আলোচনায় যখন হেলিকপ্টার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটা নেমেছে, আরেকটা নামছে। এমএ আজিজ স্টেডিয়ামে রংপুর রাইডার্স অধিপতিদের দুই হেলিকপ্টার l প্রথম অালো
একটা নেমেছে, আরেকটা নামছে। এমএ আজিজ স্টেডিয়ামে রংপুর রাইডার্স অধিপতিদের দুই হেলিকপ্টার l প্রথম অালো

উড়ালসেতু নির্মাণের পার্শ্বপ্রতিক্রিয়া কিছুটা কাটিয়ে উঠেছে চট্টগ্রাম। জিইসি মোড়ের শোচনীয় অবস্থা বাদ দিলে সেতু নির্মাণের কারণে এবড়োখেবড়ো হয়ে পড়া সড়কগুলো এখন কিছুটা ভালো। তবে এই শহরের ধুলার পরিমাণ দিল্লির চেয়ে কম না বেশি, সেটি নিয়ে অনুসন্ধান হতে পারে।

ধুলায় ধূসর চট্টগ্রামকে রাঙাতে পারত বিপিএল। কিন্তু রাঙাচ্ছে কই! আগে ক্রিকেটের যেকোনো আসর বসলেই চট্টগ্রামে উৎসবের আমেজ ছড়াত। আন্তর্জাতিক সিরিজের খেলা তো বটেই, ২০০৯-এর পোর্ট সিটি ক্রিকেট লিগ (পিসিএল) এবং বিপিএলের আগের আসরগুলোতেও চট্টগ্রামের মানুষের মধ্যে উৎসাহের অভাব দেখা যায়নি। এবার সেটি তীব্রভাবে অনুপস্থিত। খেলার দিন গ্যালারি মোটামুটি ভরছে, কিন্তু নগরের এক পাশের ওই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম বাদ দিলে আর কোথাও বিপিএলের উত্তাপ নেই। বোঝাই যায় না, এই নগরেই এখন অবস্থান করছেন ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, কার্লোস ব্রাফেট, ড্যারেন স্যামির মতো নামী ক্রিকেটাররা। বিভিন্ন কারণে অসন্তুষ্ট স্থানীয় সংগঠকদের নিষ্ক্রিয় হয়ে থাকা এর একটি কারণ হলেও হতে পারে।

বিপিএলের চেয়ে চট্টগ্রামে বেশি আলোচনা হচ্ছে হেলিকপ্টার নিয়ে। বাংলাদেশের মানুষের এই একটা জিনিসের প্রতি কৌতূহল সম্ভবত সৌরজগৎ নিয়ে কৌতূহলের চেয়েও বেশি। যেখানেই হেলিকপ্টার, সেখানেই ভিড়। নিরাপত্তার কারণে আপাতত এমএ আজিজ স্টেডিয়ামে এ রকম ভিড় করার সুযোগ নেই। তবে রংপুর রাইডার্সের হেলিকপ্টার এসে মাঠে হুটহাট নেমে যাওয়াটা ভালোই আলোচনার খোরাক জোগাচ্ছে।

এর আগে এক দিন তাদের হেলিকপ্টার নেমেছিল রাজশাহী কিংসের অনুশীলনের সময়। রাজশাহী সেটি নীরবে মেনে নিলেও কাল ঢাকা ডায়নামাইটসের অনুশীলনেও পরপর দুটি হেলিকপ্টার নেমে পড়া নিয়ে ভালোই তোলপাড় হলো। বিকেল ৩টা ৪০ মিনিটে নেমে হেলিকপ্টার দুটি মাঠে ছিল প্রায় ৫০ মিনিটের মতো। পুরো সময়ই ঘুরেছে হেলিকপ্টারের পাখা। হেলিকপ্টার মাঠ ছেড়ে যাওয়ার আগে আবার আরেক ‘চমক’। চারটি জিপ ঢুকে পড়ল মাঠে। সেগুলোর মধ্য থেকে রংপুর রাইডার্সের লোগো অঙ্কিত কালো একটি জিপ সোজা চলে গেল মাঠে দুই হেলিকপ্টারের মাঝে। গাড়ি থেকে নেমে আরোহীরা উড়াল দিলেন হেলিকপ্টারে চড়ে। ঢাকা ডায়নামাইটস তো বটেই, এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয় সংগঠক-কর্মকর্তারাও।

হেলিকপ্টার-কাণ্ডে আলোচনার কেন্দ্রে থাকলেও বিপিএলে আজ খেলা নেই রংপুরের। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। এবার চট্টগ্রামে এটিই ঢাকার প্রথম ম্যাচ। অন্যদের চেয়ে দলটা চট্টগ্রামে এসেছেও দুই দিন পরে। হেলিকপ্টার পাশে রেখে অনুশীলনও করেছে কালই প্রথম। দলের পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদি ও ওয়েস্ট ইন্ডিয়ান কাইরন পোলার্ড অবশ্য ছিলেন না। কয়েক দিনের বিরতি পেয়ে আফ্রিদি চলে গেছেন দুবাই। ফেরার কথা গতকাল রাতে। পরপর দুই ম্যাচ খেলে ক্লান্ত চট্টগ্রাম ভাইকিংস কাল অনুশীলনই করেনি।

সন্ধ্যার ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইটানস ও রাজশাহী কিংস। দুই দলই অনুশীলন করেছে কাল সকালে। আট ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সবার ওপরে থাকা খুলনার পেসার আবু জায়েদ বলছিলেন, ‘যদি কালকের (আজকের) ম্যাচটা জিতি, তাহলেও আমরা পয়েন্ট টেবিলের ওপরে থাকব। আমাদের টার্গেট এক-দুই হয়ে সেমিফাইনালে যাওয়া।’ সমান ম্যাচে মাত্র ৬ পয়েন্ট পাওয়া রাজশাহীর ব্যাটসম্যান মুমিনুল হক প্রেরণা খুঁজছেন গতবারের অভিজ্ঞতায়, ‘গত বছরও আমাদের এমন অবস্থা
হয়েছিল। তখনো আমরা চট্টগ্রামে এসে ঘুরে দাঁড়িয়েছি। এবারও এখানে এসে ভালো করার চেষ্টা করছি। এখানে আমাদের এখনো দুটি ম্যাচ আছে। চেষ্টা করব দুটি ম্যাচই জেতার।’

তাতে ভালোই হবে। আরও জমে উঠবে মাঠের বিপিএল। হেলিকপ্টার নিয়ে আলোচনা তাতে চাপা পড়লেও পড়তে পারে।