আশাটাই বড় করে দেখছেন মুশফিক

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি এমনকি খুলনা টেস্টেও একটি ঘটনা নিয়মিতই ঘটেছে। বাংলাদেশ দলের অধিনায়ক সংবাদ সম্মেলনে এসেছেন পরে। খুলনা টেস্টেও মুশফিকুর রহিম এসেছিলেন পরেই। রেকর্ড বইয়ে ‘ড্র’ লেখা থাকলে এক অর্থে ওটা তো বাংলাদেশের জয়ের সমানই ছিল। আজই ব্যত্যয় ঘটল।
বাংলাদেশ অধিনায়ক এলেন আগে। পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ হওয়ার আগেই হতাশামাখা মুখে মুশফিকুর রহিম হাঁটা দিলেন সংবাদ সম্মেলন কক্ষের দিকে। শহীদ জুয়েল স্ট্যান্ড থেকে ‘মুশফিক-মুশফিক’ রব তুললেন উপস্থিত শ খানেক দর্শক। তাঁদের দিকে হাত নাড়লেন। হাত তুলতে অনেক কষ্টই হলো বোধ হয়! যেন রাজ্যের ক্লান্তি ভর করেছে দেহ-মনে। পরাজিত দলের অধিনায়কের মুখের ছবিটা বুঝি এমনই হয়!
কিন্তু গত বেশ কিছুদিন ধরে ছবিটা ছিল একেবারেই অন্য রকম। মুখে বিস্তৃতি হাসি, গর্বিত বুকে সমুখে হেঁটে যাচ্ছে বাংলাদেশ অধিনায়ক। চারদিকে কত মানুষের ভিড়! আজ সে সব দৃশ্যের দেখা মিলল সামন্যই। হয়তো একটি পরাজয়েই পেছনের সব সাফল্য মিথ্যে হয়ে যাবে না। এক হারেই বাংলাদেশ অধিনায়কের মাথা নত হবে না। তবে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে যোগ হওয়া আরও একটি বর্ণিল অধ্যায়ের শেষটা রাঙাতে না-পারার আক্ষেপ তো থাকবেই।
এটা অনুমিতই ছিল, টসে জিতে কেন ফিল্ডিং নেওয়া হলো, কিংবা ফিল্ডিং নিলেও কেন তিন পেসার নয়—এসব প্রশ্ন উঠবেই সংবাদ সম্মেলনে। উঠলও। মুশফিক অবশ্য দাবি করলেন, দলে তিন পেসার নিয়েই খেলেছে তারা, ‘দুজন পেসার কেন বলছেন? সৌম্যের কথা বললে আমাদের তিন পেসারই ছিল। খেলোয়াড়, কোচ, টিম ম্যানেজমেন্টে যাঁরা ছিলেন, সবার সম্মিলিত মতামতেই এমনটা করা হয়েছিল। ম্যাচের ফল দেখে হয়তো বলা হচ্ছে, এ সিদ্ধান্ত ভুল ছিল। যদি ফল ভালো হতো, তাহলে এত কথা হতো না।’
টসে জিতে ফিল্ডিং নিয়ে গত কদিনে অনেক কথা হয়েছে। সেটি নিশ্চয় তিনিও শুনেছেন। এটি কি তবে চাপ হয়ে দাঁড়াল দলের জন্য? ব্যর্থতার দায় অকপটে স্বীকার করে মুশফিক জবাব দিলেন, ‘কথা উঠবে, এটা নতুন কিছু নয়। আমরা সব সময় এসবের ভেতরই খেলে আসছি। এটা একদমই স্বাভাবিক। একটা জিনিস সমস্যা হয়েছিল, প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারিনি। দায়টা আমাদের সবারই। আমাদের যোগ্যতা অনুযায়ী টেস্টটা খেলতে পারিনি। গত টেস্টেও এত ভালো ব্যাটিং করে আমরা ম্যাচ বাঁচাতে পারলাম। দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং করেছিলাম। সে হিসেবে খারাপ লাগছে, এই টেস্টে আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। বড় রান করতে পারিনি।’
