আট মাসের পরিকল্পনা নিয়ে আগামী ১০ জুলাই আবারও শুরু হচ্ছে বিসিবির হাইপারফরম্যান্স ইউনিটের (এইচপি) কার্যক্রম। তার আগে নিয়োগ দেওয়া হবে এইচপির প্রধান কোচও। সম্ভাব্য তালিকায় আছে অনেক বড় বড় নাম।
বিসিবির একটি সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কান ত্রয়ী মারভান আতাপাত্তু, কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের সঙ্গে সংক্ষিপ্ত তালিকায় আছে ভারতের রবিন সিংয়ের নামও। প্রধান কোচের সহকারী হিসেবে কাজ করবেন বিসিবির গেম ডেভেলপমেন্টের কোচরা।
প্রধান কোচ এখনো চূড়ান্ত না হলেও হাইপারফরম্যান্স ইউনিটের জন্য এরই মধ্যে একজন ট্রেনার চূড়ান্ত করে ফেলেছে বিসিবি। এইচপির দায়িত্বপ্রাপ্ত বিসিবির সহসভাপতি মাহবুবুল আনাম অবশ্য কোচ-ট্রেনার কারও নামই এই মুহূর্তে বলতে রাজি হননি। তবে জানিয়েছেন, প্রধান কোচের সংক্ষিপ্ত তালিকায় তিন-চারজন আছেন।
কাল এইচপি ইউনিটের এক সভা শেষে এবারের পরিকল্পনা সম্পর্কেও কিছু ধারণা দিয়েছেন মাহবুবুল আনাম, ‘আগেরবার সময়স্বল্পতা এবং বিভিন্ন খেলার কারণে আমরা সব পরিকল্পনা কাজে লাগাতে পারিনি। এবার আট মাস সময় নিয়ে বোলিং, ব্যাটিং, ফিল্ডিং—সব বিভাগেরই আলাদা আলাদা ক্যাম্প হবে। আমরা চাই ঘরোয়া ও আন্তর্জাতিক বিভিন্ন খেলার মাঝের সময়গুলো কাজে লাগাতে।’
প্রিমিয়ার লিগে যেসব বোলারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহজনক বলে মনে হয়েছে, এইচপির কার্যক্রমে তাঁদের রাখা হবে না বলে জানিয়েছেন বিসিবির সহসভাপতি। তবে বলেছেন, ‘এদের মধ্যে যারা বেশি সম্ভাবনাময়, তাদের জন্য আলাদা ক্যাম্পের ব্যবস্থা করা হতে পারে।’ মূল কার্যক্রম ১০ জুলাই শুরু হলেও হাইপারফরম্যান্স ইউনিটের ফিটনেস ক্যাম্প হয়ে যাবে ঈদের আগেই।