আলোচনায় তিন 'ম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে জরুরি পরিস্থিতিতে নিরাপত্তাব্যবস্থার একটা মহড়া হয়ে গেল কাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নামল হেলিকপ্টারও l প্রথম আলো
অস্ট্রেলিয়া সিরিজ সামনে রেখে জরুরি পরিস্থিতিতে নিরাপত্তাব্যবস্থার একটা মহড়া হয়ে গেল কাল। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নামল হেলিকপ্টারও l প্রথম আলো

‘লাকি সেভেন’ বলে একটা কথা আছে। এবার দেখা যাচ্ছে ‘লাকি সেভেনটিন’ও আছে! এই সৌভাগ্যবান ১৭ জন থেকেই নাকি হবে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের দল!

কয়েক দিন ধরেই এ নিয়ে কানাঘুষা। ম্যাচ পরিস্থিতির অনুশীলনের জন্য নির্বাচিত ১৭ জনে মাহমুদউল্লাহ, মুমিনুল হক নেই। এঁদের প্রথমজন ছিলেন না বাংলাদেশ দলের সর্বশেষ টেস্টের স্কোয়াডে। আরেকজন স্কোয়াডে থাকলেও একাদশে ছিলেন না। কাজেই এই ধারণাটা খুবই গতি পাচ্ছে যে, ১৭ জনে যেহেতু নেই, অস্ট্রেলিয়া সিরিজের টেস্ট দলেও থাকবেন না দুই ‘ম’।

তবে কাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন, নির্বাচক হাবিবুল বাশার ও কোচ চন্ডিকা হাথুরুসিংহের মধ্যে ছোটখাটো এক সভার পর ধারণাটা সামান্য হলেও বাঁক খেতে পারে বলে মনে হচ্ছে। কোচ দুই টেস্টের জন্য দুই ‘ফর্মুলা’র দল চেয়েছেন নির্বাচকদের কাছে। ঢাকা ও চট্টগ্রামের দুই টেস্টের জন্য দল হবে দুটি। সেই দুই দলের যেকোনো একটিতে মাহমুদউল্লাহ, মুমিনুলের অন্তত একজন থাকতে পারেন। আরেকটা বিষয়ও মোটামুটি নিশ্চিত। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে থাকছেন দুজনই।

বাংলাদেশের সর্বশেষ টেস্টটা স্মরণীয় হয়ে আছে এ দেশের ক্রিকেট ইতিহাসেই। কলম্বোয় শততম টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে জয়। মাহমুদউল্লাহ বা মুমিনুলের পরিবর্তে যাঁরা খেলেছেন, তাঁদের কাউকেই ওই টেস্টে পুরোপুরি ব্যর্থ বলা যাবে না। এমনকি ওই ম্যাচেই টেস্ট অভিষেক হওয়া মোসাদ্দেক হোসেনও প্রথম ইনিংসে করেছিলেন ৭৫ রান। কোচ-নির্বাচকদের তাই মধুর সমস্যা। মাহমুদউল্লাহ, মুমিনুলের মতো ব্যাটসম্যানদেরও অপেক্ষা করতে হচ্ছে চূড়ান্ত দল ঘোষণা পর্যন্ত।

আগামীকাল আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমেই হওয়ার কথা সেটি। তার আগে আজ দুপুরে আরেক দফা বসবেন মিনহাজুল-হাবিবুল-হাথুরুসিংহে ত্রয়ী। অনুশীলনের সূচিতে আজকের দিনটা ছুটি থাকলেও বৃষ্টিতে গত পরশু অনুশীলন না হওয়ায় সেটি পুষিয়ে নিতে চাচ্ছেন কোচ। আজ অনুশীলনের ফাঁকেই নির্বাচকদের সঙ্গে হাথুরুসিংহের চূড়ান্ত দল নির্বাচনী সভাটি হয়ে যাবে। বর্ধিত এই সভার প্রয়োজন নাকি পড়ছে ‘ম’ সমস্যার সমাধান করতেই।

দল নির্বাচনী সভায় নাসির হোসেনকে নিয়ে নিশ্চিতভাবেই কথা হবে। বিশেষ করে কালকের ম্যাচ পরিস্থিতির অনুশীলনে দুর্দান্ত ব্যাটিংয়ের পর। টেস্টের সাদা পোশাক হাতের কাছে ছিল না বলে রঙিন পোশাক পরে খেলতে নামা সাকিবের ব্যাটিংও ছিল চোখে পড়ার মতো। বল হাতে সবচেয়ে আক্রমণাত্মক মনে হয়েছে অফ স্পিনার মেহেদী হাসান মিরাজকে। তবে দিনের সেরা ব্যাটসম্যান নাসিরকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলা বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও খারাপ বল করেননি।

কাল ম্যাচ পরিস্থিতির অনুশীলন চলার সময়ই ঘোষণা করা হয়েছে সিরিজের টাইটেল স্পনসরের নাম। গত বছরের ইংল্যান্ড ও আফগানিস্তান সিরিজের মতো এবারও স্পনসর ডাচ্-বাংলা ব্যাংকের মোবাইল ব্যাংকিং ‘রকেট’। এক ফাঁকে অস্ট্রেলিয়া সিরিজকে উপলক্ষ করে শেরেবাংলা স্টেডিয়ামে নিরাপত্তা মহড়াও দিয়ে গেছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো দল। হেলিকপ্টার নিয়ে এসে তারা নিরাপদে সরিয়ে নিতে গেছেন অতিথি দলের ড্রেসিংরুমে থাকা ‘ডামি’ খেলোয়াড়দের। আর ম্যাচের মহড়ায় ভালোভাবেই পাস করে গেছে শেরেবাংলা স্টেডিয়ামের মাঠ। সংস্কারের পর কাল প্রথম বল গড়াল এখানে। উইকেট কিছুটা মন্থর মনে হলেও আউটফিল্ডে বলের গতি বেশ ভালো।

সিরিজের এই ভেন্যু নিয়ে এমনিতেও চিন্তা ছিল না। চিন্তা হলো অস্ট্রেলিয়ার প্রস্তুতি ম্যাচের ভেন্যু নিয়ে এবং সেটা নাকি এখন একটু অন্য দিকেই মোড় নিচ্ছে। ইউল্যাবের পর কাল ফতুল্লা ও বিকেএসপির মাঠ দেখার পরও ক্রিকেট অস্ট্রেলিয়ার দুই প্রতিনিধির মুখে হাসি নেই। উল্টো তাঁরা ভাবেসাবে বোঝাচ্ছেন—প্রস্তুতি ম্যাচটা মিরপুরে খেললে কী সমস্যা!

টেস্টের ভেন্যুতে প্রস্তুতি ম্যাচের চিন্তা অবাস্তব। অস্ট্রেলিয়াও হয়তো সে সুযোগ পাবে না। তবে তাদের অমন নির্বাক ইচ্ছা প্রকাশে বাংলাদেশের ‘ম’ সমস্যা আরেকটু বাড়ল। ‘ম’তে মাহমুদউল্লাহ-মুমিনুল; ‘ম’-তে তো মাঠও!