আশাও দেখালেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সঙ্গীর অভাবে ৮৯ রানেই থামতে হলো সাকিব আল হাসানকে  l প্রথম আলো
সঙ্গীর অভাবে ৮৯ রানেই থামতে হলো সাকিব আল হাসানকে l প্রথম আলো

হতাশ হওয়াটাই স্বাভাবিক ছিল। একজন ব্যাটসম্যান কম নিয়ে খেলছে দল, ৮৯ রানে অপরাজিত থেকে কারও মাঠ ছাড়াটা সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ তো বাড়িয়ে দিতেই পারে। তবে কাল দিন শেষের সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বলেছেন ‘হতাশা নেই...।’
যে টেস্ট তৃতীয় দিন শেষেই বিশাল হারের চোখ রাঙায়, তাতে ব্যক্তিগত প্রাপ্তি-অপ্রাপ্তি নিয়ে ভাবার সুযোগ আসলেই থাকে না। তার ওপর অন্যদের তুলনায় তিনি অনেক বেশি বাস্তববাদী। সত্য, সেটা যত অপ্রিয়ই হোক বলতে দ্বিধা থাকে না। ঢাকা টেস্টের ভবিষ্যৎ নিয়ে জিজ্ঞেস করতেই যেমন সাকিব বললেন, ‘ভবিষ্যদ্বাণী করা মুশকিল। তবে স্বাভাবিক যে সম্ভাবনা, এখন যে পরিস্থিতি আছে, তাতে আমরা টেস্ট হারছি। কারণ এই রান কখনো অতিক্রম করা যায়নি। আর বাকি দুই দিন যদি আমরা পুরোটা খেলতে না পারি, স্বাভাবিকভাবেই অতিক্রম করার সুযোগ নেই। খুবই কঠিন।’
সাকিবরা পেশাদার ক্রিকেটার। বাস্তবতা যত কঠিনই হোক, আশা সহজে ছাড়েন না। ক্রিকেটে থাকা অনেক যদি-কিন্তুর ওপর দাঁড়িয়ে টেস্টের সেরা অলরাউন্ডারও দেখাচ্ছেন অবিশ্বাস্য এক সম্ভাবনা, ‘ওপরের দিকের তিন-চারজন ব্যাটসম্যান যদি এক-দুটি এক শ বা দুই শ রানের জুটি করতে পারে, আমার মনে হয় ড্রেসিংরুমে তাতে অনেক আত্মবিশ্বাস তৈরি হবে।’ সাকিব এমন স্বপ্ন দেখার প্রেরণা পাচ্ছেন খুলনা টেস্টের দ্বিতীয় ইনিংস থেকে, ৫৫৫ রানের যে ইনিংসটার সৌজন্যে ওই টেস্ট ড্র করেছিল বাংলাদেশ। সঙ্গে অবশ্য এটাও মনে করিয়ে দিয়েছেন, ‘উইকেটটাও এখানে খুলনার মতো নয়। উইকেটে অনেক পরিবর্তন আসছে। বল ওঠা-নামা করছে।’
ঢাকা টেস্টে ‘টক অব দ্য ম্যাচ’ হয়ে আছে টসে জিতেও মুশফিকুর রহিমের আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত। কেন ওই সিদ্ধান্ত, টেস্টের প্রথম দুই দিনে দলের কাছ থেকে সেটার সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তবে কাল সাকিব যা বললেন, তা থেকে বুঝে নিতে পারেন কারণটা, ‘আমি তো আমাদের খুবই ভাগ্যবান মনে করি, আমরা সেদিন প্রথম সেশনে ব্যাটিং করিনি। আগে ব্যাটিং নিলে হয়তো শুরুতেই ৪-৫ উইকেট হারিয়ে ফেলতাম। তখন আজই (গতকাল) খেলা শেষ হয়ে যেত, ম্যাচ কালকের (আজ) দিনে গড়াত না।’
এই টেস্টের দল নির্বাচন নিয়েও যথেষ্ট আলোচনা-সমালোচনা বাতাসে। কেন আট ব্যাটসম্যান, কেন তিন পেসার নয় ইত্যাদি। সাকিব সবকিছুর পেছনেই যুক্তি দাঁড় করাতে চাইলেন। ম্যাচের আগে পাওয়া চোটের কারণে লেগ স্পিনার জুবায়েরের খেলতে না-পারা আর ম্যাচের শুরুতেই শাহাদাতের চোটে পড়াকে বললেন দুর্ভাগ্য, ‘যেহেতু একজন খেলোয়াড় ম্যাচ শুরুর আগে এবং একজন ম্যাচ শুরুর সঙ্গে সঙ্গেই চোটে পড়েছে, আমাদের জন্য কাজটা স্বাভাবিকভাবেই কঠিন হয়ে গেছে। এটা খুবই দুর্ভাগ্যজনক।’
এত কিছুর পরও কাল দ্বিতীয় ইনিংসের শুরুটা যে খুব খারাপ হয়নি, সে জন্য সাকিব কৃতিত্ব দিচ্ছেন ব্যাটসম্যানদের। এই ইনিংসের ব্যাটিং অনেক বেশি গোছানো মনে হচ্ছে তাঁর কাছে, ‘যে সময়ে ব্যাটিং করেছি সেটা খুব কঠিন ছিল। এ রকম পরিস্থিতিতে ৩-৪ উইকেট পড়ে যায়, খেলাটা তখনই শেষ হয়ে যেত। শুধু আনুষ্ঠানিকতা বাকি থাকত। কিন্তু এখনো সে অবস্থায় ম্যাচ আসেনি।’ সাকিবের দৃষ্টিতে টেস্টের ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে আজকের প্রথম এক ঘণ্টার ওপর, ‘যদি কোনো উইকেট না হারিয়ে টিকে থাকতে পারি, ভালো কিছুর আশা করা যাবে।’
১১ রানের জন্য সেঞ্চুরি না পেলেও হতাশা নেই বলে জানিয়েছেন সংবাদ সম্মেলনের শুরুতে। তবে নিজের বোলিং নিয়ে যে সন্তুষ্ট হতে পারছেন না, অকপটেই তা স্বীকার করলেন। কয়েক বছর ধরেই বোলিংয়ে বাংলাদেশ দলের বড় নির্ভরতা সাকিব। কিন্তু এবার তা না হওয়ার একটা কারণ হতে পারে দীর্ঘ পরিসরের ক্রিকেটে বোলিং করায় অনভ্যস্ততা। যদিও তিনি নিজে এটা মানতে রাজি নন, ‘আমার ও রকম মনে হয় না। বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে কয়বার ৫ উইকেট পেয়েছি, আমিও ঠিক জানি না। মনে হয় না এক-দুবারের বেশি হবে। এটা আসলে একটা মানসিক ব্যাপার। আর তিনটা ইনিংসই তো হলো, যেখানে দল যা আশা করে সেটা দিতে পারিনি।’
সামর্থের পুরোটা ঢেলে দিতে না পারার আফসোস আছে। তবে ব্যাট হাতে ৯১ বলে অপরাজিত ৮৯ রানের পর ‘লড়াই ছাড়া ম্যাচটা আগেই ছেড়ে দেব না’ বলে দলকে যে প্রেরণাটা দিলেন, সেটাও কম কি?