আশরাফুলের ফেরার জাতীয় লিগ আজ থেকে
আন্তর্জাতিক সিরিজের ব্যস্ততায় জাতীয় দলের খেলোয়াড়েরা খেলতে পারবেন না বলে বিসিএল খেলতে রাজি হয়নি ফ্র্যাঞ্চাইজিগুলো। তবে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের প্রধান আসর জাতীয় লিগ আজ শুরু হয়ে যাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটের ডামাডোলের মধ্যেই।
জাতীয় দলের ক্রিকেটারদের অনুপস্থিতিতে ওয়ালটন এলইডি টিভি ১৮তম জাতীয় লিগের সবচেয়ে বড় আকর্ষণ মোহাম্মদ আশরাফুল। বিপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে ঘরোয়া ক্রিকেট থেকে তিন বছরের বহিষ্কারাদেশ কাটিয়ে আজ আবার মাঠে নামবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক। খেলবেন ঢাকা মহানগরের হয়ে। বগুড়ার প্রথম ম্যাচে আশরাফুলের দলের প্রতিপক্ষ ঢাকা বিভাগ।
গতবারের অবস্থান অনুযায়ী দুই স্তরের জাতীয় লিগের প্রথম স্তরে ঢাকার দুটি দল ছাড়াও আছে খুলনা ও বরিশাল বিভাগ। তারা মুখোমুখি হবে খুলনায়। দ্বিতীয় স্তরের রংপুর-চট্টগ্রাম ম্যাচটি হবে সিলেটে ও রাজশাহী-সিলেট ম্যাচের ভেন্যু রাজশাহী।
প্রতি স্তরেই খেলা হবে ডাবল লিগ পদ্ধতিতে। দ্বিতীয় স্তরের শীর্ষ দুই দল প্রথম স্তরে উঠবে ও প্রথম স্তরের নিচের দুটি দল নেমে যাবে দ্বিতীয় স্তরে।