আশা-নিরাশায় রাজ্জাক

কলাবাগান ক্রীড়াচক্র আর ক্রিকেট একডেমির ম্যাচে তখন মাঝবিরতি। স্কোরকার্ড বলছে, ৩ উইকেট নিয়ে অন্যতম সফল বোলার আবদুর রাজ্জাক। ঠিক তখন, বিসিবি কার্যালয়ের সিঁড়ির পাশেই চলছিল অভিজ্ঞ এই বাঁহাতি স্পিনারের ভবিষ্যৎ পথচলা নিয়ে আলোচনা। প্রধান নির্বাচক ফারুক আহমেদ যা বললেন, তাতে আশার ছবি যেমন দেখতে পারেন রাজ্জাক, তেমনি হতে পারেন শঙ্কিতও!
প্রধান নির্বাচকের কাছে প্রশ্নটি ছিল দুজনকে নিয়ে—রাজ্জাক ও নাসির হোসেন। দুজনই পরীক্ষিত, কিন্তু এখন দলের বাইরে। বিশ্বকাপের ৩০ জনের দলে আছেন দুজনই। কিন্তু মাস খানেক পর দলটি যখন নেমে আসবে অর্ধেকে, তখন কি ঠাঁই মিলবে এই দুজনের?
ফারুক আহমেদ একটু সময় নিয়ে গুছিয়েই উত্তর দিলেন, ‘দেখুন, দুজনই আমাদের পরীক্ষিত পারফরমার। একজন অনেক দিন সার্ভিস দিয়েছে দলকে, আরেকজনও খুব ভালো খেলেছে আন্তর্জাতিক ক্রিকেটে এসেই। চূড়ান্ত দলেও দুজনকে বিবেচনা করা হবে অবশ্যই। প্রিমিয়ার লিগের পারফরম্যান্সও দেখা হবে। দলের কম্বিনেশনও বিবেচনায় নেওয়া হবে। দরজা বন্ধ নয় কারও জন্যই। তবে শুধু ব্যাটিং-বোলিং নয়, ফিটনেস ও ফিল্ডিংটাকেও জোর বিবেচনায় নেওয়া হবে।’
প্রধান নির্বাচকের কথায় নাসির আশায় বুক বাঁধতেই পারেন। পারেন রাজ্জাকও, তবে খটকা ওই শেষ লাইনটায়—‘ফিটনেস ও ফিল্ডিং।’ নাম উল্লেখ না করে বললেও বুঝতে অসুবিধা হয় না, প্রধান নির্বাচকের ইঙ্গিত কার দিকে। রাজ্জাকের ফিটনেস ও ফিল্ডিং প্রশ্নবিদ্ধ বেশ কিছুদিন থেকেই! ঢাকা প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে ১২ উইকেট, ব্যাট হাতে টুকটাক কিছু রানের পরও তাই শঙ্কায় থাকতে পারেন দেশের সফলতম ওয়ানডে বোলার।
গত দুটি বিশ্বকাপেই রাজ্জাক ছিলেন দলের অপরিহার্য অংশ। কাল ঢাকা লিগের ম্যাচ শেষে তাঁর কথা শুনে মনে হলো, তৃতীয় বিশ্বকাপ খেলার ব্যাপারটি এখন নিয়তির হাতে ছেড়ে দিয়েছেন, ‘ফিটনেস নিয়ে একটু সমস্যা ছিল। এ জন্য সে সময় তাই ফিল্ডিং নিয়ে বাড়তি কাজ করতে পারিনি। এখন চেষ্টা করছি ফিটনেস-ফিল্ডিংয়ে উন্নতির। আমি আমার কাজ করে যাব, চেষ্টা করব পারফর্ম করতে। বাকিটা যা হওয়ার হবে।’
রাজ্জাক দলের অপরিহার্য অংশ ছিলেন কিছুদিন আগ পর্যন্তও। কিন্তু গত কিছুদিনে আগের সেই ধার দেখা যায়নি রাজ্জাকের বোলিংয়ে। সর্বশেষ ১২ ওয়ানডেতে পেয়েছেন ৭ উইকেট। ফিটনেস সমস্যা আর পড়তি ফর্ম—দুইয়ে মিলে এমন একটি ব্যাপার দেখা গেল, কিছুদিন আগেও যা ছিল অবিশ্বাস্য। দেশের মাটিতে এবং জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে নেই রাজ্জাক! দিনগুলো ভীষণ যন্ত্রণার ছিল রাজ্জাকের জন্যও, ‘খুব কষ্টকর ছিল দলের বাইরে থাকা। দিন কাটানোই মুশকিল ছিল আমার জন্য।’
প্রাথমিক দলে নাম দেখে অবশ্য স্বস্তি পেয়েছেন। পেয়েছেন নিজের ঘাটতিগুলো নিয়ে কাজ করার অনুপ্রেরণা। ক্যারিয়ারের সায়াহ্নে এখন তাঁর আরেকবার লড়াই, নির্বাচকদের মন কাড়ার!