আশার বেলুন ওড়ালেন সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কোনোটাই সমস্যা নয়। তবু যেন সমস্যা! বলা ভালো, মধুর সমস্যা। সাকিব আল হাসান যে বলে যাচ্ছেন, বাংলাদেশ এই সিরিজে ফেবারিট, সেটা আবার দলকে চাপে ফেলে দেবে না তো? কিংবা দুই মাস অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে কাটিয়ে এসে এখন ‘হোম কন্ডিশন’কেই যদি অচেনা মনে হয়!
মিরপুরে কাল ট্রফি উন্মোচন করলেন দুই দেশের ওয়ানডে অধিনায়ক—মাশরাফি বিন মুর্তজা ও আজহার আলী। তবে আইসিসির নিষেধাজ্ঞায় আজ বাংলাদেশের প্রথম ওয়ানডের দলে নেই মাশরাফি। সহ-অধিনায়ক সাকিব এই ম্যাচের নেতৃত্বে। গতকাল সে সুবাদেই ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে মধুর কিছু প্রশ্নের মুখোমুখি হলেন সাকিব।
কথার লড়াইটা হয় অস্ট্রেলিয়া-ইংল্যান্ড কিংবা ভারত-পাকিস্তান ম্যাচে। বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচেও সেটা মেনে নেওয়া যায়। তাই বলে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের আবহে এই আমেজ নতুন অভিজ্ঞতাই বটে। ১৯৯৯-এর পর গত ১৬ বছরে যাদের বিপক্ষে একটিও জয় নেই, তাদের বিপক্ষে আরেকটি সিরিজের আগে ‘আমরাই ফেবারিট’ বলে গর্জে ওঠা একটু বাড়াবাড়িই। তবে সাকিব তা না মেনে আবারও উচ্চারণ করলেন, ‘আমরা মনে করি আমরাই ফেবারিট, আমাদের দলটা পাকিস্তানকে হারানোর মতো। আমাদের ক্ষমতা আছে সিরিজ জেতার।’
এখানেই ‘চাপ’ ব্যাপারটা আসছে। আগে থেকে নিজেদের এগিয়ে রাখায় ‘জিততেই হবে’ জাতীয় বাধ্যবাধকতা যদি পাথর হয়ে চেপে বসে? এমন এক প্রশ্নেও সাকিবের হুক, ‘আমরা যখন বলি জেতার সুযোগ কম...অন্য দল খারাপ খেললে আমাদের সুযোগ তৈরি হবে, তখনো আমরা চাপে থাকি। আবার যদি বলি ফেবারিট, তখনো চাপে থাকি। আমরা সব সময়ই চাপে থাকি...বিশেষ করে ঘরের মাঠে। তবে মনে হয় না এটা নিয়ে কেউ চিন্তা করছে।’
‘লাগামহীন ঘোড়া’র মতোই দুরন্ত সাকিবের আত্মবিশ্বাস। পাকিস্তানের বিপক্ষে গত ১৬ বছরে একটিও জয় নেই ধরিয়ে দেওয়ার পরও সেটি একই রকম, ‘যদি আগেই চিন্তা করতে থাকি যে আমরা তো জিতিনি, তাহলে জিতবও না। এমন চিন্তা করলে আমার মনে হয় না কারও পক্ষে জেতা সম্ভব। আমাদের এটা পরিবর্তন করতে হবে। ১৬ বছর হয়নি বলে কখনই হবে না? তাহলে তো বাংলাদেশের ক্রিকেট এখানেই থেকে যাবে!’ পাকিস্তানের বিপক্ষে জয়ের বন্ধ্যাত্ব ঘোচানোর সম্ভাবনা বরং এবারই প্রবলতম মনে হচ্ছে তাঁর কাছে, ‘এখন পর্যন্ত এটাই আমাদের জন্য সেরা সুযোগ পাকিস্তানের সঙ্গে ভালো কিছু করার।’
