আশরাফুলের মাঠে 'ফেরা'
বগুড়ায় মোহাম্মদ আশরাফুলের প্রত্যাবর্তনের আনন্দে জল ঢেলে দিয়েছিল বৈরী আবহাওয়া। ঢাকা বিভাগ ও ঢাকা মহানগর ম্যাচে খেলা হয়েছিল মাত্র ১৫ ওভার। তাতে আবার ব্যাটিং করেছিল আশরাফুলের দল মহানগর। মহানগর ২ উইকেট হারালেও ব্যাটিং করা হয়নি আশরাফুলের। মহানগর তো ফিল্ডিংয়ে নামেনি। প্রত্যাবর্তনটা তাই অপূর্ণই থেকে গিয়েছিল।
সেই অপূর্ণতা দূর হলো কাল। খুলনায় বরিশালের বিপক্ষে ম্যাচ দিয়েই সত্যিকারের প্রত্যাবর্তন হলো আশরাফুলের। ৩ উইকেট তুলে নিয়ে ক্ষণটাকে উদ্যাপনও করলেন লেগ স্পিনার আশরাফুল। জাতীয় লিগের প্রথম স্তরের ম্যাচে প্রথম দিন শেষে অবশ্য এগিয়ে রাখতে হচ্ছে বরিশালকেই। ১২৩ রানে ৪ উইকেট হারিয়ে ফেলা দলটির রান দিন শেষে ৬ উইকেটে ৩০১।
বরিশাল ঘুরে দাঁড়িয়েছে আবু সায়েম ও সোহাগ গাজীর ব্যাটে। মাত্র পঞ্চম প্রথম শ্রেণির ম্যাচ খেলতে নামা সায়েম ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস খেলেও ফিরেছেন সেঞ্চুরি হারানোর আক্ষেপ নিয়ে। ১৬৫ বলে ৯৮ রান করে পেসার আবু হায়দারের বলে এলবিডব্লু হয়েছেন ২০ বছর বয়সী সায়েম। জাতীয় দলের বাইরে থাকা সোহাগ গাজী দিন শেষে অপরাজিত ৮৭ রানে। সপ্তম প্রথম শ্রেণির সেঞ্চুরি থেকে ১৩ রান দূরে থাকা সোহাগ সায়েমকে নিয়ে পঞ্চম উইকেটে যোগ করেছেন ১৩৯ রান। আশরাফুল পেয়েছেন ফজলে রাব্বী, শাহরিয়ার নাফীস ও শাহীন হোসেনের উইকেট।
বগুড়ায় প্রথম স্তরের খুলনা ও ঢাকা বিভাগের ম্যাচটি পড়েছে বৃষ্টির খপ্পরে। খুলনা ৫০.৫ ওভারে ১ উইকেটে ১৭২ রান তোলার পর বৃষ্টির হানা। প্রথম দিনের খেলার সমাপ্তি এখানেই। ১০ রানেই প্রথম উইকেট হারানোর পর এনামুল হক ও মোসাদ্দেক ইফতেখার অবিচ্ছিন্ন দ্বিতীয় উইকেটে যোগ করেছেন ১৬২ রান। ৭১ রানে অপরাজিত ইফতেখার, এনামুল অপরাজিত ৮৪ রানে। ১৪৫ বলের ইনিংসে ৫টি ছক্কা মেরেছেন জাতীয় দলের বাইরে থাকা এনামুল।
বৃষ্টি বাধা হয়েছে সিলেটে রংপুর-সিলেটের দ্বিতীয় স্তরের ম্যাচেও। দেরিতে শুরু হওয়া প্রথম দিনে ৭৫ ওভার ব্যাটিং করে ৭ উইকেটে ১৯১ রান তুলেছে রংপুর। রংপুরের চার ব্যাটসম্যান ৩০ পেরোলেও ফিফটি পাননি কেউ।
রাজশাহীতে প্রথম দিন শেষে সুবিধাজনক স্থানে স্বাগতিক রাজশাহী। চট্টগ্রামকে ১৪১ রানেই অলআউট করার পর শুধু ওপেনার মাইশুকুর রহমানের উইকেটটি হারিয়ে ১২১ রান তুলে ফেলেছে রাজশাহী। ৭১ রানে অপরাজিত ছিলেন অন্য ওপেনার মিজানুর রহমান। ১০৭ রানের দ্বিতীয় উইকেট জুটিতে মিজানুরের সঙ্গী জুনায়েদ সিদ্দিক অপরাজিত ৪৫ রানে।
সংক্ষিপ্ত স্কোর
ঢাকা মহানগর-বরিশাল, খুলনা
বরিশাল ১ম ইনিংস: ৮৮ ওভারে ৩০১/৬ (সায়েম ৯৮, সোহাগ ৮৭*, শাহরিয়ার ৪৮; আশরাফুল ৩/৪৯, আরাফাত সানি ২/৯৯, হায়দার ১/৬১)।
খুলনা-ঢাকা বিভাগ, বগুড়া
খুলনা ১ম ইনিংস: ৫০.৫ ওভারে ১৭২/১ (এনামুল ৮৪*, ইফতেখার ৭১*; শাহাদাত ১/৩৪)।
রাজশাহী-চট্টগ্রাম, রাজশাহী
চট্টগ্রাম ১ম ইনিংস: ৫৪.১ ওভারে ১৪১ (ইরফান ২৮, ইয়াসির ২৪; রেজা ৪/৪৫, সাকলাইন ৩/৩৬, মামুন ২/১৯, মুক্তার ১/৩১)। রাজশাহী ১ম ইনিংস: ৩৫ ওভারে ১২১/১ (মিজানুর ৭১*, জুনায়েদ ৪৫*; হোসেন ১/১০)।
সিলেট-রংপুর, সিলেট
রংপুর ১ম ইনিংস: ৭৫ ওভারে ১৯১/৭ (ধীমান ৪৫, জাহিদ ৩৯, সায়মন ৩২, নবীন ৩১; অলক ৩/৩৭, শাহানুর ৩/৪৯, নাসুম ১/৪৯)।