আশরাফুলদের ধরিয়ে দিয়েছিলেন পন্ট!

বিপিএলের ফিক্সিং বিতর্কে নাম এসেছিল তাঁরও। কলঙ্কতিলক গায়ে বয়ে বেড়াচ্ছিলেন এত দিন ধরে। ভারতে একটি পেস ফাউন্ডেশন চালাচ্ছেন এখন। ফিক্সিংয়ের দুর্নাম থাকায় হাতছাড়া হয়ে গেছে অনেক চাকরির প্রস্তাব। অথচ তাঁর দাবি, তিনিই ধরিয়ে দিয়েছেন ফিক্সিং! ভেবেছিলেন বীরের সম্মান পাবেন ক্রিকেট-দুনিয়ায়, আইসিসি দেবে স্বীকৃতি। হয়েছে উল্টো। সব মিলিয়ে দম বন্ধ হয়ে আসছিল, শেষমেশ ইয়ান পন্টের চমক-জাগানিয়া বিস্ফোরণ। বাংলাদেশের সাবেক বোলিং কোচ ও ঢাকা গ্ল্যাডিয়েটরসের সাবেক কোচ ইএসপিএনক্রিকইনফোকে বলেছেন, ফিক্সিং করেননি, বরং তিনি ছিলেন আকসুর স্টিং অপারেশনের একজন সৈনিক! বিপিএল ফিক্সিং আলোয় আনার অন্যতম নেপথ্য কারিগরও তিনি।
বিপিএল ফিক্সিংয়ে নিষিদ্ধ হয়েই এখন ক্রিকেটের বাইরে মোহাম্মদ আশরাফুল। শাস্তি হয়েছে আশরাফুলের দল ঢাকা গ্ল্যাডিয়েটরসের দুই মালিক সেলিম চৌধুরী ও শিহাব চৌধুরীরও। ২০১৩ সালের ২ এপ্রিল চট্টগ্রামে ঢাকা গ্ল্যাডিয়েটরস ও চিটাগং কিংসের ম্যাচটিকে সন্দেহজনক মনে হয়েছিল। তবে শুধু খালি চোখে দেখে নয়, পরে জানা যায় আকসু আশরাফুলকে জিজ্ঞাসাবাদ করেছিল যথেষ্ট প্রমাণ হাতে নিয়েই। সেই প্রমাণের উৎস এত দিন ছিল অজানা। পন্টের দাবি, প্রমাণগুলো মিলেছিল গ্ল্যাডিয়েটরস কোচের সাহায্যেই।
কী ঘটেছিল ওই ম্যাচের আগে? শুনুন পন্টের জবানিতেই, ‘সবকিছুর শুরু ২০১৩ সালের ১ ফেব্রুয়ারি। জিশান চৌধুরী (গ্ল্যাডিয়েটরসের স্বত্বাধিকারী শিহাব চৌধুরী) আরেকজন লোককে নিয়ে আমার কক্ষে আসে। ওই দিনই আমরা ষষ্ঠ ম্যাচে পঞ্চম জয় পেয়ে পয়েন্ট তালিকার শীর্ষে আছি। জিশান আমাকে বলল, পরদিন চিটাগং কিংসের বিপক্ষে ম্যাচটি তারা পাতাতে চায়। একট টুকরো কাগজ এনেছিল সে, যেখানে সুনির্দিষ্ট করে লেখা ছিল, ম্যাচের কোন জায়গায় কী করতে হবে। এটা স্পষ্ট ছিল যে ম্যাচের কোনো একটা পর্যায় নয়, তারা ম্যাচের ফলটাই ফিক্স করতে চায়।’
