
আম্পায়ারকে আঙুল তুলতে দেখে একটু যেন অবাক হওয়ার ভঙ্গি করলেন সৌম্য সরকার। তবে উইকেট ছেড়েছেন এলবিডব্লুর সিদ্ধান্তে প্রতিবাদ না করেই।
খেলা শেষে লিজেন্ডস অব রূপগঞ্জের এক কর্মকর্তার দাবি, ‘ওটা আউট ছিল না। বল তো ওর প্যাডেই লাগেনি! ব্যাটে লেগে গ্লাভসে লেগেছে।’ কিন্তু সৌম্যর কোনো অভিযোগ নেই, ‘আম্পায়ার আউট দিয়েছেন, তার মানে আউট।’
মিরপুরে আবাহনীর বিপক্ষে করেছেন ৮৯ বলে ৮৪। ইনিংসের ৪৭তম ওভারে বজ্রসহ বৃষ্টিতে পুরো খেলা হতে না পারলেও ডি/এল পদ্ধতিতে লিজেন্ডস অব রূপগঞ্জ ম্যাচ জিতেছে ২১ রানে। মিরপুরে এ নিয়ে দুই ম্যাচ খেলে দুটিতেই হারল আবাহনী।
দলের জয়ের দিনে অভিযোগ করার কথা নয় সৌম্যর। সবচেয়ে বড় ব্যাপার, ফর্ম ফিরে পাওয়া। লিগের আগের চার ম্যাচে করেছিলেন ৫২ রান। রূপগঞ্জের হয়ে যেন খেলছিল সৌম্যর ছায়া! আরেকটু পেছনে গেলে আরও ভালো করে বোঝা যাবে দুঃসময়টা। সব ধরনের ক্রিকেট মিলিয়ে গত ২৬ ইনিংসে কোনো ফিফটি ছিল না।
সেই সৌম্য কাল ফিরলেন হারিয়ে যাওয়া সৌম্যে। আবাহনীর ২৫৫ রানের জবাবে দলের ১১ রানে সঙ্গী ওপেনার জুনায়েদকে হারালেও সৌম্য-মিঠুনের ১২৭ রানের দ্বিতীয় উইকেট-জুটিতেই নির্ধারিত হয়ে যায় খেলার গতি। এবারের লিগে মিরপুরের উইকেটে ২৫৫ রান এমনিতেই প্রতিদ্বন্দ্বিতা গড়ার মতো স্কোর নয়। প্রতিপক্ষের ইনিংসে ওরকম একটা জুটি দাঁড়িয়ে গেলে তো আরও নয়। মিরপুরের আকাশ কালো হয়ে ওঠার অনেক আগেই তাই জয় দেখতে পাচ্ছিল রূপগঞ্জ। বৃষ্টিতে খেলা যখন বন্ধ হয়, ২০ বলে মাত্র ১১ রান দরকার ছিল তাদের। হাতে তখনো ৫ উইকেট।
লিগে জাতীয় দলের বেশির ভাগ ব্যাটসম্যানের রান পাওয়ার ভিড়ে এক সৌম্যই ছিলেন নিষ্প্রভ। নিখুঁত ইনিংসে কাল দূর করে দিলেন সেই অতৃপ্তি। সৌম্যর স্ট্রোক মানেই যে দৃষ্টিনন্দন কিছু, সেটা আবারও বুঝিয়ে দিয়েছেন ৯ বাউন্ডারি আর ২ ছক্কায়। খেলা শেষে কণ্ঠে তাই স্বস্তি, ‘আবাহনী বড় দল। ওদের বিপক্ষে বড় ইনিংস খেলার লক্ষ্য ছিল।’ সেঞ্চুরি না পাওয়ার অতৃপ্তি তো থাকবেই, ‘নিজের ভুলের জন্য সেঞ্চুরি মিস করলাম। হলে ভালো হতো।’
দ্বিতীয় উইকেট-জুটিতে তাঁর সঙ্গী মিঠুন ছিলেন আরও আক্রমণাত্মক। ৭৫ বলে ৭৫, চার বাউন্ডারির সঙ্গে তিনটি ছক্কা। তারপরও স্কোরকার্ড দেখলে মনে হতে পারে রূপগঞ্জের তুলনায় আবাহনীর ইনিংসই বুঝি ব্যক্তিগত সাফল্যে বেশি উজ্জ্বল। কিন্তু সৌম্য-মিঠুনের ওই আগ্রাসন যে ছিল না তামিম (৬৪ বলে ৫৪), নাজমুল (৮২ বলে ৭২) ও মোসাদ্দেকের (৭৫ বলে অপরাজিত ৬৭) ব্যাটে!
আবাহনীর পেসার তাসকিনের একমাত্র সান্ত্বনা জুনায়েদের উইকেট। ম্যাচ শেষে উল্টো দুঃসংবাদই শুনে থাকতে পারেন তিনি। বোলিং কোচ হিথ স্ট্রিকের পরামর্শে কালকের ম্যাচে তাসকিনের বোলিং ভিডিও করা হয়েছে। ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে সংশ্লিষ্ট ব্যক্তিদের মনে হয়েছে, তাঁর ত্রুটিপূর্ণ অ্যাকশনের কোনো উন্নতিই হয়নি এখনো। চারটি ক্যামেরায় চার অ্যাঙ্গেল থেকে তোলা ফুটেজ কালই পাঠানোর কথা ছুটিতে থাকা জাতীয় দলের কোচ চন্ডিকা হাথুরুসিংহে ও স্ট্রিকের কাছে।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী: ৫০ ওভারে ২৫৫/৬ ( নাজমুল ৭২, মোসাদ্দেক ৬৭*, তামিম ৫৪, বিসলা ২৭; হায়দার ৩/৪৮, তাইজুল ২/৫০, মোশাররফ ১/৪১)। রূপগঞ্জ: ৪৬.৪ ওভারে ২৪৫/৫ (সৌম্য ৮৪, মিঠুন ৭৫, মোশাররফ ২৫*, নাহিদুল ২৫; সাকলাইন ২/৩৪, তাসকিন ১/৩৬, মোসাদ্দেক ১/৪৬, নাজমুল ১/৪৯)। ফল: রূপগঞ্জ ২১ রানে জয়ী (ডি/এল)। ম্যান অব দ্য ম্যাচ: সৌম্য সরকার।