আসছে শচীনের আত্মজীবনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

চব্বিশ বছরের ক্রিকেট-জীবন তাঁর। মাঠে ও মাঠের বাইরে আছে অজস্র ব্যক্তিগত স্মৃতি। নানামুখী অভিজ্ঞতার আধার তিনি। ক্রিকেট-রোমান্টিকদের জন্য তাঁর একটি উক্তি কিংবা বক্তব্য হতে পারে চরম প্রার্থিত বস্তু, অমূল্য আকাঙ্ক্ষার বিষয়। হ্যাঁ, শচীন টেন্ডুলকার যদি তাঁর ক্রিকেট ও ব্যক্তিগত জীবন নিয়ে কোনো লেখা লেখেন, সেটা হতে পারে পড়ুয়াদের জন্য দারুণ আকর্ষণের এক বিষয়। টেন্ডুলকার সেই আকর্ষণই ছড়িয়ে দিতে যাচ্ছেন বিশ্বময়। আসছে নভেম্বর মাসে প্রকাশিত হতে যাচ্ছে তাঁর আত্মজীবনী গ্রন্থ।

সম্প্রতি টুইটারে টেন্ডুলকার নিজেই তাঁর আত্মজীবনী প্রকাশের দিন-ক্ষণ ঘোষণা করেছেন। প্লেইং ইট মাই ওয়ে শিরোনামের এই আত্মজীবনীতে তিনি তুলে ধরবেন তাঁর গোটা ক্রিকেট-জীবনের নানা জানা-অজানা তথ্য। এতে থাকবে তাঁর ব্যক্তিগত ও পারিবারিক আখ্যানও।

গত বছরের ১৭ নভেম্বর টেন্ডুলকার সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান। ১৯৮৯-২০১৩ এই ২৪ বছরে টেন্ডুলকার ক্রিকেটের সম্ভব-অসম্ভব প্রায় সব রেকর্ডই নিজের করে নিয়েছেন। আন্তর্জাতিক ক্রিকেটে আছে তাঁর ১০০টি শতরানের অনন্য অর্জন। দেশের হয়ে তিনি জিতেছেন বিশ্বকাপও। ক্যারিয়ারের প্রায় পুরো সময়জুড়েই তিনি ছিলেন যেকোনো বিতর্কের ঊর্ধ্বে, একজন আদর্শ ক্রীড়াব্যক্তিত্ব। তাঁর প্রকাশিতব্য আত্মজীবনী যে এখন থেকেই বিপুল আগ্রহ ও উন্মাদনার জন্ম দেবে, এটা বলাই বাহুল্য। সূত্র: জি নিউজ।