আশিকুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আশিকুর রহমান
আশিকুর রহমান

গায়ে বার্সেলোনার জার্সি। ক্লাবের লোগোও আছে। কিন্তু জার্সির রংটা বার্সার ‘হোম’ বা ‘অ্যাওয়ে’ কোনোটির সঙ্গেই মিলছে না। মিলছে বাংলাদেশের সবুজ রঙের সঙ্গে।
শহীদ জুয়েল স্ট্যান্ডের একেবারে ওপরের সারিতে বসে আছে ছেলেটা। একা, নিবিষ্ট মনে খেলা দেখছে। লাঞ্চের পর দ্বিতীয় ওভারে তাইজুলের বলে আজহার আলী একটা চার মারায় ‘ওহ হো’ বলে আফসোসও করে উঠল। জিজ্ঞেস করে জানা গেল, আশিকুর রহমান প্রথম বল থেকেই মাঠে।
আশিক থাকে কুড়িল। আদর্শ বিদ্যাপীঠ স্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখন ফলের অপেক্ষায়। খেলাধুলায় খুবই আগ্রহ। টেলিভিশনে ফুটবল-ক্রিকেট তো দেখেই, এমনকি রাগবিও বাদ যায় না। ‘রাগবি বোঝেন?’ ‘সব নিয়ম এখনো বুঝে উঠিনি, কিন্তু দেখতে খুব মজা লাগে।’ বেশি পছন্দ ক্রিকেটই। এখানে যে বাংলাদেশ বিশ্বকাপ খেলে। তিন ফরম্যাটের ক্রিকেটে বাংলাদেশের তিনজন আলাদা খেলোয়াড় তার পছন্দ। টেস্টে মুমিনুল, ওয়ানডেতে মুশফিক আর টি-টোয়েন্টিতে মুস্তাফিজ।
‘কিন্তু মুস্তাফিজ তো এই সেদিন এলেন জাতীয় দলে?’ ‘জানি তো। কিন্তু এক ম্যাচ দেখেই তাকে ভালো লেগে গেছে।’ এমন খেলাপ্রেমী অথচ কালই প্রথম মাঠে এসেছে খেলা দেখতে! কেমন লাগছে? আশিকের জবাব, ‘টিভিতে না মাঠটা অনেক বড় লাগে। আসলে এত বড় না তো!’