আশরাফুলের সঙ্গে খেলে বিপদে

ম্যাচ পাতানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় সব ধরনের ক্রিকেট থেকেই নির্বাসিত মোহাম্মদ আশরাফুল। কিন্তু তার পরও দেশের যেকোনো ‘ফান ক্রিকেট প্রতিযোগিতা’র নিয়মিত মুখ। বিশ্বকাপসহ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সিরিজে টেলিভিশন চ্যানেলগুলোতে বিশেষজ্ঞ হিসেবেও তাঁকে প্রায়ই দেখা যায়। ব্যাপারটা কতটা নৈতিক কিংবা অনৈতিক, দেশে এসব নিয়ে কথাবার্তা চলার মধ্যেই আন্তর্জাতিক অঙ্গনেও খবর হলেন। যুক্তরাষ্ট্রের একটি টি-টোয়েন্টি লিগে আশরাফুলের সঙ্গে খেলার কারণে ফেঁসে যেতে পারেন রাজস্থান রয়্যালসের লেগ স্পিনার প্রবীণ তামবেও।
বিষয়টি নিয়ে এরই মধ্যে নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আশরাফুলের সঙ্গে বিভিন্ন ফান ক্রিকেট প্রতিযোগিতায় প্রায়ই দেখা যায় বিসিবির চুক্তিভুক্ত কজন ক্রিকেটারদের। ওদিকে আশরাফুলের সঙ্গে একই লিগে কী করে তামবে খেললেন, বিষয়টি খতিয়ে দেখছে ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)।
আশরাফুলের সঙ্গে যুক্তরাষ্ট্রে ক্রিকেট খেলছেন বিসিবির দুই প্রথম শ্রেণির চুক্তিভুক্ত ক্রিকেটার ইলিয়াস সানি আর নাদিফ চৌধুরী। ভারতীয় গণমাধ্যম তামবের সংবাদটি পরিবেশনের সময় আলাদা করেই উল্লেখ করেছে সানি ও নাদিফের কথা। তামবে জানিয়েছেন, তিনি এই প্রতিযোগিতায় খেলেছেন ঠিকই, কিন্তু সেখানে যে আশরাফুল খেলবেন, সেটা মোটেও জানতেন না। ম্যাচের সময় নাকি নিজ দলে আশরাফুলকে দেখে চমকে ওঠেন।
আত্মপক্ষ সমর্থন করে আইপিএলে নজর কাড়া এই খেলোয়াড় বলেছেন, ‘এটা যে একটা অফিশিয়াল টুর্নামেন্ট, আমি সেটাই জানতাম না। আমি স্রেফ এক সপ্তাহের ছুটি কাটাতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। বন্ধুদের সঙ্গে ছুটি উপভোগ করছিলাম। আমার সঙ্গে খেলার সরঞ্জামও ছিল না। আমাকে বলা হয়েছিল, এটা একটা অনুশীলন ম্যাচ। মাঠে যাওয়ার পর বুঝলাম এটি আসলে একটি টি-টোয়েন্টি ম্যাচ। তা ছাড়া মাঠে আগপর্যন্ত জানা ছিল না আশরাফুলও খেলছে।’
ম্যাচ পাতানোর অভিযোগে ক্রিকেট থেকে বহিষ্কৃত এই ক্রিকেটারকে দেখে তিনি কেন খেলা থেকে নিজেকে সরিয়ে নেননি—এ ব্যাপারে অবশ্য কোনো সদুত্তর দিতে পারেননি তামবে। তবে ভবিষ্যতে আর খেলবেন না বলে জানিয়েছেন।
এদিকে সানি কিংবা নাদিফের যুক্তরাষ্ট্রে এই টি-টোয়েন্টি লিগে খেলতে যাওয়া সম্পর্কে বিসিবি যেমন কিছুই জানে না, ঠিক তেমনি তামবের ব্যাপারেও তাঁর রাজ্য মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) অন্ধকারেই ছিল। এমসিএর এক কর্মকর্তা জানিয়েছেন, তামবে আমাদের অনুমতি নিয়ে যায়নি। ফলে তামবের জন্য বিপদই অপেক্ষা করছে সম্ভবত। কোন ধরনের শাস্তি তাঁকে পেতে হয়, সেটাই এখন দেখার।