আশঙ্কামুক্ত রজার্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমস্যাটা গুরুতর নয়, এটা জানা গিয়েছিল প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পরই। তবু সতর্কতা হিসেবে একজন বিশেষজ্ঞকে দেখিয়েছিলেন ক্রিস রজার্স। লন্ডনের সেই বিশেষজ্ঞ চিকিৎসকও নিশ্চিত করেছেন, ভয়ের কোনো কারণ নেই অস্ট্রেলিয়ান ওপেনারকে নিয়ে। কানের ভেতরের দিকটায় ভারসাম্যহীনতায় ভুগছিলেন রজার্স। শুক্রবারই তাই নটিংহামে দলের সঙ্গে যোগ দিয়েছেন রজার্স। অবশ্য ২৯ জুলাই এজবাস্টনে শুরু হতে যাওয়া তৃতীয় টেস্টে খেলার মতো ফিট কিনা, সেটা বোঝার জন্য আরও কিছু পরীক্ষা-নিরীক্ষার মুখোমুখি হতে হবে বাঁহাতি এই ওপেনারকে।
লর্ডস টেস্টের দ্বিতীয় দিনে জেমস অ্যান্ডারসনের বল লেগেছিল রজার্সের মাথায়। তাৎক্ষণিক কোনো সমস্যা না হলেও চতুর্থ দিন নন-স্ট্রাইকিং প্রান্তে থাকা অস্ট্রেলিয়ান ওপেনার অস্বস্তি বোধ করতে থাকায় হাঁটু গেড়ে বসে পড়েন। এরপর আর ব্যাটিংই করতে পারেননি। ডার্বিশায়ারের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচটায় তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। এএফপি।