ওই সময় নিজের মানসিক অবস্থার কথাও শুনিয়েছেন পন্ট, ‘আমার প্রথম প্রতিক্রিয়া ছিল, “আমি বাড়ি ফিরে যাব।” আমার মাথা ঘুরছিল। যেভাবে কথা বলছিল ওরা, মনে হচ্ছিল আরও অনেকেই এটির সঙ্গে জড়িত। নিয়মিত অধিনায়ক মাশরাফিকে বদলে ওরা মোহাম্মদ আশরাফুলকে দায়িত্ব দিতে চাইছিল, কারণ জানত যে মাশরাফি কোনো রকম দুর্নীতি করবে না। আগেই এ রকম একটি প্রস্তাব পেয়ে মাশরাফি ম্যানেজমেন্টকে জানিয়েছিল, সংবাদমাধ্যমেও এনেছিল। ওরা তাই চাইছিল মাশরাফিকে দলের বাইরে রাখতে। ওরা দুজন নতুন বোলারকে দলে আনতে চাইছিল, যারা ফিক্সিংয়ে সহায়তা করবে। নিজেদের পরিকল্পনায় চাইছিল আরেকজন ব্যাটসম্যানকেও। আমি জানি ওরা ওয়াইস শাহ ও ড্যারেন স্টিভেন্সকে প্রস্তাব দিয়েছিল, শাহ প্রস্তাবের কথা জানিয়ে দিয়েছিল আর স্টিভেন্স খুবই হতাশ হয়েছিল এবং ম্যাচের আগে আমাকে বলেছিল যে এসব কিছুই সে করবে না।’
প্রস্তাবের পরদিনই আকসুকে জানিয়ে দেন পন্ট, ‘রাতে আমি আমার স্ত্রীকে ফোন করে বলি যে দেশে ফিরতে চাই। দুজনে আলোচনার পর আমার স্ত্রী বলে যে, আকসুকে জানানো এবং টুর্নামেন্ট ছেড়ে চলে যাওয়ার আমার সিদ্ধান্তকে ও সমর্থন করবে। পরদিন সকালেই আমি সব জানিয়ে দিই। আকসু কর্মকর্তা পিটার ও’শি ও আমি এক হোটেলেই ছিলাম। তিনি আমাকে সকালের নাশতায় আমন্ত্রণ জানালেন। আমি তাঁকে বিস্তারিত জানিয়ে বললাম যে পরের ফ্লাইটেই দেশে ফিরতে চাই। উনি বললেন যে আমি ঠিক কাজটিই করেছি এবং আমি চাইলে উনি নিজে আমাকে বিমানবন্দরে নিয়ে যাবেন। কিন্তু এরপরই তিনি আমাকে প্রস্তাব দিলেন, “তুমি যদি সত্যিই চাও আমরা ওই লোকগুলোকে পাকড়াও করি, যদি চাও ওরা আর এসব করতে না পারুক, তাহলে থেকে যাও এবং ওদের বিপক্ষে প্রমাণ সংগ্রহে আমাদের সাহায্য করো।”
পন্ট প্রস্তাবে রাজি হয়ে যান, ‘আমি রাজি হওয়ার পর নাশতার পরপরই ওরা আমার হোটেল রুমের ডেস্কে একটি কলম আকৃতির ভিডিও ডিভাইস এবং ড্রয়ারে অডিও ডিভাইস রাখে। আমি ল্যাপটপের অডিওটাও রেকর্ড করে রাখি এবং বিছানায় অনেক কাগজপত্র ছড়িয়ে রাখি যাতে দেখে মনে হয় যেন কাজ করছি। পরে জিশান চৌধুরীকে রুমে ডাকলাম এবং বললাম পুরো পরিকল্পনা আবার বলতে। জিশান সবকিছু আবার বললেন, কোন কোন ক্রিকেটার পরিকল্পনায় জড়িত এবং তারা কী কী করবে। তাঁর দাবি ছিল, পাঁচজন ক্রিকেটার আছে তাঁদের সঙ্গে। এটাও বলেছিলেন যে চিটাগং কিংস ফিক্সিংয়ে জড়িত নয়। সে চলে যাওয়ার পরই আমি ও’শিকে ফোন করে রুমে ডেকে প্রমাণগুলো দিলাম। আমি ততক্ষণে বাড়ি ফিরতে মরিয়া হয়ে উঠছিলাম। দুর্নীতিতে জড়িত ক্রিকেটারদের নিয়ে গড়া একটি দলকে কোচিং করানো খুব কঠিন। আমার মনে হচ্ছিল না যে ক্রিকেটে মনোযোগ দিতে পারব।’
