
ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য ২০০৭ সালে। গ্রুপপর্বেই ভারতকে হারিয়ে সুপার এইটে চলে যায় বাংলাদেশ। কিন্তু ভারতকে হারানোর ফলে যে আত্মবিশ্বাস আর উজ্জীবনী শক্তি পায় বাংলাদেশ, তা দিয়েই সুপার এইটে বধ করে শক্তিশালী দক্ষিণ আফ্রিকাকে। বাংলাদেশ পায় রানের হিসাবে বিশ্বকাপের সবচেয়ে বড় জয়। ৬৭ রানের জয়।
৭ এপ্রিল ২০০৭ বিশ্বকাপে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় গ্রায়েম স্মিথ। ওপেনিংয়ে নেমে জাভেদ ওমর ও তামিম ইকবাল দেখে-শুনে ধীরগতিতেই শুরু করেন। ১৯.৫ ওভারে ৬৯ রানে ৩ উইকেটের পতনের পর ক্রিজে আসেন মোহাম্মদ আশরাফুল। বিশ্বকাপে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ১২টি চার মারার রেকর্ড গড়েন শন পোলক, মাখায়া এনটিনি, জ্যাক ক্যালিসদের বিপক্ষে। ক্রিজে নেমে প্রথম বলেই বাউন্ডারি মারেন আশরাফুল।
প্রথম চার মারেন ১৯.৬ ওভারে। আন্দ্রে নেলের ইয়র্কার লেন্থের বল ফ্লিক করে লেগ স্কয়ার দিয়ে সীমানার বাইরে পাঠান। দ্বিতীয় চার মারেন ২৯.৩ বলে। জ্যাক ক্যালিসের শর্ট বল হুক করে ফাইন লেগ দিয়ে সীমানার বাইরে। তৃতীয় চার মারেন ২৯.৪ ওভারে। আগের বলেই বাউন্ডারি মারার পর এই বলে পুল শট খেলে স্কয়ার লেগ দিয়ে আরও একটি দৃষ্টিনন্দন চার মারেন।
চতুর্থ চার মারেন ৩১.৫ ওভারে। জ্যাক ক্যালিসের বলে ফ্রন্টফুটে এসে মিড উইকেটের ওপর দিয়ে সীমানা ছাড়া করেন বল।
পঞ্চম চার মারেন ৩৮.৪ ওভারে। ল্যাঙ্গাভেল্টের শর্ট বলে আশরাফুল পুল করে ফাইন লেগ দিয়ে চার মারেন। পরের চারটি মারেন ৪৩.৩ ওভারে। মাখায়া এনটিনির করা এই বলে বোলারের মাথার ওপর দিয়ে সীমানা বাইরে পাঠিয়ে হাফ সেঞ্চুরি পূর্ণ করেন আশরাফুল। ৬টি চারের সাহায্যে ৬৪ বলে ৫১ রান। সপ্তম চার মারেন ৪৩.৪ ওভারে। চিকি! অফ স্ট্যাম্পের বাইরে এসে এনটিনির বলে অসাধারণ এক চিকি শট খেলে ফাইন লেগে সীমানাছাড়া করেন। টানা দুই বলে দুইটি চার। অষ্টম চার মারেন ৪৩.৬ ওভারে। একই ওভারের শেষ বলে এনটিনির অফ সাইডের বল কাট করে আরও একটি বাউন্ডারি। ৪৪তম ওভারে আসে তিনটি চার।
নবম চার মারেন ৪৬.২ ওভারে। ল্যাঙ্গাভেল্টের অফ সাইডে বল। হাঁটু গেড়ে পাঞ্চ করে পয়েন্টে দৃষ্টিনন্দন চার মারেন আশরাফুল। দশম চার মারেন ৪৬.৫ ওভারে। ল্যাঙ্গাভেল্টের করা অফ ও মিডল স্ট্যাম্পের ফুলটস বলকে প্যাডল শট করে কিপার এবং শর্ট ফাইন লেগের ফিল্ডারের মাঝ দিয়ে সীমানার বাইরে পাঠান। একাদশতম চার মারেন ৪৭.৫ ওভারে। আরেকটি প্যাডল শট! আন্দ্রে নেলের মিডল স্ট্যাম্প বরাবর নিচু বলকে স্কুপ প্যাডল করে শর্ট ফাইন লেগে ফিল্ডারের মাথার ওপর দিয়ে চার মারেন। এক ডজন চার পূর্ণ হয় ৪৮.৩ ওভারে। ল্যাঙ্গাভেল্টের আউট সাইড অফ স্ট্যাম্পের বলে দুর্দান্ত শট খেলে এক্সট্রা কভার দিয়ে চার মারেন।
৫০তম ওভারের প্রথম বলেই আন্দ্রে নেলের বলে আউট হয়ে যান মোহাম্মদ আশরাফুল। খেলেন ৮৩ বলে ৮৭ রানের অসাধারণ এক ইনিংস। ৬৪ বলে ৫১ রান করার পর শেষ ১৯ বলে করেন ৩৬ রান। রেকর্ড গড়েন বিশ্বকাপে বাংলাদেশের হয়ে এক ইনিংসে সর্বোচ্চ ৮৭ রানের এবং সর্বোচ্চ ১২টি চারের। আশরাফুলের এই ১২টি চার ছিল ক্রিকেট-কাব্যের প্রতিচ্ছবি। আশরাফুলের এই ইনিংসের ওপর ভর করেই বাংলাদেশ ২৫২ রানের চ্যালেঞ্জ ছুড়ে দেয় দক্ষিণ আফ্রিকাকে। এরপর বোলারদের নৈপুণ্যে দক্ষিণ আফ্রিকাকে ১৮৪ রানে অলআউট করে ৬৭ রানের জয় পান টাইগাররা। ম্যাচসেরা হন মোহাম্মদ আশরাফুল। ক্রিকেট-বিশ্ব তখন অন্য এক বাংলাদেশকে দেখতে শুরু করে।