৮ ওভারে ২৫ রান দরকার ছিল ইংল্যান্ডের। হাতে ৬ উইকেট। ক্রিজে জো রুট অপরাজিত ২৯ বলে ৩৩ রান নিয়ে। খেলাটা ক্রিকেট বলেই এমন পরিস্থিতিতেই ম্যাচটা যেতে পারত যেকোনো দিকে। তবে সাদা চোখে ইংল্যান্ডের জয়টাই সম্ভাব্য ফল বলে মনে হচ্ছিল। সেটা না হয়ে পরশু আবুধাবিতে ম্যাচ ড্র হলো আলোকস্বল্পতায় খেলা বন্ধ হয়ে যাওয়ায়।
অবশ্য চা-বিরতির ঘণ্টা দেড়েক পর পাকিস্তান অলআউট হয়ে যাওয়ায় ইংল্যান্ড যখন জয়ের জন্য ১৯ ওভারে ৯৯ রানের লক্ষ্য পেল, তখনই বোঝা যাচ্ছিল আলোকস্বল্পতায় সবগুলো ওভার খেলার সুযোগ হয়তো তারা পাবে না। তার পরও জয়ের এত কাছে গিয়েও ড্র হলো বলে ইংল্যান্ড হতাশ। হতাশাটাও অনুমিতই। যেমন অনুমিত পাকিস্তানের স্বস্তিও।
তবে আচরণবিধি বলে একটা ব্যাপার আছে। আর সেই কারণে হতাশা কিংবা আক্ষেপ প্রকাশ করতে গিয়ে সেটা যাতে অভিযোগের মতো হয়ে না যায় সেই ব্যাপারেও সতর্ক ইংল্যান্ড অধিনায়ক অ্যালিস্টার কুক, ‘আমার শুধু জানতে ইচ্ছে করছে, আইন অনুযায়ী ওই অবস্থায় খেলা চালিয়ে যাওয়া বিপজ্জনক ছিল কি না। ম্যাচ রেফারিদের সঙ্গে বৈঠকে আমাদের তো সব সময় বলা হয়, বিপজ্জনক কি না সেটাই আগে দেখ। আমার তো মনে হয় না, (পরশু) ওই অবস্থায় খেলা চালিয়ে যাওয়া বিপজ্জনক ছিল।’
কে জানে, পরিস্থিতি উল্টো হলে কুক অন্য কথা বলতেন কি না!
সাবেক খেলোয়াড়দের ওপর আচরণবিধির এই চোখরাঙানি নেই। সে কারণেই হয়তো সাবেক ইংল্যান্ড অধিনায়ক মাইকেল ভন ম্যাচটির সমাপ্তি নিয়ে বেশ স্পষ্টভাষী, ‘খেলাটির স্বার্থেই খেলা চালিয়ে যাওয়া উচিত ছিল, যতক্ষণ না পরিস্থিতি হাস্যকর হয়ে ওঠে।’ আরেক সাবেক ইংলিশ ব্যাটসম্যান জিওফ বয়কট তো রীতিমতো ক্ষোভ ঝাড়লেন, ‘ক্রিকেট ও এর দর্শকদের জন্য আমার সহমর্মিতা। যদি এমন পরিস্থিতিতে টেস্ট ক্রিকেটে আপনি ফ্লাডলাইট ব্যবহার করেন তাহলে ভালোমতোই করা উচিত এবং খেলা চালিয়ে যাওয়া উচিত। কিংবা আপনাকে বলতে হবে যে এসব ক্ষেত্রে ফ্লাডলাইট একদমই ব্যবহার করা হবে না।’
পাকিস্তানের স্বস্তি অবশ্য ম্যাচ শেষে অধিনায়ক মিসবাহ-উল-হকের কথাতেই বোঝা গেছে। তবে আরেকটু সরাসরি বলেছেন সাবেক পাকিস্তানি ব্যাটসম্যান মোহাম্মদ ইউসুফ, ‘আল্লাহর কাছে শুকরিয়া যে আলোকস্বল্পতায় খেলা আগেই শেষ হয় গেছে এবং লজ্জাজনক এক হার থেকে আমরা বেঁচে গেছি।’ ডেইলি মেইল, পিটিআই।