আশরাফুলের চাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিরপুরে ব্রাদার্স-ওল্ড ডিওএইচএস প্রিমিয়ার লিগের খেলা চলছে। সেটি দেখলেন কিছুক্ষণ। নিষেধাজ্ঞার খাঁড়ায় এখন তিনি দর্শকই। তবে খেলতে চান আবারও। ঘরোয়া ক্রিকেটে ফিরতে চান মোহাম্মদ আশরাফুল, এক দিনের জন্য হলেও আবার খেলতে চান বাংলাদেশ দলে।
কাল মিরপুর স্টেডিয়াম ও বিসিবি অফিসে আসার কারণ, ‘এমনি, কুশলাদি বিনিময়।’ জানালেন স্বপ্নের কথা, ‘আমি নিজেকে প্রস্তুত রাখছি, যাতে যখনই সুযোগ আসে খেলতে পারি। ব্যাটসম্যানরা তো ৩৮-৪০ বছর পর্যন্ত খেলতে পারে। এখন আমার ৩০ বছর বয়স, ২০১৬ সালে ফিরলে বয়স হবে ৩২। যদি সুস্থ থাকি, ফিট থাকি, তাহলে আমি ফিরে আসতে পারব আশা করি।’
প্রথমে তিন বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ আট বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল আশরাফুলকে। পরে আপিল আবেদনে সেটা কমিয়ে করা হয়েছে দুই বছরের স্থগিত নিষেধাজ্ঞাসহ পাঁচ বছরের। মূল নিষেধাজ্ঞা তাই তিন বছরের, যা শুরু হয়েছে ২০১৩ সালের আগস্ট থেকে। নিষেধাজ্ঞা কমানোর পর থেকেই মূলত আশরাফুল ফেরার স্বপ্ন দেখতে শুরু করেছেন, ‘ব্যাটসম্যান যেহেতু, বয়স পক্ষে আছে। প্রথম লক্ষ্য আসলে ক্রিকেটে ফেরা, বাংলাদেশ দলে তো আর সবাই খেলতে পারে না। আমি ভাগ্যবান, ১৩ বছর খেলেছি। ঘরোয়া ক্রিকেটে যদি ফিরতে পারি, আমার বিশ্বাস এক দিনের জন্য হলেও বাংলাদেশ দলে ফিরতে পারব। মাইক হাসি তো তিরিশের পর খেলা শুরু করছে, মিসবাহ ৪০ বছর বয়সে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড গড়েছে। এসবই আমার অনুপ্রেরণা।’
আপিলের পর শাস্তি কমেছে বটে, তবে সেটাই চূড়ান্ত নয়। এই শাস্তি কমার বিরুদ্ধে আবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করেছে বিসিবি ও আইসিসি। সেটা নিয়ে আশরাফুলকে খুব একটা চিন্তিত মনে হলো না, ‘এটা একটা প্রক্রিয়া। দেখা যাক, শেষ ফলাফল কী আসে। আমার আইনজীবী আইসিসির সঙ্গে কথা বলে সব ঠিকঠাক করছেন।’