আসছে বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ড্যানিয়েল ভেট্টোরি
ড্যানিয়েল ভেট্টোরি

স্কটল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাত দল
বিশ্বকাপে বাংলাদেশের প্রথম জয়টা স্কটল্যান্ডের বিপক্ষে, ১৯৯৯ সালে। সেই স্কটল্যান্ড এবারও বাংলাদেশের গ্রুপে। এর মাঝে অবশ্য ২০০৭ সালে আরও একবার বিশ্বকাপ খেলেছে স্কটল্যান্ড। কিন্তু জয় পায়নি একটিও। প্রথম জয়ের প্রত্যাশায় থাকা স্কটল্যান্ড পরশু ঘোষণা করেছে তাদের চূড়ান্ত বিশ্বকাপ দল। যেখানে আছেন কাইল কোয়েটজার, ফ্রেডেরিক কোলম্যান ও ম্যাট ম্যাচানের মতো কাউন্টিতে খেলার অভিজ্ঞতাসম্পন্ন ক্রিকেটার। ১৫ জনের দলে একমাত্র পাকিস্তানি বংশোদ্ভূত অলরাউন্ডার মাজিদ হক খেলেছেন ২০০৭ বিশ্বকাপেও। বাকি সবার অবশ্য ওয়ানডে অভিষেকই হয়েছে ওই বিশ্বকাপের পর। স্কটিশদের সহকারী কোচ হিসেবে আছেন সাবেক ইংলিশ অধিনায়ক পল কলিংউড।
চূড়ান্ত দল ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত। ১৯৯৬ বিশ্বকাপে খেলা আমিরাত দল এবারও যথারীতি পাকিস্তানি, ভারতীয় ও শ্রীলঙ্কান বংশোদ্ভূত খেলোয়াড়দের নিয়েই গড়া। আরব আমিরাতে জন্মগ্রহণ করেছেন এমন ক্রিকেটার আছেন মাত্র তিনজন—অধিনায়ক মোহাম্মদ তৌকির, আমজাদ জাভেদ ও ফাহাদ আল হাশমি। এবার আমিরাতের কোচ ১৯৯২ সালে পাকিস্তানের বিশ্বকাপজয়ী দলের সদস্য আকিব জাভেদ। আইসিসি বিজ্ঞপ্তি।
স্কটল্যান্ড দল: প্রেস্টন মমসেন (অধিনায়ক), কাইল কোয়েটজার, রিচি ব্যারিংটন, ফ্রেডেরিক কোলম্যান, ম্যাথু ক্রস (উইকেটকিপার), জশ ডেভি, অ্যালাসডায়ার ইভান্স, হামিশ গার্ডিনার, মাজিদ হক, মাইকেল লেস্ক, ম্যাট ম্যাচান, ক্যালাম ম্যাকলিওড, সাফিয়ান শরিফ, রবার্ট টেলর, ইয়ান ওয়ার্ডল।
সংযুক্ত আরব আমিরাত দল: মোহাম্মদ তৌকির (অধিনায়ক), খুররম খান (সহ-অধিনায়ক), স্বপ্নীল পাতিল, সাকলায়েন হায়দার, আমজাদ জাভেদ, শায়মান আনোয়ার, আমজাদ আলী, নাসির আজিজ, রোহান মোস্তফা, মানজুলা গুরুজি, অ্যান্ড্রি বেরেঙ্গার, ফাহাদ আল হাশমি, মোহাম্মদ নাভিদ, কামরান শেহজাদ ও কৃষ্ণ কারাতে।
ভেট্টোরিদের নিউজিল্যান্ড প্রস্তুত
১৯৯৯ বিশ্বকাপে নিউজিল্যান্ড দলে ছিলেন কিন্তু মাঠে নামা হয়নি। তবে পরের তিনটি বিশ্বকাপে খেলেছেন ড্যানিয়েল ভেট্টোরি। এই চার বিশ্বকাপের অভিজ্ঞতা থেকেই সাবেক কিউই অধিনায়কের বিশ্বাস, বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড এবারই সবচেয়ে ভালোভাবে প্রস্তুত, ‘আমার আগের চার বিশ্বকাপে দলের মধ্যে একটা অস্থিরতা দেখেছি। কিন্তু এই দলটিকে জমাট মনে হচ্ছে, যারা বিশ্বকাপের জন্য প্রস্তুত।’
ক্রাইস্টচার্চে আজ প্রথম ম্যাচ দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ৭ ম্যাচের সিরিজ শুরু নিউজিল্যান্ডের। আগের দিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়েই বিশ্বকাপে ব্রেন্ডন ম্যাককালাম ও তাঁর দলের ওপর নিজের আস্থার কথা জানালেন ৩৬ ছুঁই ছুঁই ভেট্টোরি, ‘অতীতে বিশ্বকাপে পা হড়কেছে আমাদের। কিন্তু এবার দলটা সবদিক থেকেই গোছাল, সবাই ভালো করছে।’
বছর দুয়েক আগে মাইক হেনসেনকে কোচ এবং ব্রেন্ডন ম্যাককালামকে অধিনায়কের দায়িত্ব দেওয়ার পর দলের আত্মবিশ্বাসও বেড়েছে বলে মনে করেন ভেট্টোরি। শ্রীলঙ্কার বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ও বাড়িয়ে দিয়েছে দলের মনোবল, ‘কতটা ভালো খেলে যে ছেলেরা টেস্ট সিরিজ জিতল, সেটিকে আপনি খাটো করে দেখতে পারেন না। এই সিরিজ আমার মতো সবাইকে আত্মবিশ্বাস জুগিয়েছে। যারা সিরিজ খেলেনি তারাও আত্মবিশ্বাসী। আত্মবিশ্বাসে আমরা টইটম্বুর।’
শ্রীলঙ্কার বিপক্ষে ৭ ম্যাচের ওয়ানডে সিরিজের পর এবং বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড আরও দুটি ওয়ানডে খেলবে পাকিস্তানের সঙ্গে। কিউইদের বিশ্বকাপ প্রস্তুতি তাতে আরও এগিয়ে যাবে বলে মনে করেন বিশ্বকাপে ২৩ ম্যাচ খেলা ভেট্টোরি। রয়টার্স।
থাকছেন না লায়ন!
হতে পারেন তিনি অস্ট্রেলিয়ার এক নম্বর স্পিনার। কিন্তু বিশ্বকাপ দলে সম্ভবত জায়গা হচ্ছে না নাথান লায়নের। অন্তত অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের গুঞ্জনটা এমনই। আজই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করার কথা অস্ট্রেলিয়ার। তবে সেখানে লায়নের নাম নেই বলে প্রায় নিশ্চিত করে দিয়েছে অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যম। অলরাউন্ডার ও ফাস্ট বোলারে ঠাসা অস্ট্রেলিয়া দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে নাকি জায়গা পেতে যাচ্ছেন জেভিয়ার ডোহার্টি। চোট থেকে সময়মতো সেরে উঠতে পারেন কি না সেই শঙ্কা থাকলেও মাইকেল ক্লার্ককেই বিশ্বকাপে অধিনায়ক হিসেবে রাখছেন অস্ট্রেলিয়ান নির্বাচকেরা। ক্রিকইনফো।