পন্টকে অন্য ভয়ও চেপে বসেছিল। বারবার মনে পড়ছিল বব উলমারের পরিণতি, ‘আমি শুধু বব উলমারের কথাই ভাবছিলাম। কে জানে, সেদিন জ্যামাইকায় তাঁর সঙ্গে কী হয়েছিল! যতই ভাবছিলাম, ততই ভয় বাড়ছিল। শেষমেশ পিটারের সঙ্গে আবার কথা বললাম এবং ঠিক করলাম যে ক্রিকেটের দীর্ঘমেয়াদি ভালোর জন্য আমি এই পরিকল্পনায় থাকব এবং বাংলাদেশে থেকে পুরোটা দেখে যাব।’
টাকাপয়সার ব্যাপারটিও আসে এরপর, ‘জড়িত হওয়ার কারণে জিশান আমাকে ৬ হাজার ডলার দিতে চাইল। আমি বললাম, এটার প্রয়োজন নেই, শুধু আমার পারিশ্রমিক দিলেই চলবে। ওকে বললাম যে আমার পারিশ্রমিকের দ্বিতীয় কিস্তির ১০ হাজার ডলার পাওনা হয়ে গেছে অনেক আগেই। ওটা পেলেই আমি খুশি। সে আমাকে বলল, চিন্তা নেই, শিগগিরই দেওয়া হবে। ট্রাইব্যুনালের কাছে যে অডিও প্রমাণ দেওয়া হয়েছে, সেখানেই পরিষ্কার যে আমি শুধু পারিশ্রমিকই চেয়েছিলাম।’
আকসু আগে থেকে জানার পরও ম্যাচটি হতে দেওয়ায় বিপিএল ফিক্সিং তদন্তে গঠিত ট্রাইব্যুনাল আকসুর কঠিন সমালোচনা করেছিলেন। কিন্তু পন্টের দাবি, ম্যাচ বন্ধ করা সম্ভব ছিল না, ‘ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে, আকসু যা বলেছিল, সেদিন আমি সব করেছি। এর ফলে ঢাকায় আমি চাকরি হারিয়েছি, যদিও টানা দুই বছর দলকে শিরোপা এনে দিয়েছি। মাঠে গ্যালারির ধারণক্ষমতা ছিল সম্ভবত ৩৫ হাজার, কিন্তু টিকিট কালোবাজারির কারণে লোক ছিল প্রায় ৪৭ হাজার। আমার মনে হয় না, খেলা বন্ধ করতে চাইলেও সেটি করার ক্ষমতা আকসুর আছে। আর বন্ধ করার চেষ্টা করলে সেখানে দাঙ্গা লেগে যেত।’
পরিকল্পনামতোই বাদ দেওয়া হয়েছিল মাশরাফিকে। তাতে মাশরাফির প্রতিক্রিয়া এখনো স্পষ্ট মনে পড়ে পন্টের, ‘আমি প্রতিবেদন দিয়েছিলাম যে মাশরাফির হাঁটুর চোট। খুবই বাস্তব ছিল সেটি, ওর হাঁটুর সমস্যা ছিল বরাবরই। কিন্তু ওকে বলায় ও ভয়াবহ ক্ষিপ্ত হয়ে পড়েছিল। লাথি দিয়ে পানির বোতল উড়িয়ে দিল। আমার ধারণা, মাশরাফি বুঝতে পেরেছিল, কী হতে যাচ্ছে।’
যদিও আকসুর পরিকল্পনামতোই কাজ করেছেন পন্ট, তবু মানসিক শান্তি পাচ্ছিলেন না, ‘আমি খুবই অস্থির ছিলাম। জানতাম এসব পরিকল্পনার অংশ কিন্তু দর্শককে প্রতারিত হতে দেখা ছিল দুঃখজনক। দীর্ঘমেয়াদি ভালো করার জন্যই এসব করছি, এটা আমার মাথায় ছিল। তবু মেনে নিতে পারছিলাম না। ম্যাচ শেষে আমি সংবাদ সম্মেলনে যাইনি, সরাসরি হোটেলে ফিরে যাই।’
