ প্রশ্নটা বেশ অস্বস্তিতেই ফেলে দিয়েছিল তাঁকে। বহুবারই তিনি বলেছেন, সংবাদমাধ্যমের সামনে খুব একটা স্বচ্ছন্দ নন। তার ওপর আবার এমন বেমক্কা প্রশ্ন। কোনো রকমে শুধু এতটুকুই বললেন, ‘আবার ভারত, ঠিক আছে। সুযোগ পেলে সেরাটা দেওয়ার চেষ্টা করব।’
‘আবার ভারত’—কথাটা কেন আসছে নিশ্চয় বুঝতে পারছেন। গত জুনে প্রথমবারের মতো ওয়ানডে খেলতে নেমেই ভারতকে যেভাবে কাঁপিয়ে দিয়েছিলেন, ধোনি-কোহলিদের স্মৃতিতে বহুদিন থেকে যাবেন বাংলাদেশের এই বাঁহাতি পেসার! সিরিজের প্রথম ওয়ানডেতে ৫ উইকেট, দ্বিতীয়টিতে ৬ উইকেট—মুস্তাফিজের দুর্দান্ত বোলিংয়ে এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জিতে নিয়েছিল বাংলাদেশ।
এশিয়া কাপের মূল পর্বে বাংলাদেশের বিপক্ষে আজ আবার সেই ভারত। প্রতিপক্ষ নিয়ে মুস্তাফিজ কী ভাবছেন, তাঁকে শত প্রশ্ন করেও জানার সুযোগ কম। কিন্তু প্রতিপক্ষ তাঁকে নিয়ে কতটা ভাবছে, সেটি বোঝা গেল বিরাট কোহলির জবাবে।
কাল সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হয়ে আসা কোহলি তো মুস্তাফিজকে নিয়ে ছোটখাটো এক বক্তৃতাই দিয়ে ফেললেন! আর সেটির পুরোটাজুড়ে থাকল শুধুই প্রশংসা, ‘আমাদের বিপক্ষে খেলার পর থেকে গত একটা বছর সত্যি সে (মুস্তাফিজ) দুর্দান্ত করেছে। ১৯ বছরের এক তরুণের এভাবে বোলিং করতে দেখাটা ছিল রোমাঞ্চকর। স্লোয়ার দিচ্ছিল, আবার ১৪০ কিলোমিটারের আশপাশেও বোলিং করছিল, আমাদের জন্য সেটি ছিল ব্যতিক্রম অভিজ্ঞতা। নতুন বলেও খুব ভালো স্লোয়ার ও কাটার মারছিল।’
ব্যাটসম্যানদের আধিপত্যের এই যুগে মুস্তাফিজদের মতো বোলারের আবির্ভাব ক্রিকেটকে আরও রঙিন করতে কতটা অবদান রাখছে, সেটিও বললেন কোহলি, ‘খেলাটায় নতুন কিছু এনেছে সে, আরও মসলা যোগ হয়েছে। এটা ক্রিকেটের জন্য ভালো। দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদার কথাই ধরুন, দারুণ রোমাঞ্চকর এক বোলার। এমন কিছু বোলার আসা ক্রিকেটের জন্যই ভালো, যারা ব্যাটসম্যানদের বিপাকে ফেলতে পারে।’
মুস্তাফিজকে দিয়ে শেষ হয়েছিল কোহলির সংবাদ সম্মেলন। ঠিক সেখান থেকেই শুরু করলেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
সর্বশেষ ভারত সিরিজের পর থেকে তুমুল আলোচনা মুস্তাফিজকে নিয়ে। জাতীয়-আন্তর্জাতিক সংবাদমাধ্যমে গত আট মাসে তাঁকে নিয়ে যতটা আলোচনা-বিশ্লেষণ হয়েছে, ক্যারিয়ারের শুরুতেই বাংলাদেশের আর কোনো ক্রিকেটার এমন প্রচার পেয়েছেন কি না সন্দেহ! এটা কখনো কখনো খেলোয়াড়দের ওপর তৈরি করে বিষম চাপ। বাংলাদেশ দলের এই তরুণ পেসার অবশ্য ব্যতিক্রম। তাঁর ওপর যে এই চাপটা জেঁকে বসছে না, সেটিই জানালেন অধিনায়ক মাশরাফি, ‘অনেক খেলোয়াড় বাইরের আলোচনা নিয়ে মাথা ঘামায়, অনেক চিন্তা করে। মুস্তাফিজ সম্পূর্ণ উল্টো। মাঠে নামলে বোলিং করে। ম্যাচের পরে ক্রিকেট নিয়ে ওর কোনো কথা নেই। ওকে নিয়ে কী কথা হচ্ছে বা হচ্ছে না, সেসবে মোটেও খেয়াল নেই তার।’
চরিত্রগত দিক দিয়ে মুস্তাফিজ এমনই, ২২ গজের বাইরের বিষয় নিয়ে তাঁর ভাবনা সামান্যই। তবে তিনি প্রতিপক্ষের মনোযোগের কেন্দ্রে থাকবেন, সেটি অনুমান করা কঠিন নয়। বিশেষ করে প্রতিপক্ষ যদি হয় ভারত। আজ আরেকটি অগ্নিপরীক্ষার আগে মাশরাফি জানালেন, যতই গবেষণা করা হোক, মুস্তাফিজকে খেলা এত সহজ নয়, ‘ওর যে স্লোয়ার আছে, যেটাকে আমরা বলি কাটার, সেটা ও নানাভাবে করতে পারে। কোনো দল বা কোনো ব্যাটসম্যানকে নিয়ে সে ভাবে না। নিজের পারফরম্যান্সেই বিশ্বাস করে। ওর যেটা আছে, তা নিয়ে অনেক হোমওয়ার্ক করতে পারেন। তবুও ওকে খেলা কঠিন।’
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনের বড় অংশজুড়েই থাকলেন মুস্তাফিজ। মাঠের পারফরম্যান্স দিয়ে তিনি নিশ্চয় থাকতে চাইবেন ম্যাচ-পরবর্তী আলোচনাতেও। অবশ্য এসব আলোচনা তাঁকে স্পর্শ করলে তো!