আলোচনায় যখন ডিআরএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৬ বার রিভিউ নেওয়া হয়েছে, এর মধ্যে আম্পায়ারের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে ১১ বার

চট্টগ্রাম টেস্ট স্মৃতির সরণিতে উজ্জ্বল হয়ে থাকবে অনেক কারণেই। এই টেস্টকে মনে রাখতে হবে ডিসিশন রিভিউ সিস্টেমের (ডিআরএস) জন্যও। 

প্রথম ইনিংসেই রিভিউ হয়েছে ১০টি। এক ইনিংসে এতবার রিভিউ নেওয়ার ঘটনা আগে কখনো ঘটেনি। শেষ পর্যন্ত সেটি রেকর্ডে গিয়ে থেমেছে। চট্টগ্রাম টেস্টে মোট ২৬ বার রিভিউ নেওয়া হয়েছে, যেটি এক টেস্টে সর্বোচ্চ। প্রথম দিনে মেহেদী হাসান মিরাজের বলে গ্যারি ব্যালান্সের এলবিডব্লু দিয়ে শুরু। কাল বেন স্টোকসের বলে শফিউল ইসলামের এলবিডব্লুর রিভিউ দিয়ে সেটির শেষ।

প্রতি ৮০ ওভারে রিভিউ নেওয়ার সুযোগ থাকে দুটি করে। এর মধ্যে দুটি ভুল রিভিউ নিয়ে শেষ হলে ৮০ ওভার পর নতুন দুটি রিভিউ পাওয়া যায়। রিভিউ নেওয়া দলের পক্ষে সিদ্ধান্ত গেলে তাদের বরাদ্দ রিভিউ কমে না। এই টেস্টে দুই দলই রিভিউ নিয়েছে ১৩টি করে। যদিও বেশির ভাগ রিভিউ গেছে ইংল্যান্ডের পক্ষে। প্রতি সেশনে গড়ে রিভিউ নেওয়া হয়েছে দুটি করে।

একাধিকবার সাফল্য এসেছে বলেই এতগুলো রিভিউ নিতে পেরেছে দুটি দল। যে ২৬ বার রিভিউ নেওয়া হয়েছে, এর মধ্যে আম্পায়ারের সিদ্ধান্ত ভুল প্রমাণিত হয়েছে ১১ বার। কুমার ধর্মসেনার সিদ্ধান্তই ভুল প্রমাণিত হয়েছে আটবার। বাকি তিনটি ক্রিস গ্যাফেনির। এমন স্পিন-সহায়ক উইকেটে সাদাচোখে এলবিডব্লু কিংবা ব্যাটের কানায় লাগা ক্যাচগুলো পরিষ্কার বুঝতে পারা কঠিনই। তাই বলে আম্পায়াররা এতবার ভুল করবেন!

এমন নয় যে, এই টেস্টে আম্পায়াররা ১১ বারই ভুল করেছেন। কখনো আম্পায়ার ভুল সিদ্ধান্ত দিয়েছেন, কিন্তু অধিনায়ক রিভিউ নেননি। পরে রিপ্লেতে দেখা গেছে, অধিনায়ক রিভিউ চাইলেই ভালো করতেন। আম্পায়ারিং নিয়ে তো আছেই, ডিআরএস শতভাগ নির্ভুল কিনা সেই প্রশ্নও উঠছে। আলোচিত ডিআরএস নিয়ে বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিমের উত্তরটা বেশ কৌশলী, ‘ফল হওয়ার পর এটা অন্য রকম মনে হতে পারে। এমনও হতে পারত, আজকের (কাল) সিদ্ধান্ত দুটি আমাদের পক্ষে আসার পর আমরা জিতে গেলে ওরা হয়তো অভিযোগ করত! হক-আইয়ের ব্যাপারটা আমাদের হাতে নেই। আমাদের যতটুকু আছে তা দিয়ে সর্বোচ্চ চেষ্টা করেছি। এটা কখনো কারও পক্ষে যাবে, কারও বিপক্ষে।’

বেশির ভাগ সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে গেলেও মুশফিক ডিআরএসেই আস্থা রাখছেন, ‘ডিআরএস পক্ষে কিংবা বিপক্ষে যেতে পারে। কয়েকটা তো আমাদের পক্ষেই এসেছে। অনেক সময় আসেনি। খেলায় এটা হতেই পারে। এগুলো আসলে ভাগ্যের ওপর নির্ভর করে। ভবিষ্যতে আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দিতে, যাতে রিভিউ আমাদের পক্ষে আসে।’