প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশের কাছে পাকিস্তানের হারে আরও বেশি রঙিন সাকিবের স্বপ্ন। প্রথম ওয়ানডের আগে স্মৃতির ক্যানভাসে ভাসিয়ে তুলছেন পাকিস্তানের বিপক্ষে আরও কিছু সুখস্মৃতি। সাকিব মনে করলেন ২০০৮-এর পাকিস্তান সফর, ২০১২ এশিয়া কাপের কথাও, ‘এশিয়া কাপে দুটি ম্যাচ খেললাম, দুটি ম্যাচেই জেতার সম্ভাবনা ছিল। ২০১৪ এশিয়া কাপে তো এত কাছাকাছি ছিলাম যে, একটু এদিক-ওদিক হলেই জয় পাওয়া সম্ভব হতো।’
আফসোসের এই বৃত্ত ভাঙার প্রতিজ্ঞা খেলোয়াড়দের কণ্ঠে। আগের দিন মাশরাফি, মাহমুদউল্লাহ, তামিম আর নাসিরের বলা কথাগুলো কাল সাকিবও বারবার বললেন, পাকিস্তানের বিপক্ষে এবার অন্য কিছু হবে! সত্যি বলতে, ২০১৫ বিশ্বকাপ বাংলাদেশের ক্রিকেটকে যে নতুন আলো দেখিয়েছে, ওয়ানডের সহ-অধিনায়কের কথাগুলো সেই আলোর পথে ছোটারই আহ্বান। নিজেদের ফেবারিট বলার পক্ষে সাকিব যুক্তি হিসেবে তুলে ধরেছেন প্রতিপক্ষের তারুণ্যনির্ভরতাকেও। তাই বলে পাকিস্তানকে কোনোভাবেই অশ্রদ্ধা করছেন না, ‘আমরা পাকিস্তানকে কোনোভাবেই ছোট করছি না। তারা অবশ্যই ভালো দল, অনেক ম্যাচ উইনার আছে। তাদের সঙ্গে জিততে হলে ভালো ক্রিকেট খেলতে হবে।’
একটু আলাদা করে প্রায় আট মাস পর দলে ফেরা অফ স্পিনার সাঈদ আজমলের কথাও বললেন। অ্যাকশন বদলানোয় আজমলের বোলিং আগের মতো ভয়ংকর হবে কি না, তা নিয়ে সংশয় প্রকাশ করলেও তাঁর অভিজ্ঞতাটা ভুলছেন না সাকিব। তবে ‘পাকিস্তানের বোলিং বনাম বাংলাদেশের ব্যাটিং’ লড়াইয়ে সমান নম্বর দিচ্ছেন দুই পক্ষকেই, ‘ওদের যে বিশ্বসেরা বোলার আছে, সেটা নিয়ে কোনো দ্বিমত নেই। কিন্তু আমরা এটাও বিশ্বাস করি, আমাদের এখন বিশ্বসেরা ব্যাটসম্যান আছে।’
‘ফেবারিট’ বাংলাদেশ দলের আত্মবিশ্বাস মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাস্তবতার পাখা মেলবে, এই বিশ্বাস যে ক্রিকেটপ্রেমীদের মনেও আছে, প্রথম ওয়ানডের টিকিটের বিরাট চাহিদাই সেটি বলে দিচ্ছে। আর সাকিব কাল সংবাদ সম্মেলনে যে রকম আশার বেলুন উড়িয়ে দিলেন, স্বপ্নের পরিধি তাতে বাড়বেই।
তার মধ্যেই আবার শঙ্কা—অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের কন্ডিশনে দুই মাস খেলে আসার পর ঘরের মাঠে পর না হয়ে যান ক্রিকেটাররা! মুচকি হাসিতে সাকিবের জবাব ভাসিয়ে নিয়ে গেল সে শঙ্কাও, ‘এটা আমাদের নিজেদের মাঠ। আমরা সারা জীবন এখানেই খেলছি। দুই মাস-তিন মাস অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড ছিলাম বলে খুব একটা সমস্যা হবে না। বাসা তো বাসাই...।’