ম্যাচের আগে বলেছিলেন, ‘ফাইনাল’টা জিততে চান। অথচ ফল হলো উল্টো। তবে ক্রিকেটের ‘ল অব অ্যাভারেজ’ তত্ত্বটাই যেন মনে করিয়ে দিলেন টেস্ট অধিনায়ক, ‘ক্রিকেটে সব সময় সব ব্যাটসম্যান ফর্মে থাকে না। তবুও ওরা চেষ্টা করেছে। অনেকে বলেছে এই উইকেটে টসে জিতে আগে ব্যাটিং করা উচিত ছিল। কিন্তু আমরা ভেবেছি উইকেট সহায়তা করবে। প্রথম দুই ঘণ্টা সেটা ছিলও। রাজীব (শাহাদাত হোসেন) চোটে না পড়ত, তাহলে আমাদের দুই পেসার ভালো করত। প্রথম দুই-তিন ঘণ্টায় ওদের ৩-৪টা উইকেট নিতে পারতাম। প্রথম ইনিংসে আমরা যদি ভালো স্কোর দাঁড় করাতে পারতাম, তাহলেও অন্যরকম হতে পারত। দুর্ভাগ্য সেটা হয়নি। দোষটা আমাদেরই, অন্য কারও নয়।’
পাকিস্তানের বিপক্ষে ব্যাটিংটা ভালো হয়নি মুশফিকের। খুলনা টেস্টে করেছেন ৩২, ঢাকায় ১২। দুই টেস্টে মেরেছেন দুই ডাক। গত বেশ কিছু দিন ধরে ধারাবাহিকতার প্রতিমূর্তি হয়ে ওঠা মুশফিকও এমন পারফরম্যান্সে হতাশ, ‘ওয়ানডে, টি-টোয়েন্টি ভালো-খারাপ যাই খেলি না কেন, টেস্টে আমার অন্যরকম মনোযোগ বা চ্যালেঞ্জ থাকে। এই সিরিজে ব্যাটিং নিয়ে বেশ হতাশ। এমন সর্বশেষ কবে কেটেছে, ভুলেই গিয়েছিলাম। আমার ব্যাটিংয়ের প্রভাব দলে একটু হলেও পড়েছে।’
বিশ্বকাপ থেকে এ টেস্টের আগ পর্যন্ত দুর্দান্ত সময় কাটিয়েছে বাংলাদেশ। এই টেস্টটা বাদ দিলে বদলে যাওয়া এক বাংলাদেশকেই দেখছে সবাই। মুশফিক এ সাফল্যের কারণ হিসেবে বললেন, ‘বদলে যাওয়া যদি বলেন, বিশ্বকাপ নয়, আমরা ধারাবাহিক ভালো খেলছি জিম্বাবুয়ে সিরিজ থেকেই। গত কয়েক মাস বাংলাদেশ যেভাবে ধারাবাহিক খেলেছে, এমনটা আগে কমই হয়েছে। হয়তো ব্যক্তিগতভাবে আগে অনেকে ভালো খেলেছে। কিন্তু দল হিসেবে এমন ধারাবাহিক ভালো কমই খেলেছে। তবে অজুহাত হিসেবে দাঁড় করাচ্ছি না যে, একটা ম্যাচ এমন হতেই পারে। লক্ষ্যে অটুট থাকলে এ ম্যাচটাও আমরা জিততে পারতাম। ‘‘বদল’’ যদি বলেন, খেলোয়াড়েরা কঠোর পরিশ্রম করছে। দলে নিজের ভূমিকাটা বুঝতে পারছে। ধারাবাহিকভাবে নিজের ভূমিকা অনুযায়ী অবদান রাখতে পারছে। ম্যানেজমেন্টও অনেক সহায়তা করেছে।’
শেষটা রঙিন না হলেও বাংলাদেশ টেস্ট অধিনায়ক গত সাত মাসের সাফল্য ধরে রাখতে সামনের সিরিজগুলোতেও, ‘এটাই স্বাভাবিক, শেষটা মনে রাখে। আমরা এত দূর এসেছি, সেটাও কম অর্জন নয়। অন্য সময় এভাবে হারলে এত কথা হতো না। সবার প্রত্যাশা অনেক উঁচুতে ছিল বলেই এত কথা হচ্ছে। বাংলাদেশ সাত মাস ধরে ভালো খেলছে। ভালো খেললেও প্রতিটি ম্যাচই নতুন করে শুরু করতে হয়। মনে রাখতে হবে, পাকিস্তান টেস্টের তিন নম্বর দল। তারা আমাদের স্বাভাবিকভাবেই হারাতে চাইবে। মানসিকভাবে হয়তো আমরা কিছুটা পিছিয়েও ছিলাম। এখন আমাদের নতুন করে শুরু করতে হবে। পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করতে হবে। এ সিরিজে আমাদের অনেক প্রাপ্তি আছে। পরের সিরিজগুলোয় সেগুলো কাজে দেবে।’