আশা জাগিয়েও সেই হতাশাই

শুরুটা হলো খুবই ভালো। মনে হচ্ছিল, এই বুঝি টি-টোয়েন্টির ব্যাটিংটা শিখে গেছে বাংলাদেশ! কিন্তু সেই অনুভূতি ক্ষণিকের। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে কালও শেষ পর্যন্ত ব্যাটিং ব্যর্থতাই ডোবাল বাংলাদেশকে। ভারত ও পাকিস্তান সিরিজে বাংলাওয়াশের নেশায় বিভোর বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ হেরে গেল ২-০ তে।
১৬৯ রানের জবাবে ৫ ওভারে বিনা উইকেটে ৪১। তামিম ইকবাল আর সৌম্য সরকারের শুরুটা সম্ভাবনাময়ই ছিল। কিন্তু দক্ষিণ আফ্রিকান স্পিনারদের সামনে বাংলাদেশের ব্যাটসম্যানদের একের পর এক আত্মসমর্পণে ক্রমেই ফিকে হতে লাগল সেটা। সৌম্য সরকারের ৩৭, টি-টোয়েন্টি দিয়ে অভিষেক আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা রনি তালুকদারের ২১—এ রকম বিচ্ছিন্ন ব্যাটিং দিয়ে কি আর ম্যাচ জেতা যায়? ম্যাচ জেতার যে পরিকল্পনা, সেটাই তো অগোছালো! একটা বড় জুটি নেই, নেই কোনো ঝোড়ো ইনিংস।
বাংলাদেশের ব্যাটসম্যানদের সবচেয়ে বেশি ভুগতে হয়েছে দক্ষিণ আফ্রিকান স্পিনের সামনে। নতুন বলে পেসার কাইল অ্যাবটের সঙ্গী হয়েছিলেন অফ স্পিনার জেপি ডুমিনি। তবে ডুমিনি নন, বাংলাদেশের ব্যাটিংটা ধসিয়ে দিয়েছেন আসলে বাঁহাতি স্পিনার অ্যারন ফাঙ্গিসো আর কালই অভিষেক আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামা এডি লেই। এই দুজনের মধ্যে অবশ্য লেগ স্পিনার লেইকেই বেশি দুর্বোধ্য মনে হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানদের। বোলিং অ্যাকশন একটু অদ্ভুত, তবে বলে আছে বিভ্রান্ত করার মতো ফ্লাইট। সৌম্য তাতেই ধোঁকা খেয়ে স্টাম্পড হলেন কুইন্টন ডি ককের হাতে। পরে সাব্বির আর মুশফিকের উইকেট দুটি নিয়েছেন পরপর দুই বলে। ৩ ওভারে ১৬ রানে ৩ উইকেট, ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটাও উঠল ২৮ বছর বয়সে অভিষেক ম্যাচ খেলতে নামা লেইর হাতেই।
ফাঙ্গিসো সাফল্য পেয়েছেন নিজের প্রথম বলেই। বাঁহাতি বনাম বাঁহাতি লড়াইয়ে তার প্রথম শিকার সাকিব আল হাসান। লং অন দিয়ে ছক্কা হাঁকাতে গিয়েছিলেন সাকিব। কিন্তু বাউন্ডারি দড়ি পার হওয়ার আগে সেটা ধরে ফেললেন রুশো। ৬৯ রানে ৩ উইকেটের পতন, মূলত সেখান থেকেই আশাটা হারিয়ে যেতে থাকে বাংলাদেশের। এরপর তো দলের ৮২ রানেই পড়ল তিন-তিনটি উইকেট। শেষ দিকে ফাঙ্গিসোকে পরপর দুই ছক্কা মেরে কিঞ্চিৎ বিনোদন দিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু আশার প্রদীপ তখন প্রায় নিভেই গেছে।
প্রথম ম্যাচে হতাশা ছিল শুধু ব্যাটিং নিয়ে। কাল ব্যাটিংয়ের সঙ্গে বোলিংটাও করল আশাহত। ডি কক-এবি ডি ভিলিয়ার্সের উদ্বোধনী জুটিতেই ৯৫। ইনিংসের প্রথম ওভার করতে এসে তৃতীয় বলেই আচমকা এক বাউন্স আর টার্নে আরাফাত সানি চমকে দিয়েছিলেন ডি ভিলিয়ার্সকে। কিন্তু তাতে সানির কৃতিত্বের চেয়ে যে উইকেটের ভূমিকাই বেশি ছিল, তা পরিষ্কার হয়ে গেছে আস্তে আস্তে। নাসির পরপর দুই বলে ডুমিনি আর ডি ভিলিয়ার্সকে ফিরিয়ে দিলেও রান যা করার দক্ষিণ আফ্রিকা প্রথম ১০ ওভারেই (৯৫/০) করে নিয়েছে। শেষ ১০ ওভারে রান এসেছে ৭৪, যার ১৯-ই সাকিবের করা ১৯তম ওভারে। শেষ দুই বলে মিড উইকেট আর সাকিবের মাথার ওপর দিয়ে দুই ছক্কা মেরেছেন রুশো।
পাকিস্তান আর ভারতকে হারিয়ে এই সিরিজটা বাংলাদেশ শুরু করেছিল উত্তুঙ্গ আত্মবিশ্বাস নিয়ে। শুরুতে দক্ষিণ আফ্রিকাও তাই ছিল একটু অস্বস্তিতে। কিন্তু টি-টোয়েন্টি সিরিজটা ২-০তে জিতে নেওয়ার পর আত্মবিশ্বাসের পাল্লাটা এখন ফ্যাফ ডু প্লেসির দলের দিকেই বেশি ভারী। ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের কথাতেও মিলল সে আভাস, ‘আমার মনে হয় আরও একবার আমরা অসাধারণ খেললাম। ছেলেদের নিয়ে গর্ব হচ্ছে। এ রকম প্রতিকূল কন্ডিশনেও আমরা ২-০ তে সিরিজ জিতলাম। অসাধারণ!’
দক্ষিণ আফ্রিকা: ২০ ওভারে ১৬৯/৪
বাংলাদেশ: ১৯.২ ওভারে ১৩৮
ফল: দক্ষিণ আফ্রিকা ৩১ রানে জয়ী