আসছে না অস্ট্রেলিয়া
শেষ পর্যন্ত দুঃসংবাদই এল অস্ট্রেলিয়া থেকে। নিরাপত্তার কারণ দেখিয়ে দুই টেস্টের সিরিজ খেলতে আপাতত বাংলাদেশে আসছে না অস্ট্রেলিয়া ক্রিকেট দল। গতকাল বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) পাঠানো এক ই-মেইলে সফর স্থগিতের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছে অস্ট্রেলিয়ার ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
ক্রিকেট অস্ট্রেলিয়ার সিদ্ধান্তে তাৎক্ষণিকভাবে হতাশা প্রকাশ করেন বিসিবির সভাপতি নাজমুল হাসান। তবে একই সঙ্গে তিনি আশাবাদী, দুই বোর্ডের সুবিধাজনক সময়ে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসবে। গতকাল সন্ধ্যায় গুলশানের নিজ বাসভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বোর্ডপ্রধান বলেন, ‘ওরা সফর বাতিল করেনি, স্থগিত করেছে। তাদের সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। এ মাসেই আইসিসির সভা আছে। ওখানেও এ নিয়ে বিশদ আলোচনা হবে। অচিরেই কীভাবে এই খেলাটা এখানে খেলানো যায়, তা নিয়ে আমরা আলোচনা করব। ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে আমাদের যে সম্পর্ক, আমার বিশ্বাস একটা সময় আমরা বের করে নিতে পারব।’
ক্রিকেট অস্ট্রেলিয়ার সংবাদ বিজ্ঞপ্তিতেও একই কথা বলেছেন তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা জেমস সাদারল্যান্ড। তিনি বলেন, ‘খেলোয়াড়-কর্মকর্তাদের নিরাপত্তাই সবার আগে দেখব আমরা। তবে যত দ্রুত সম্ভব সফরটা করার জন্য আমরা বিসিবির সঙ্গে কাজ করব।’
গত ২৭ ও ২৮ সেপ্টেম্বর পাঁচটি ভিন্ন ফ্লাইটে ২৭ সদস্যের অস্ট্রেলিয়া দলের বাংলাদেশে আসার কথা ছিল। আগামীকাল থেকে ফতুল্লা স্টেডিয়ামে একটি তিন দিনের প্রস্তুতি ম্যাচ ছাড়াও ৯ অক্টোবর থেকে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট ও ১৭ অক্টোবর থেকে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দ্বিতীয় ও শেষ টেস্টটি হওয়ার কথা ছিল।
ঈদের ছুটির মধ্যে হঠাৎ করেই অস্ট্রেলিয়ার নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে সতর্কতা জারি করে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের পরামর্শে অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে নতুন করে ভাবতে শুরু করে সিএ। নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য বোর্ডের নিরাপত্তা-প্রধান শন ক্যারলকে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠায় তারা। সঙ্গে যোগ দেন দলের ম্যানেজার গেভিন ডোভি ও নিরাপত্তা কর্মকর্তা ফ্রাঙ্ক ডিমাসি। মাত্র দেড় দিনের মধ্যে তাঁরা স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে এ দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোর শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন।
মূলত ওই সফরের পর বাংলাদেশের নিরাপত্তা নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ক্যারলের দেওয়া প্রতিবেদনের ভিত্তিতেই কালকের সিদ্ধান্তটি নিয়েছে অস্ট্রেলিয়ার বোর্ড। বিবৃতিতে তারা বলেছে, অস্ট্রেলিয়ার টেস্ট দলের নিরাপত্তার কারণেই আসন্ন বাংলাদেশ সফর স্থগিত করতে বাধ্য হয়েছে সিএ। সিদ্ধান্তটাকে ‘কঠিন’ উল্লেখ করে সাদারল্যান্ড বলেছেন, ‘অস্ট্রেলিয়ান সরকারি সংস্থাগুলোর কাছ থেকে পাওয়া ও আমাদের নিজস্ব নিরাপত্তা পরামর্শকের দেওয়া সাম্প্রতিক তথ্যের