আশার আলো ক্লার্ককে ঘিরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে ফেরার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে ক্লার্কের ছবি: এএফপি।
বিশ্বকাপে ফেরার সম্ভাবনা ক্রমশ উজ্জ্বল হচ্ছে ক্লার্কের ছবি: এএফপি।

২১ ফেব্রুয়ারির আগে সুস্থ হয়ে উঠতে পারবেন মাইকেল ক্লার্ক? হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত অস্ট্রেলিয়ার নিয়মিত অধিনায়ককে ঘিরে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্নই। ফেব্রুয়ারির ২১ তারিখের আগে সুস্থ হয়ে উঠলেই কেবল বিশ্বকাপটা খেলতে পারবেন তিনি। না হলে নেতৃত্বটা চলে যাবে জর্জ বেইলির কাঁধেই। কিন্তু অস্ট্রেলিয়া তাদের নিয়মিত অধিনায়কের নেতৃত্বেই খেলতে চায় বিশ্বকাপটা। তাই ক্লার্কের সুস্থ হয়ে ওঠা-না ওঠাটা এই মুহূর্তে বিশ্বকাপ প্রস্তুতির চেয়েও অনেক বেশি গুরুত্ব বহন করছে তাদের কাছে।
মাইকেল ক্লার্কের বর্তমান শারীরিক অবস্থা অবশ্য আশাজাগানিয়াই। হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে ওঠার লড়াইয়ে তাঁর অবস্থান এখন বেশ শক্তিশালীই। কিছু দিন আগেই নাকি তিনি দৌড় অনুশীলন শুরু করেছেন। প্যাড-ট্যাড পায়ে লাগিয়ে ব্যাট হাতে নেট প্র্যাকটিসটাও শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই।
পুরো বিষয়টিই আশার আলো ছড়িয়েছে অস্ট্রেলীয় ক্রিকেট ব্যবস্থাপনায়। তাদের জোর প্রত্যাশা, বিশ্বকাপটা হয়তো ক্লার্ক শেষ পর্যন্ত খেলবেনই। ক্রিকেট অস্ট্রেলিয়ার সাইকোথেরাপিস্ট অ্যালেক্স কউন্টোরিস জানিয়েছেন তাঁর দৌড় অনুশীলন ও ব্যাটিং শুরু করার কথা, ‘হ্যাঁ, ক্লার্ক খুব দ্রুতই সুস্থ হয়ে উঠছে। আমরা আশাবাদী। সে ইতিমধ্যেই দৌড়ানো শুরু করেছে। নেটে ব্যাটিং অনুশীলনও করছে।’
গত রোববার মেলবোর্নে শল্যবিদের সঙ্গে দেখা করেছেন ক্লার্ক। তিনি নাকি ক্লার্কের সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ায় দারুণ খুশি। কউন্টোরিসের মতে, ‘ক্লাক সুস্থ হয়ে ওঠার পথে খুব ভালোভাবেই এগিয়ে আছেন। শল্যবিদ এমনটাই বলেছেন। আশা করা যায় ২১ ফেব্রুয়ারির মধ্যেই আমরা তাঁর ব্যাপারে সুখবর জানাতে পারব।’
ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে মারাত্মক হ্যামস্ট্রিং চোটে আক্রান্ত হন ক্লার্ক। এর আগে অবশ্য পিঠের ব্যথা তাঁকে যথেষ্ট ভোগাচ্ছিল। প্রথম টেস্টটি খেললেও দ্বিতীয় টেস্ট থেকে তিনি দলের বাইরে চলে যান। তাঁর অনুপস্থিতির জায়গাটা অবশ্য ভালোভাবেই পূরণ করেছেন তরুণ তুর্কি স্টিভেন স্মিথ। চলমান ত্রিদেশীয় সিরিজে দলকে নেতৃত্ব দিচ্ছেন জর্জ বেইলি। ক্লার্ক নিজে অবশ্য চোটের সঙ্গে লড়েই ২০১৯ সালের পরবর্তী বিশ্বকাপ পর্যন্ত ক্যারিয়ার টেনে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। সূত্র: এনডিটিভি অনলাইন।