আশির দশক ফিরে আসছে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বপ্ন না দুঃস্বপ্ন? কী বলবেন একে?
জোয়েল গার্নার, ম্যালকম মার্শাল, অ্যান্ডি রবার্টস ও মাইকেল হোল্ডিং খেলছেন একই দলে। ভয়ংকর গতি আর বাউন্সারে প্রতিপক্ষের ব্যাটসম্যানদের আত্মা কাঁপিয়ে দেওয়া এই চারজনের কেউ অনুপস্থিত থাকলে সে জায়গা নিতে কলিন ক্রফট তো ছিলেনই! তবে ‘ভয়ংকর চার’ বললে প্রথম চারজনের নামই মাথায় আসে। এই পেস চতুষ্টয়কে হাতে পাওয়া যদি কোনো অধিনায়কের স্বপ্ন হয়, তবে প্রতিপক্ষের জন্য অবশ্যই সেটা দুঃস্বপ্ন।
ডেভিড হাসির কথা যদি সত্যি হয়, তাহলে আশির দশকের ওরকম দিন আবার ফিরে আসছে ক্রিকেটে! তবে ওয়েস্ট ইন্ডিজ নয়, ঈর্ষা-জাগানিয়া এমন পেস আক্রমণ এখন অস্ট্রেলিয়ারই আছে! মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, প্যাট কামিন্স ও জেমস প্যাটিনসনই এমন স্বপ্ন দেখাচ্ছেন সাবেক অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে। চ্যাম্পিয়নস ট্রফির দলে ডাক পাওয়া এই চার পেসারকে সম্ভাব্য সেরা স্তুতিতে ভাসিয়েছেন হাসি, ‘এরা সম্ভবত ওয়েস্ট ইন্ডিজের পর সবচেয়ে রোমাঞ্চকর চার ফাস্ট বোলার-জুটি।’
সত্তর ও আশির দশকের ক্যারিবীয় পেসারদের ভক্ত হাসি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন কেন তাঁরা অত ভয়ংকর ছিলেন, ‘ওয়েস্ট ইন্ডিজের ওই যুগে খেলিনি কিন্তু তাঁদের খেলতে দেখতে আমার ভালো লাগত। এমনকি ডিভিডিতেও তাঁদের বোলিং দেখতে ভালো লাগে। তাঁরা ব্যাটসম্যানদের মনে ভয় জাগাতেন। ভয়ংকর জোরে বল করতেন, শর্ট বল করতেন, তাঁরা খুব কমই ফুল লেংথে বল করতেন।’
এ কারণেই অস্ট্রেলিয়ার এই বোলিং আক্রমণ নিয়ে এত রোমাঞ্চিত হাসি। চার বোলারই নিয়মিত ১৪০ কিলোমিটার গতিতে বল করতে পারেন, শর্ট বল করতেও আপত্তি নেই তাঁদের। আবার চারজনের শক্তির জায়গাটাও ভিন্ন, ‘মিচেল স্টার্ক বল করে ডানহাতি ব্যাটসম্যানের জন্য ইনসুইঙ্গিং ইয়র্কার। হ্যাজলউড ডানহাতিদের আউটসুইং বল করে আবার উইকেটকে ব্যবহার করে ভেতরেও ঢোকাতে পারে। ওরা সব সময় ব্যাটসম্যানকে আক্রমণ করে আউট করতে চায়। কামিন্স, প্যাটিনসনসহ এই চারজনকে নামিয়ে দিন, তাহলে দেখার জন্য দারুণ এক দল পাচ্ছেন।’
অবশ্য চোটের কারণে স্টার্ককে চ্যাম্পিয়নস ট্রফিতে পাওয়া যাবে কি না, তা নিয়ে দুশ্চিন্তা আছে। সে ক্ষেত্রে প্রতিপক্ষকে গতিতে ত্রস্ত রাখার দায়িত্ব নিতে হবে কামিন্স ও প্যাটিনসনকে। ২০১১ সালে প্রায় একই সময়ে অভিষিক্ত এ দুজনও বারবার হার মেনেছেন চোটের কাছে। তবে হাসি নিশ্চিত, পরিণত এ দুজন এখন দায়িত্ব নিতে প্রস্তুত, ‘কামিন্স জোরের ওপর সুইং করাতে পারে। সে শর্ট বল ও ইয়র্কারও দেয়। শুধু শারীরিকভাবে ভয় দেখায় না, উইকেটও নেওয়ার চেষ্টা করে। প্যাটিনসনও এখন অনেক আত্মবিশ্বাসী। খুব দ্রুত বল করছে, সুইং হচ্ছে।’ সিডনি মর্নিং হেরাল্ড।