আশার কথাই শোনালেন মুশফিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুশফিকুর রহিম। ফাইল ছবি
মুশফিকুর রহিম। ফাইল ছবি

মুশফিকুর রহিমের জন্য এ আর নতুন কী! নিয়মিতই ব্যাখ্যা করতে হয় পরাজয়ের কারণ। সঙ্গে শোনাতে হয় আশার গানও। বিষয়টি কেমন লাগে বাংলাদেশ অধিনায়কের? এ প্রশ্নের উত্তর দেওয়া কঠিনই। কোন অধিনায়কের মন চায় বারবার পরাজয়ের ফিরিস্তি দিতে! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেন্ট ভিনসেন্ট টেস্টে ১০ উইকেটের পরাজয়ের পরও শোনালেন সেই পুরোনো আশার বাণী।
বাংলাদেশ অধিনায়ক অবশ্য দলের সবার ঢাল হয়ে দাঁড়লেন এবং পরাজয়ের অন্যতম কারণ হিসেবে দাঁড় করালেন ‘ক্লান্তি-তত্ত্ব’। বললেন, ‘অনেক দিন পর টেস্ট খেলছি। ফলে খেলোয়াড়দের কিছুটা ক্লান্ত দেখাচ্ছিল। তবে শেষ দিকে সবাইকে ইতিবাচকই দেখা গিয়েছে।’
এ ম্যাচে অন্যতম প্রাপ্তি অভিষেকে তাইজুল ইসলামের পাঁচ উইকেট। মুশফিক বললেন, ‘গত কয়েক বছর প্রথম শ্রেণির ক্রিকেটে দুর্দান্ত খেলেছে তাইজুল। মুমিনুলও দারুণ ছাপ রেখে চলেছে। সব খেলোয়াড়ই ভালো। যদি সবাই নিজেদের কাজটা সঠিকভাবে করে, তবেই আমরা ভালো ফল পাব।’
সাকিবের অনুপস্থিতি আবারও অনুভূত হলো বাংলাদেশ দলে। মুশফিক বললেন, ‘সাকিব না থাকলে আমাদের একজন অতিরিক্ত বোলার খেলাতে হয়।’ বাংলাদেশ অধিনায়ক বরাবরের মতো এবারও ‘লুকিং ফরোয়ার্ড’-এর কথাই বললেন। জানালেন, ভুল শুধরে ভালো কিছু করতে চান সিরিজের শেষ টেস্টে।
দুই ম্যাচ সিরিজের শেষ টেস্ট ১৩ সেপ্টেম্বর সেন্ট লুসিয়ায়।