আসছেন না ওয়ার্নার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি তিনটি ওয়ানডে খেলতে পারছেন না, এটা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। ডেভিড ওয়ার্নারের আঙুলের চোট এতটাই গুরুতর যে, দুই টেস্টের সফরে বাংলাদেশেও আসা হচ্ছে না তাঁর।
লর্ডসে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ইংলিশ পেসার স্টিভেন ফিনের বল লেগেছিল ওয়ার্নারের বাঁ হাতের বুড়ো আঙুলে। সঙ্গে সঙ্গেই বেরিয়ে যেতে হয় তাঁকে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের বাকি ম্যাচগুলো খেলা হবে না নিশ্চিত হয়ে যাওয়ার পর দেশের বিমান ধরেছেন অস্ট্রেলিয়ান ওপেনার। তবে যাওয়ার আগে দলকে দিয়ে গেছেন আরও একটা দুঃসংবাদ, ‘এর আগে আঙুলে সামান্য চিড় ধরেছিল, তাতেই ব্যাট হাতে নিতে আমার তিন সপ্তাহ লেগেছিল। এখন আঙুলের যা অবস্থা, অন্তত ছয় সপ্তাহ লাগবে আবারও ব্যাট হাতে নিতে। এতেই বোঝা যাচ্ছে, আমি কী করতে পারব, কী পারব না। আমি আগেও বলেছি, অস্ট্রেলিয়ার হয়ে কোনো টেস্ট মিস করতে চাই না। কিন্তু মনে হয় না, আমি বাংলাদেশ সফরে যেতে পারব।’
এমনিতেই ওপেনার ক্রিস রজার্সের অবসরের পর ওপেনিংয়ে ওয়ার্নারের নতুন সঙ্গীর খোঁজে ছিল অস্ট্রেলিয়া। ওয়ার্নারের চোটের কারণে খুঁজতে হচ্ছে দুজন। সম্ভাব্য দুটি নাম জো বার্নস ও ক্যামেরন ব্যানক্রফট। বার্নস দুটি টেস্ট খেলেছেন, ব্যানক্রফট একেবারেই নতুন। ক্রিস রজার্সের মতো মাইকেল ক্লার্ক ও শেন ওয়াটসনও টেস্ট ক্যারিয়ারের ইতি টেনেছেন। দুই পেসার মিচেল জনসন ও জস
হ্যাজলউডকে বাংলাদেশ সিরিজে বিশ্রাম দেওয়ার কথা জানানো হয়েছে আগেই। সব মিলিয়ে বাংলাদেশ সফরে আসছে নতুন চেহারার এক অস্ট্রেলিয়া দলই।
দুটি টেস্ট খেলতে এ মাসের শেষ দিকে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া। ৯ অক্টোবরে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ঢাকার
মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু ১৭ অক্টোবর। ক্রিকইনফো।