আলোকস্বল্পতার আগেই অন্ধকারে প্রোটিয়ারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলোকস্বল্পতায় খেলা থামিয়ে দেওয়া হচ্ছে। ছবি: এএফপি
আলোকস্বল্পতায় খেলা থামিয়ে দেওয়া হচ্ছে। ছবি: এএফপি

পর্যাপ্ত আলো না থাকায় নির্দিষ্ট সময়ের আগেই শেষ হলো ডারবান টেস্টের তৃতীয় দিনের খেলা। প্রথম দিনেও ঘটেছিল একই ঘটনা। অবশ্য দক্ষিণ আফ্রিকা অন্ধকার দেখছে দিনের দ্বিতীয় সেশন থেকেই। দ্বিতীয় ইনিংসে ৯ উইকেট হারিয়ে ২১৩ রান তুলেছে অস্ট্রেলিয়া। ৪০২ রানে এগিয়ে থাকা সফরকারী দল সিরিজের প্রথম টেস্ট জেতার স্বপ্নটা আজ রাতেই দেখতে পারেন স্টিভ স্মিথরা।

ডারবানের উইকেট তার চরিত্র বজায় রেখেছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে বোলারদের দিকে। কেশব মহারাজ বাঁহাতি স্পিনে আবারও ঝামেলায় ফেলেছেন সফরকারীদের। টপ অর্ডারের ক্যামেরন ব্যানক্রফট (৫৩) ও উসমান খাজাকে (৬) ফিরিয়ে প্রথম রান তোলায় বাঁধ দিয়েছেন। শেষ সেশনে টিম পেইনকে আউট করে আজকের মধ্যেই অস্ট্রেলিয়াকে অলআউট করার সম্ভাবনা জাগিয়েছিলেন মহারাজ।
কিন্তু এই বাঁহাতি স্পিনার নন, কাজের কাজটা করেছেন অনিয়মিত বোলার ডিন এলগার। ৩ উইকেটে দেড় শ ছুঁয়ে ফেলছিল অস্ট্রেলিয়া, এমন অবস্থায় এলগারের হাতে বল তুলে দিয়েছিলেন ফাফ ডু প্লেসি। সুইপ করতে গিয়ে স্টিভ স্মিথ এলগারকে দিনের সেরা উপহার দিয়ে এসেছেন। এরপরই ধস নামে অস্ট্রেলিয়া ইনিংসে। ৬৩ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল সফরকারীরা।
আলোকস্বল্পতায় খেলা থেমে যাওয়ায় আজ আর অলআউট হয়নি অস্ট্রেলিয়া। অবশ্য তাতেও খুব একটা কিছু আসে যায় না অস্ট্রেলিয়ার। ডারবানের এ উইকেটে চার শ রান তাড়া করা যে প্রায় অসম্ভব বলেই ঠেকছে।