আশা হয়ে দাঁড়িয়ে ছিলেন মাহমুদউল্লাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাহমুদউল্লাহর ব্যাটেই আশা
মাহমুদউল্লাহর ব্যাটেই আশা

জিতলে সমতা, হারলে সিরিজ শেষ। ম্যাচের আগে সমীকরণটা বেশ উত্তেজনাই ছড়াচ্ছিল। কিন্তু ইংল্যান্ডের সঙ্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিংয়ের এখন পর্যন্ত যা অবস্থা, তাতে প্রমাদই গুনতে হচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৩ ওভারের মধ্যেই ৫ উইকেট হারিয়ে ফেলেছে বাংলাদেশ। রান এসেছে মাত্র ১২৪।

উইকেটে আছেন মাহমুদউল্লাহ ও মোসাদ্দেক। মাহমুদউল্লাহ অপরাজিত ৬০ রানে, মোসাদ্দেক কিছুক্ষণ আগেই এসেছেন, তাঁর রান এখন ৭।

আশার কথা, এ ম্যাচেই ‘জনতার দাবি’ নাসিরকে ফেরানো হয়েছে। আজকের উইকেটের ধরনও যেমন, তাতে ২৫০-এর মতো স্কোর যথেষ্ট হওয়ার কথা। বাংলাদেশ সেটা তুলতে পারবে কি না, তা-ই এখন দেখার।

দুই ওপেনারের দুজনই দুই অঙ্কের ঘরে পৌঁছেই ধরেছেন প্যাভিলিয়নের পথ। প্রথম ম্যাচে কিছুটা ছন্দহীন দেখানো তামিম আজও ছন্দ খুঁজে পাননি। ১৪ রান করেছেন, এর জন্য বল খেলেছেন ৩১টি। গত ম্যাচে সেঞ্চুরি করে তামিমের অভাব বুঝতে দেননি ইমরুল, কিন্তু আজ তিনিও ব্যর্থ। ১১ রান করেছেন ১৮ বলে। এ দুজনের পথ ধরেছেন সাব্বির, বলের বলে বোল্ড হয়ে ২১ বলের সংগ্রামে ইতি টেনেছেন ৩ রান করে।

এ তিনজন আউটের পর পঞ্চম ব্যাটসম্যান হিসেবে সাকিবও ফিরেছেন রানের জন্য সংগ্রাম করতে করতে। গত ম্যাচে দুর্দান্ত খেলা সাকিব আজ ফিরেছেন ১৪ বলে ৩ রান করে। সে সময় মনে হচ্ছিল সমস্যাটা হয়তো কিছুটা পিচের কারণেও হচ্ছে। ব্যাটসম্যানরা যে রান নিতেই রীতিমতো সংগ্রাম করে যাচ্ছিলেন। সত্যি বলতে মাঝে চতুর্থ উইকেটে মাহমুদউল্লাহ ও মুশফিকের ব্যাটিংয়ের সময়ই মনে হচ্ছিল ব্যাটিংটা সহজ। মুশফিক ২৩ বলে করেছেন ২১।

মাহমুদউল্লাহ এখনো অপরাজিত আছেন। তাঁকে ঘিরেই এখন অন্তত আড়াই শ পেরোনোর স্বপ্ন দেখছে বাংলাদেশ। বাকি সতীর্থদের সংগ্রামের মধ্যেও যে দুর্দান্ত ফিফটি করেছেন তিনি। দেখা যাক, মোসাদ্দেককে সঙ্গে নিয়ে কতটা কী করতে পারেন মাহমুদউল্লাহ। ধ্বংসস্তূপ হয়ে ওঠা ব্যাটিংয়ে ফিনিক্স হয়ে দেখা দিতে পারেন কি না। গত বিশ্বকাপে যে ইংল্যান্ডের বিপক্ষে পেয়েছিলেন প্রথম সেঞ্চুরি, আজ সে-ই প্রতিপক্ষ।

আজ আর রান উৎ​সবের উইকেট ইংল্যান্ডকে দেয়নি বাংলাদেশ। যদিও খেলছে তিন পেসার নিয়েই।