আসছে বিশ্বকাপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের তিন স্ট্যান্ডবাই
বিশ্বকাপ দলে জায়গা হয়নি। তবে সেই হতাশার মধ্যে এই খবরটা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে তিন পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিক, সোহেল তানভির আর আজহার আলীকে। তিনজনকে স্ট্যান্ডবাই (বিকল্প) রেখেছেন পাকিস্তানের নির্বাচকেরা। চূড়ান্ত দলে থাকা কেউ চোটে পড়লে বিশ্বকাপ দলে জায়গাও পেয়ে যেতে পারেন এঁদের কেউ। আর জায়গা পাওয়ার সম্ভাবনা যে নেই, তা কিন্তু নয়। এই তো কিছুদিন আগেই চোট পেয়েছেন ১৫ জনের দলে থাকা পেসার জুনাইদ খান। তাঁর জায়গায় বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ডাকা হয়েছে বিলওয়াল ভাট্টিকে। তবে বিশ্বকাপ শুরুর আগে যদি জুনায়েদ পুরো ফিট হতে না পারেন, সে ক্ষেত্রে তাঁর বিকল্প হিসেবে কাউকে তো নিতেই হবে। সেটা বিলওয়াল হতে পারেন, আবার স্ট্যান্ডবাই থাকা সোহেল তানভিরও হতে পারেন। পাকিস্তানি সংবাদমাধ্যমের গুঞ্জন, কিছুটা চোটের সমস্যা আছে চূড়ান্ত দলে থাকা সোহেব মাকসুদ ও ওয়াহাব রিয়াজেরও। সেই চোট যদি গুরুতর হয়ে যায়, তাহলে দলে ঢুকে যেতে পারেন আজহার আলী কিংবা শোয়েব মালিকও। পিটিআই।

নাথান লায়ন
নাথান লায়ন

হতাশ নন লায়ন!
ভারতের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করেছেন। ৪ টেস্টে ২৩ উইকেট নাথান লায়নের। তার আগে সংযুক্ত আরব আমিরাতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট আর ওয়ানডে সিরিজেও পারফরম্যান্স মন্দ নয়। তার পরও অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে জায়গা হয়নি নাথান লায়নের। জেভিয়ার ডোহার্টির ওপর আস্থা রেখেছেন নির্বাচকেরা। কিছুটা কি হতাশ লায়ন? ইএসপিএনের এমন প্রশ্নে অস্ট্রেলিয়ান স্পিনারের জবাব, ‘না আমি এতে অভ্যস্ত হয়ে গেছি। শেষ ম্যাচটা খেলার পর আমাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সেই বিশ্রাম থেকেই দল থেকে বাদ পড়ে গেলাম।’ কেন হতাশ নন, সেটা ব্যাখ্যাও করেছেন অস্ট্রেলিয়ান অফ স্পিনার, ‘সত্যি বললে, টেস্ট সিরিজ শুরুর আগেই আমাকে বলা হয়েছিল, আমি বিশ্বকাপ দলে থাকব না। আগে থেকেই যেহেতু জানতাম, এ নিয়ে দুশ্চিন্তার কিছু ছিল না।’ ক্রিকইনফো।

আফগানিস্তানের স্বপ্ন
বিশ্বকাপ তারা আগেও খেলেছে। তবে সেটা ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপ। ৫০ ওভারের বিশ্বকাপে এবারই প্রথম আফগানিস্তান। তবে নতুন বলে পরাশক্তিদের ভয়ে কাঁপছে না আফগানরা। বরং অভিষেকেই বড় দলগুলোকে চমকে দিতে চান আফগানিস্তানের ইংলিশ কোচ অ্যান্ডি মোলস, ‘আয়ারল্যান্ড গত দুটি বিশ্বকাপে দারুণ খেলেছিল৷ নিজেদের সেরাটা খেলেই বড় দলগুলোকে চমকে দিয়েছিল৷ এবার আমরাও তেমন কিছু করতে পারব বলে আশা করছি৷’ সাবেক কোচ কবির খানের জায়গায় গত বছর সেপ্টেম্বরে দায়িত্ব নিয়েছেন মোলস৷ বিশ্বকাপ তাই তাঁর কাছেও অগ্নিপরীক্ষা। তবে নিজের দল নিয়ে মোলস কিন্তু দারুণ আশাবাদী, ‘ছেলেদের ওপর আমার আস্থা আছে। আফগান ক্রিকেটের উন্নতির জন্য যেভাবে খরচ করা হচ্ছে তাতে আগামী পাঁচ বছরের মধ্যেই বড় দলগুলোকে হারাতে শুরু করব আমরা। আমি চাই না আফগানিস্তানও কেনিয়ার মতো ক্রিকেট থেকে মাঝপথে হারিয়ে যাক৷’ মেইল অনলাইন।