আশা নিয়ে ফিরলেন সোহাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সোহাগ গাজী
সোহাগ গাজী

বোলিং অ্যাকশনের পরীক্ষা না থাকলে হয়তো মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের চলতি ম্যাচেই বরিশাল দলে দেখা যেত সোহাগ গাজীকে। আর অ্যাকশন নিয়ে সমস্যায় না পড়লে তো অস্ট্রেলিয়া যেতে পারতেন বিশ্বকাপ দলের সঙ্গেই। অথচ সোহাগ আপাতত শুধুই দর্শক!
২৪ জানুয়ারি চেন্নাইয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়ে পরশু দেশে ফিরেছেন সোহাগ। কাল মাঠে এলেন খেলা দেখতে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেখানেই জানালেন তাঁর আশার কথাটা, ‘খালি চোখে দেখে ওখানে সবাই বলেছে, “মনে হয় তুমি অনেক কষ্ট করেছ।” ইতিবাচক কথা বলছে। তাতে আমিও আশাবাদী এবার ভালো কিছু হবে।’ সোহাগ অবশ্য ভুলে যাচ্ছেন না, ‘এর আগেও এ রকম বলা হয়েছিল। তার পরও ফলাফল খারাপ এসেছিল।’ গত ১৯ সেপ্টেম্বর কার্ডিফে বোলিং অ্যাকশনের প্রথম পরীক্ষাটা দিয়েছিলেন সোহাগ। কিন্তু সেখানেও তাঁর অ্যাকশনে ত্রুটি ধরা পড়ে।
নিয়ম অনুযায়ী এবারের পরীক্ষার তিন সপ্তাহের মধ্যে ফলাফল জানানোর কথা আইসিসির। চেন্নাইয়ের শ্রী রামাচন্দ্র বিশ্ববিদ্যালয়ে একই দিনে অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন পাকিস্তানেরর সাঈদ আজমলও। তবে তাঁর সঙ্গে সোহাগের দেখা হয়নি।
ফলাফল পাওয়ার আগ পর্যন্ত ঘরোয়া ক্রিকেটে খেলতে পারবেন। সোহাগ তাই তাকিয়ে আছেন জাতীয় লিগের পরের ম্যাচগুলো আর বিসিএলের দিকে। তবে বোলিং অ্যাকশনে এবারও ত্রুটি ধরা পড়লে আগামী এক বছরের মধ্যে আর পরীক্ষাই দিতে পারবেন না, ম্যাচ খেললেও করতে পারবেন না বোলিং।
বিশ্বকাপ খেলতে পারছেন না বলে আফসোস আছে। তবে সেটা যখন হচ্ছেই না, মাশরাফি বিন মুর্তজার দলকে দূর থেকে শুভকামনা জানাচ্ছেন এই অফ স্পিনার, ‘ভ্রমণের মধ্যে থাকায় বিষয়টা মাথায় ছিল না। জানতাম যে জাতীয় দল ২৪ তারিখ যাবে। তবে একজন খেলোয়াড় হিসেবে দোয়া করা ছাড়া তো আসলে কিছুই করার নেই আমার। দোয়া করব যেন দল ভালো একটা অবস্থানে যেতে পারে।’ সোহাগের আফসোস আছে আরও একটা, ‘আমি যদি পায়ের সমস্যাটা নিয়ে আরও আগে কাজ করতাম, তাহলে হয়তো এই সমস্যায় পড়তাম না। বিশ্বকাপ দলের সঙ্গেও যেতে পারতাম।’
পরীক্ষার সময় বলের গতি নিজের নিয়ন্ত্রণের মধ্যে ছিল, সোহাগের আশাটা সে কারণেই বেশি, ‘আমার বলের গতি খুব বেশিও ছিল না, আবার খুব কমও ছিল না। ৬০-৭২-এর মাঝামাঝি ছিল। আমার মনে হয় আমার হাত এখন সর্বোচ্চ ৫-৬ ডিগ্রি বাঁকে। এটুকুও না থাকলে স্পিন করানো খুব কঠিন হয়ে যাবে।’