দেশের মাটিতে আর মাত্র তিনটি টেস্ট, নাকি এরপর আরও কিছুদিন? প্রশ্নটা হাওয়ায় উড়ছে কিছুদিন ধরেই। কিন্তু যাঁকে নিয়ে এই প্রশ্ন, সেই কুমার সাঙ্গাকারা বোধ হয় আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা নিয়ে একটু রহস্য রাখতে চাইছেন। সরাসরি কিছু বলেননি এখন পর্যন্ত। তবে গুঞ্জন আছে, শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডকে এরই মধ্যে জানিয়ে দিয়েছেন, পাকিস্তানের বিপক্ষে দেশের মাটিতে তিন টেস্টের সিরিজে প্রথম দুটিতে খেলবেন, খেলবেন আগস্টে ভারতের বিপক্ষে তিন টেস্ট সিরিজের প্রথমটিতে। তারপরই বিদায়! পুরো ব্যাপারটা চূড়ান্ত হবে এ সপ্তাহেই, বোর্ডের সঙ্গে সাঙ্গাকারার বৈঠকে। তবে যা রটে তা কিছুটা তো বটে। সে কারণেই গলে আজ থেকে শ্রীলঙ্কা-পাকিস্তান টেস্টেও আবহ সংগীত হিসেবে বেজে চলে সাঙ্গাকারার বিদায় রাগিণী। ওয়ানডে, টি-টোয়েন্টি থেকে তো আগেই বিদায় নিয়েছেন। ১৫ বছরের বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারও কি তাহলে শেষ হতে চলল!
যেভাবে খেলছেন, তাতে অবশ্য মনে হচ্ছে বিদায়বেলায়ও ‘এখনই যাওয়ার কী দরকার’ জাতীয় কথাই বেশি শোনা যাবে। সর্বশেষ ৯ টেস্টে ৮২ গড়ে ১৪৭৬ রান, যার মধ্যে একটা ট্রিপল সেঞ্চুরি আছে গত বছর ফেব্রুয়ারিতে চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিপক্ষে আছে দুটি ডাবল সেঞ্চুরি, লর্ডসে সেঞ্চুরি ইংল্যান্ডের বিপক্ষে! টেস্টে ৩৮ সেঞ্চুরি আর ১২২০৩ রান নিয়ে বর্তমান খেলোয়াড়দের মধ্যে সবার ওপরে; ৯০০০ রান আর ২৭ সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় স্থানে অ্যালিস্টার কুক। ৩৮টি সেঞ্চুরির মধ্যে ২০০ পেরিয়েছেন ১১ বার। টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশি রানের মালিক শচীন টেন্ডুলকারকে (১৫৯২১ রান, ৫১ সেঞ্চুরি) হয়তোবা স্পর্শ করতে পারবেন না, তবে আরেক কিংবদন্তি ডন ব্র্যাডম্যানের ১২টি ডাবল সেঞ্চুরির রেকর্ডটা ছোঁয়ার কিংবা পেরিয়ে যাওয়ার স্বপ্ন তো দেখতেই পারেন। আর পাকিস্তান তো গত কয়েক বছরে তাঁর সবচেয়ে চেনা প্রতিপক্ষ!
গত পাঁচ বছরে শ্রীলঙ্কা সবচেয়ে বেশি টেস্ট খেলেছে পাকিস্তানের বিপক্ষে (১১)। গত ছয় বছরে এই দুই দল ছয়টি টেস্ট সিরিজ খেলেছে, যার সর্বশেষটি ২-০ ব্যবধানে জিতেছে শ্রীলঙ্কা। ২০০৬ সালের পর শ্রীলঙ্কায় কোনো টেস্ট জিততে পারেনি পাকিস্তান। এবার সেই খরা ঘুচবে বলে আশা করছেন পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক, ‘শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট খেলাটা সব সময়ই দারুণ, কারণ দুই দলই একে অন্যকে খুব ভালো চেনে। সাম্প্রতিক সময়ে পাকিস্তান টেস্টে ভালো খেলেছে, আর এ কারণেই আমরা অনেক বেশি আত্মবিশ্বাসী।’ এএফপি।
একসময় পাকিস্তানের এই আত্মবিশ্বাসের একটা বড় কারণ হয়ে থাকতেন সাঈদ আজমল। কিন্তু বোলিং অ্যাকশন শোধরানোর পর আর আগের বোলার নেই বলে বাদ পড়েছেন দল থেকে। শ্রীলঙ্কার কোচ মারভান আতাপাত্তু স্বস্তিটা গোপন করেননি, ‘নিজের সেরা সময়ে আজমল অনেক ব্যাটসম্যানেরই ঘুম নষ্ট করেছে। ও না থাকায় মানসিকভাবে আমরা সুবিধাজনক অবস্থানে থাকব।’