ওপর ভিত্তি করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তবে অস্ট্রেলিয়া দলকে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদানের প্রতিশ্রুতির পরও এ রকম একটা সিদ্ধান্তের কোনো কারণ দেখেন না হতাশ বিসিবি সভাপতি নাজমুল হাসান। তিনি বলেন, ‘আমরা তাদের ভিভিআইপি পর্যায়ের নিরাপত্তা, রাষ্ট্রপ্রধানদের যে ধরনের নিরাপত্তা দেওয়া হয়, সে ধরনের নিরাপত্তা দেওয়ার প্রস্তাব করেছিলাম। আমার দৃঢ়বিশ্বাস এই নিরাপত্তার পর কোনোভাবেই খেলার মধ্যে বিঘ্ন ঘটার সুযোগ ছিল না।’
নিরাপত্তাঝুঁকির কথা জানিয়েছিল গোয়েন্দা সংস্থা
অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরকালে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির কথা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছিল একটি গোয়েন্দা সংস্থা। ওই প্রতিবেদনে বলা হয়, অস্ট্রেলিয়া জাতীয় দল বাংলাদেশ সফরকালে দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতিতে স্বার্থান্বেষী মহল কর্তৃক সন্ত্রাসীমূলক ঘটনা সংঘটিত হওয়ার আশঙ্কাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না। প্রতিবেদনটি ২৭ গত সেপ্টেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোজাম্মেল হক খানের কাছে পাঠানো হয়।
প্রতিবেদনে দেশীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে হুমকির চিত্র তুলে ধরে আক্রমণের নয়টি সম্ভাব্য লক্ষ্যবস্তুর কথা উল্লেখ করা হয়। এ ছাড়া অস্ট্রেলিয়ার ক্রিকেট দল বাংলাদেশ সফরকালে হুমকির আশঙ্কা বিবেচনায় নেওয়া উচিত মন্তব্য করে ১৮ দফা সুপারিশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, যুদ্ধাপরাধীদের বিচার, দলটির কেন্দ্রীয় নেতাদের আটক, কাদের মোল্লা, কামারুজ্জামানের ফাঁসির রায় কার্যকরসহ অন্য শীর্ষস্থানীয় নেতাদের মৃত্যুদণ্ডাদেশ, জামায়াতের নিবন্ধন বাতিলসহ সর্বোপরি অস্তিত্বের সংকটের কারণে দলটির নেতা-কর্মীরা বিগত বছরগুলোতে প্রতিনিয়ত যানবাহনের ওপর অতর্কিতে হামলাসহ বিভিন্ন কর্মকাণ্ড সৃষ্টির মাধ্যমে সারা দেশে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি করেছিল। সাম্প্রতিক সময়ে যুদ্ধাপরাধী আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশের রায় আপিল বিভাগে বহাল থাকায় জামায়াত-শিবির যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমের চেষ্টা চালাতে পারে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে হেফাজতে ইসলাম বাংলাদেশ ও আনসারুল্লাহ বাংলা টিমসহ উগ্র মৌলবাদী সংগঠনের কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে। এ ছাড়া নিষিদ্ধঘোষিত হিযবুত তাহ্রীর বাংলাদেশ ও আনসারুল্লাহ বাংলা টিম সামাজিক যোগাযোগমাধ্যমে খুবই সক্রিয় এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন উসকানিমূলক বক্তব্য ও সরকার উৎখাতের জন্য বিভিন্ন ধরনের অপপ্রচারে লিপ্ত রয়েছে। নিষিদ্ধঘোষিত হরকাতুল জিহাদ (হুজি), জামাআতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি) এবং আনসারুল্লাহ বাংলা টিমের কার্যক্রমকে উড়িয়ে দেওয়া যায় না।
এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল গতকাল বলেন, সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে তারা সব ধরনের নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করার মতো প্রয়োজনীয় প্রস্তুতিও তাদের রয়েছে।