টাকাপয়সা নিয়ে ঝামেলা হলো কদিন পর, ‘দিন দুয়েক পর পুরো স্কোয়াড ও কোচদের টাকার খাম দেওয়া হলো। ওদের কাছে আমার পাওনা ছিল ১০ হাজার ডলার, খুলে দেখি ৬ হাজার ডলার। আমি ভয় পেয়ে গেলাম, ৬ হাজার ডলার তো ফিক্সিংয়ের কারণে দেওয়ার কথা! আমি পিটারকে ফোন করলাম তখনই, সে বলল টাকা রেখে দিতে, ওটা পারিশ্রমিক। এখনো ৪ হাজার ডলার বাকি। ওই ৪ হাজার ডলার আমি আর কখনোই পাইনি।’
পন্ট নাকি বিপাকে পড়লেন বিচার শুরু হওয়ার পর, ‘ট্রাইব্যুনাল শুরু হওয়ার পর আমাকে নতুন ভয় পেয়ে বসল। একজন বিচারক বারবার শুধু বলেই যাচ্ছিলেন, “আগে থকেই জানলে খেলা হতে দেওয়াই উচিত হয়নি।” এবং বলছিলেন যে আমার সাব্যস্ত করা সব প্রমাণ অগ্রাহ্য করা হবে। পরে দেখলাম জড়িত প্রায় সবাইকেই নিষ্কৃতি দিয়েছেন ট্রাইব্যুনাল। তারা এমনকি এমন একজন ক্রিকেটারকে নিষ্কৃতি দিয়েছে যে প্রস্তাব পেয়েও না জানানোর কথা স্বীকার করেছিল। এটা কীভাবে সম্ভব? আমার জন্য আরও খারাপ হলো, যখন তারা আমার সততা নিয়ে প্রশ্ন তুলল। তারা বলল, কেন মুখ বন্ধ রেখেছিলাম এবং ব্যাখ্যা করতে পারিনি কেন বন্ধ রেখেছিলাম। এবং তারা বলল, যেহেতু আমি ব্যাখ্যা করতে পারিনি কেন টাকা নিয়েছি, কাজেই আমার দেওয়া প্রমাণ বিশ্বাস করা যায় না। কাজেই তারা সেই লোকগুলোর বিপক্ষে শক্ত প্রমাণও আমলে নিল না। এটা মোটেও ঠিক নয়। আমি আকসুকে জিজ্ঞেস করেছিলাম যে ওই টাকা আমি রাখতে পারি কি না। তারা বলেছে আমি রাখতে পারি। ওটা ছিল আমার পারিশ্রমিক। এখন ওই টাকা নিয়েছিলাম বলে আমার প্রমাণ গ্রাহ্য না করা আমাকে ক্ষুব্ধ করেছে।’
আকসুকে সহায়তা করায় আইসিসির প্রধান নির্বাহী ডেভ রিচার্ডসন নাকি পন্টকে ধন্যবাদ জানিয়ে চিঠিও দিয়েছিলেন। পন্টের দাবি, আকসুকে সহায়তা করলেও বাস্তবে তাঁর নাম ছড়িয়েছে উল্টোভাবে। এতে তাঁর ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত হয়েছে ভীষণভাবে। সম্প্রতি ভারতে কোচিংয়ের একটি আকর্ষণীয় প্রস্তাব পেলেও আচমকাই হাতছাড়া হয়েছে এই কারণে। ইসিবিও তাঁকে কোনো প্রস্তাব দিচ্ছে না। শেষ পর্যন্ত তাই বাধ্য হয়েছেন সবকিছু সংবাদমাধ্যমে খুলে বলতে। ইএসপিএনক্রিকইনফো।