আসছে আইপিএল 'টু'?

পছন্দ করুন আর না-ই করুন, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটকে বদলে দিয়েছে এটা মানতেই হবে। খেলোয়াড়দের মানসিকতা বদলে দিয়েছে, ব্যাটিংয়ের ব্যাকরণ পাল্টে দিয়েছে। একটা সময় যেখানে ৩০০-কে মনে হতো প্রায় অনতিক্রম্য স্কোর, সেখানে এখন ৩৭০-৮০ করেও একটা দল স্বস্তির নিশ্বাস ফেলতে পারছে না। তবে ক্রিকেটীয় ধারণায় পরিবর্তনের বাইরেও আইপিএলের সবচেয়ে বড় অবদান-ক্রিকেটকে বাণিজ্যের অন্যতম উপকরণ হিসেবে উপস্থাপন করা।
পুরো বিশ্বে ফুটবলের সঙ্গে হয়তো তীব্র প্রতিযোগিতায় হেরে যাবে, তবে উপমহাদেশে বাণিজ্যের পণ্য হিসেবে ক্রিকেটকে পেছনে ফেলা কঠিনই। ধুম-ধাড়াক্কা ব্যাটিং, চার-ছয়ের ফুলঝুরি, সময়ও লাগে কম। সঙ্গে বোনাস হিসেবে গ্যালারিতে বলিউড তারকাদের উপস্থিতি। আইপিএলের জনপ্রিয়তা তাই বেড়েই চলেছে। এ জন্যই কিনা, আইপিএলের আদলে আরও একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট করার চিন্তা ভাবনা করছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ধারণাটি এসেছে এবারের আইপিএলে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহী প্রতিষ্ঠানের নিলাম-যুদ্ধ দেখে। ২০১৩ আইপিএলে স্পট ফিক্সিংয়ের দায়ে চেন্নাই ও রাজস্থানের দল দুটিকে নিষিদ্ধ করে ভারতের আদালত। ফাঁকা স্থান পূরণ করতে আসছে দুটি নতুন ফ্র্যাঞ্চাইজি-পুনে ও রাজকোট। আর এই দুটি ফ্র্যাঞ্চাইজির মালিকানা পেতে নিলামে নেমেছিল অনেকগুলো প্রতিষ্ঠান। আর ব্যবসায়িক লাভালাভের কথা চিন্তা করে বিসিসিআই পরিকল্পনা করতে শুরু করে দিয়েছে, আরেকটা নতুন টি-টোয়েন্টি লিগ শুরু করা যায় কিনা!
বিসিসিআই সচিব অনুরাগ ঠাকুর নিশ্চিত করেছেন এমন পরিকল্পনার কথা। দ্য ইকোনোমিক টাইমসকে অনুরাগ বলেছেন, আইপিএলের দল কিনতে অনেক প্রতিষ্ঠানের আগ্রহ দেখার পর আমরা ব্যাপারটা নিয়ে ভাবছি।
তবে বছরজুড়ে ক্রিকেটের যে ব্যস্ত সূচি থাকে, তাতে আরেকটি আইপিএলের জায়গা হবে কীভাবে? এখানেই উঠে এসেছে বাণিজ্যিক লাভালাভের বিষয়টি। আইপিএল সহ বিশ্বের আরও কয়েকটি টি-টোয়েন্টি লিগের শিরোপাজয়ীদের নিয়ে যে চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টি আয়োজন করা হতো, সেটি খুব একটা দর্শক টানতে পারেনি। এরই মধ্যে বাতিলও হয়ে গেছে টুর্নামেন্টটি। আর ওই টুর্নামেন্টের সময়টাতেই প্রস্তাবিত নতুন টি-টোয়েন্টি লিগ আয়োজন করতে চায় বিসিসিআই।
তবে প্রশ্ন উঠেছে, নতুন টুর্নামেন্টই কেন? দলের মালিকানা পেতে আগ্রহীর সংখ্যা বেশি হলে এখনকার আইপিএলে দলের সংখ্যা বাড়ালেই তো হয়। ৮ থেকে বাড়িয়ে ১০ দলের আইপিএলও তো করা যায়। কেন তা ভাবছে না বিসিসিআই, সেটিরও ব্যাখ্যা দিলেন অনুরাগ ঠাকুর। অনুমিতভাবে সেটিও ক্রিকেট-বাণিজ্যের সঙ্গে জড়িত। আরও স্পষ্ট করে বললে খেলাগুলোর টিভি-সম্প্রচার রেটিংয়ের (টিআরপি) সঙ্গে, যদি ১০ দল হয়, তাহলে আইপিএলের জন্য যে সময় পাওয়া যায়, তাতে সব দলের সূচি তৈরি করা সম্ভব হবে না। এতে বিকাল ৪টার ম্যাচের সংখ্যা বাড়িয়ে দিতে হবে। এগুলো সন্ধ্যার ম্যাচগুলোর মতো টিআরপি দেয় না। খেলার মানও কমে যায়।
দেখা যাচ্ছে, ব্যাট-বলের লড়াই নয়, টিআরপি আর সম্প্রচার স্বত্বই ঠিক করে দিচ্ছে ক্রিকেট সূচি কেমন হবে। অবশ্য পুঁজিবাদের এ যুগে হয়তো এটিই স্বাভাবিক। তথ্যসূত্র: জি নিউজ।