আলোয় এবার দেশিরাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম রাউন্ডের ছয় ম্যাচে জয়জয়কার ছিল বিদেশি ব্যাটসম্যানদের। সেঞ্চুরি পেয়েছিলেন তিন বিদেশি। এঁদের দুজন আসহার জায়েদি ও চামারা কাপুগেদারা খেলেছিলেন লিস্ট ‘এ’ ম্যাচে নিজেদের সর্বোচ্চ ইনিংস। কাল দ্বিতীয় রাউন্ডেও ক্যারিয়ার-সেরা ইনিংস খেলেছেন আরেক বিদেশি লিয়াম ডসন (১১৩*)। শেখ জামালের ইংলিশ ব্যাটসম্যান পেয়েছেন লিস্ট ‘এ’ ম্যাচে প্রথম সেঞ্চুরি। তবে কালই বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে এবারের লিগে সেঞ্চুরি পেয়েছেন পারটেক্সের অধিনায়ক রাজিন সালেহ (১০৫)। দুই সেঞ্চুরির দিনে ক্যারিয়ার-সেরা বোলিং করেছেন দুই বাঁহাতি স্পিনার আরাফাত সানি (৫/১৮) ও নাঈম ইসলাম জুনিয়র (৬/৩৩)।
ব্যক্তিগত অর্জনের দিনে টানা দ্বিতীয় জয় পেয়েছে আবাহনী ও লিজেন্ডস অব রূপগঞ্জ (গাজী ট্যাংক)। কলাবাগান ক্রীড়াচক্রকে ১২২ রানে হারিয়ে প্রথম জয় পেয়েছে প্রতিবেশী ক্লাব শেখ জামাল ধানমন্ডি। শেরেবাংলা স্টেডিয়ামে প্রাইম দোলেশ্বরের ১৪৭ রান ৭৬ বল ও ৮ উইকেট হাতে রেখেই পেরিয়ে যায় আবাহনী। মাত্র ২ রানের জন্য সেঞ্চুরি পাননি দলটির ওপেনার লিটন দাস।
ফতুল্লায় রূপগঞ্জের ২২৭ রানের পেছনে ছুটে ৪৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৮২ রান তুলে ফেলেছিল পারটেক্স। ৪৪তম ওভারের চতুর্থ বলে নাঈম জুনিয়রের বলে রাজিনের বোল্ডেই সূচনা ধসের। এরপর মাত্র ২৮ বলের মধ্যে ১৯ রান তুলতেই শেষ পারটেক্স। ৪৮তম ওভারেই ৩ উইকেট নিয়েছেন নাঈম।
বিকেএসপিতে ডসনের ঝোড়ো সেঞ্চুরিতেই (৮৩ বলে ১১৩*, ৫ চার, ৮ ছয়) ৫ উইকেটে ২৯৬ রান করে শেখ জামাল। ৬০ বলে ফিফটি ছোঁয়া ডসন ৭৯ বলেই করে ফেলেন সেঞ্চুরি।
সংক্ষিপ্ত স্কোর
আবাহনী-দোলেশ্বর, মিরপুর
দোলেশ্বর: ৪৮.৪ ওভারে ১৪৭ (হাবিবুর ৪১, ম্যালান ২৭, মুক্তার ১৯; অপু ৩/২২, আল আমিন ২/২৬, জিয়া ২/২৬, শুভাশিস ২/৩৪)। আবাহনী: ৩৭.২ ওভারে ১৪৮/২ (লিটন ৯৮, মজিদ ২৭, রাজাপক্ষে ১৯*; ইলিয়াস সানি ২/৪০)।
ফল: আবাহনী ৮ উইকেটে জয়ী।
শেখ জামাল-কলাবাগান কেসি, বিকেএসপি
শেখ জামাল: ৫০ ওভারে ২৯৬/৪ (ডসন ১১৩*, শাহরিয়ার ৬৫, সায়েম ৪৪, অমিত ৩৩; ফরিদউদ্দিন ২/৩০, রকিবুল ২/৪২, নাসুম ১/৫২)। কলাবাগান: ৪৭.১ ওভারে ১৭৪ (শামসুর ৫৪, তাসামুল ৪৩, নাসুম ২৬; আরাফাত সানি ৫/১৮)।
ফল: শেখ জামাল ১২২ রানে জয়ী।
রূপগঞ্জ (গাজী ট্যাংক)-পারটেক্স, ফতুল্লা
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২২৬/৯ (ফয়সাল ৫২*, আসহার ৪৫, জুনায়েদ ৪৪, মিলন ২৮; রহমান ২/৩৪, আজিম ২/৪৮, সাব্বির ২/৫৬)। পারটেক্স: ৪৮.১ ওভারে ২০১ (রাজিন ১০৫, মেহরাব ৫৩, আল মামুন ১৪; নাঈম জুনিয়র ৬/৩৩)।
ফল: রূপগঞ্জ ২৫ রানে জয়ী।